ছবিতে বিয়ের স্মৃতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সামনে মানুষের জটলা। সিঁড়ি দিয়ে উঠতে চোখে পড়ল হলুদ কাপড়ের শামিয়ানা। আর তার আড়ালে ছোট ছোট বাতি জ্বলছে আর নিভছে। মেঝেতে আলপনা আঁকা। এটা বাইরের দৃশ্য। দরজা ঠেলে ভেতরে ঢুকতেই সানাইয়ের শব্দ কানে এল আর চোখ আটকে গেল বিয়েবাড়ির নানা দৃশ্যের দিকে। একদিকে বরযাত্রীরা আসছে, অন্যদিকে কনেও তৈরি বিয়ের সাজে! বিয়েবাড়ির সাজসজ্জা আর বিয়েকে ঘিরে মানুষের কর্মচঞ্চলতা। বর ও কনের আনন্দমুখর মুহূর্ত ও তাঁদের আশপাশের মানুষের নানা অভিব্যক্তি। ভেবেছেন, কোনো বিয়েবাড়ির কথা বলা হচ্ছে। না, ছবির দৃশ্যগুলোই যেন জীবন্ত হয়ে ধরা দিয়েছে। বিয়েবাড়িতে বিয়ে নিয়ে মানুষের নানা আয়োজন, আবেগ আর আনন্দ নিয়ে তোলা ছবির একটি প্রদর্শনী এটি। ‘ওয়েডিং ডায়েরি’ শিরোনামে ২৮ অক্টোবর রাজধানীর দৃক গ্যালারিতে হয়ে গেল এই ছবি প্রদর্শনীর উদ্বোধন। বিয়ের অনুষ্ঠানে আলোকচিত্রী প্রীত রেজার তোলা ছবি নিয়ে আয়োজন করা হয়েছে প্রদর্শনীটি। এর উদ্বোধন করতে এসে চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ এর শুভ কামনা করেন। তিনি আলেকা চিত্রীদের চিন্তা ও ভাবনার জায়গায় আরও উন্নতি করার পরামর্শ দেন।প্রদর্শনীটিতে স্থান পাওয়া একেকটি ছবি যেন আমাদের নিয়ে যায় বিয়েবাড়িতে ঘটে যাওয়া স্মৃতিতে। বিয়ে সবার জীবনেই একটি বিশেষ ঘটনা। বিয়ের সময়ের স্মৃতির পৃষ্ঠা ওলটাতে চাইলে বিয়ের অনুষ্ঠানে তোলা বিভিন্ন ছবিতে ফিরে যেতে হয়। প্রদর্শনীটিতে স্থান পাওয়া বিভিন্ন ছবি যেন সে কথাই বলে। বিয়ের ছবিতেও যে নান্দনিকতা আর সৃজনশীলতার মিশেলে এক ভিন্নধর্মী উপস্থাপন সম্ভব, তা দেখা গেল এ প্রদর্শনীটিতে। ছবিগুলোতে উঠে এসেছে বিয়েবাড়ির গেট, বিয়ের মঞ্চ, ফুলের বাহারি সাজসজ্জা, বিয়ের পালকি। কোনো ছবিতে আলো-আঁধারের খেলা, কোনোটিতে বিয়েবাড়ির খুনসুটি, সারি সারি করে সাজিয়ে রাখা পান-সুপারি, বরের পাগড়ি নিয়ে যাওয়ার দৃশ্য। ছবিতে ফুটে উঠেছে বিয়ে পড়ানোর দৃশ্য, বর ও কনের আনন্দ কিংবা আবেগঘন সময়ের চিত্র। বিয়ে শেষে আশীর্বাদ আর বিদায় নেওয়ার ছবিগুলো প্রদর্শনীকে একেবারে বাস্তবে নিয়ে যাবে। এ প্রদর্শনীতে বিয়ের বিভিন্ন ছবির সঙ্গে স্থান পেয়েছে বিভিন্ন তারকার বিয়ের অনুষ্ঠানের কিছু মুহূর্ত। প্রদর্শনীর এক ফাঁকে কথা হয় আলোকচিত্রী প্রীত রেজার সঙ্গে। তিনি বলেন, ‘প্রচলিত আর সনাতন ধারণা থেকে বেরিয়ে বিয়ের অনুষ্ঠানের ছবিকেও যে একটি নান্দনিক আর ভিন্নমাত্রা দেওয়া যায়, সেটাই এ প্রদর্শনীর ছবিগুলোয় দেখানোর চেষ্টা করা হয়েছে।’ তিনি আরও জানান, পাশ্চাত্যের দেশে বিয়ের অনুষ্ঠানের ছবিকে বলা হয় ‘ওয়েডিং ফটোজার্নালিজম’। ‘উন্নত বিশ্বে বহু আগে থেকেই এ ধারণাটি প্রচলিত থাকলেও আমাদের দেশে অল্প কয়েক বছর ধরে এর চর্চা শুরু হয়েছে। আমাদের সবার ভাবনার জায়গার পরিবর্তন ঘটানো এই প্রদর্শনীর অন্যতম একটি লক্ষ্য।’ বললেন প্রীত রেজা। বিয়ের ছবি নিয়ে দৃক গ্যালারিতে আয়োজিত এ প্রদর্শনীটি চলবে ৫ নভেম্বর পর্যন্ত বিকেল তিনটা থেকে রাত আটটা পর্যন্ত।