ছবিতে ‘ভঙ্গুরতা’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৫ জানুয়ারি থেকে শুরু হয়েছে ছবিমেলার সপ্তম আসর; চলবে আগামী ৭ ফেব্রুয়ারি পর্যন্ত। রাজধানীর চিত্রশালাগুলো ভরে উঠেছে বিশ্বের খ্যাতনামা আলোকচিত্রীদের ছবিতে। এই বছরের আয়োজনের প্রতিপাদ্য হচ্ছে: ভঙ্গুরতা। মেলার অংশ হিসেবে নয়টি কর্মশালা, গ্যেটে ইনস্টিটিউটে সপ্তাহজুড়ে প্রতি সন্ধ্যায় আলোচনা, সেমিনার ও বক্তৃতা চলতে থাকবে। এ ছাড়া ১০টি পোর্টফোলিও রিভিউ থাকবে।উৎসবের পরিচালক শহিদুল আলম জানান, চারদিকে আজ বিরাজ করছে ক্ষোভ ও হতাশা। সেখান থেকেই সমসাময়িক আলোকচিত্রে নতুন ধারার জন্ম নিচ্ছে। দুনিয়াজুড়ে আলোকচিত্রীদের ছবির ভাষা বদলে গেছে অনেকটাই। সেই নতুন ভাষার নতুন ছবি বোঝার চেষ্টা, বিতর্ক আর ভাবনায় নতুন মোড় আনতেই এই আয়োজন।ঢাকার শিল্পকলা একাডেমী ছাড়াও প্রদর্শনী চলছে আলিয়ঁস ফ্রঁসেজ, বেঙ্গল গ্যালারি অব ফাইন আর্টস, ছবির হাট, ঢাকা আর্ট সেন্টার, দৃক গ্যালারি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মল চত্বর ও চারুকলা অনুষদের লিচুতলায়। এবারের উৎসবে বাংলাদেশ ছাড়াও মেক্সিকো, অস্ট্রেলিয়া, বেলজিয়াম, বসনিয়া, ব্রাজিল, চীন, মিসর, যুক্তরাজ্য, ফ্রান্স, ইরান, ইতালি, জাপান, মালয়েশিয়া, নরওয়ে, পোল্যান্ড, স্পেন, সুইডেন, ভিয়েতনাম, ভারত, ক্রোয়েশিয়া, নাইজেরিয়াসহ ২৪টি দেশের ১৩০ জন আলোকচিত্রী অংশ নেবেন। বিভিন্ন গ্যালারি ছাড়াও রিকশা-ভ্যান সহযোগে ১০টি ভ্রাম্যমাণ প্রদর্শনী ঘুরছে ঢাকা শহরের অলিগলি।