ছবিতে জঙ্গি ও সন্ত্রাসবাদের স্বরূপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গভীর রাত। টেবিলবাতির আলো জ্বলছে মিটিমিটি। জঙ্গিরা দৈত্যের মতো বসেছে গোলটেবিল আলোচনায়। গোপন পরিকল্পনা চলছে। বুলেট, গ্রেনেড, চায়নিজ কুড়ালসহ নানা অস্ত্রশস্ত্র এদিক-ওদিক পড়ে আছে। এটি ‘পারস্পেকটিভ-৫৪’ ছবির দৃশ্য। নানা বয়সী দর্শক মনোযোগ দিয়ে দেখেছেন ছবিগুলো। এ সময় কারও মনে পড়ে ২১ আগস্টের গ্রেনেড হামলার পর পত্রিকায় ছাপানো বীভৎস সেই নারকীয় সব দৃশ্য। কারও চোখে ভাসে বাংলা ভাইয়ের নানা নৃশংসতা-কুকীর্তি। তারপর জঙ্গি ও সন্ত্রাসীদের মনে মনে ধিক্কার জানিয়ে বেরিয়ে আসেন গ্যালারি থেকে। নগরের জেলা শিল্পকলা একাডেমীর গ্যালারিতে ২০-২৩ জানুয়ারি হয়ে যাওয়া পংকজ চৌধুরীর ‘পরিপ্রেক্ষিত’ শিরোনামের চিত্র প্রদর্শনীর দৃশ্য এটি। শিল্পীর দুই বছরের সিরিজ কাজের মধ্য থেকে অ্যাক্রিলিক মাধ্যমের ৩৪টি ছবি প্রদর্শনীতে স্থান পায়। ২০ জানুয়ারি বিকেলে মঙ্গলপ্রদীপ জ্বালিয়ে প্রদর্শনীর উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের অধ্যাপক শিল্পী মনসুর উল করিম। এ সময় আরও প্রদীপ জ্বালান শিল্পী আহমেদ নেওয়াজ, কাজল দেবনাথ প্রমুখ।মনসুর উল করিম বলেন, ‘পংকজ আমার ছাত্র। খুব কাছ থেকে তার কাজের পরিবর্তন-বিবর্তন লক্ষ করেছি। জটিল বিষয়কে সরলভাবে উপস্থাপন এবং পরিমিত রঙের ব্যবহার তার ছবির বৈশিষ্ট্য। ছবিগুলোতে দেখা যাবে নীল রঙের আধিক্য। পংকজ চিত্রকলায় নিজের স্বাতন্ত্র্য রাখতে গিয়ে চিন্তা, মেধা, অভিনিবেশ ও কর্মকৌশলের যে প্রয়োগ করেছে, তা ভেবে দেখার মতো। গতানুগতিক বিষয় থেকে বেরিয়ে আসাটা পংকজের একটি সাহসী পদক্ষেপ।’ আহমেদ নেওয়াজ বলেন, ‘প্রদর্শনী করাটা শিল্পীর কাছে সন্তান প্রসবের মতো কষ্টের এবং আনন্দদায়ক।’নিজের কাজ সম্পর্কে পংকজ চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ, প্রেক্ষাগৃহে বোমা হামলা, ২১ আগস্টের গ্রেনেড হামলা—এসবের অন্তরালের পূর্বপ্রস্তুতি, সেই গোপন ষড়যন্ত্রের পরিবেশ, নেপথ্যে থাকা লোকজন, অপশক্তিগুলোর উত্থান এবং সমাধানের উপায় খোঁজার চেষ্টা এই প্রদর্শনীর মূল উপজীব্য। আমার মনে হয়, যুবসমাজের মধ্যে হতাশা, নানা প্রলোভনে পড়ে সমাজচ্যুত হওয়া, শিক্ষার অন্তর্নিহিত তাৎপর্য দূরে সরে যাওয়া ইত্যাদি থেকেই জঙ্গিবাদ প্রসারিত হচ্ছে। আমি প্রদর্শনীর মধ্য দিয়ে তরুণদের বিপথগামী না হতে উদ্বুদ্ধ করতে চেয়েছি এবং ব্যাপক সাড়া পেয়েছি।’ ২৩ জানুয়ারি সমাপনী দিনে কথা হয় প্রদর্শনী দেখতে আসা ওয়াহিদ হাবিবের সঙ্গে। তিনি বলেন, ‘এ প্রদর্শনীটি ছিল আসলেই অন্য রকম। এমন সাহসী উদ্যোগ ইদানীং চোখে পড়ে না।’