ছবির কারিগর

‘আমাদের সংগঠনের কোনো আয়োজন মানেই একটা গ্রুপ ওয়ার্ক। অর্থাৎ আয়োজন সফল করতে সব সদস্যের একসঙ্গে উঠেপড়ে লাগা। আর এটা যেহেতু জাতীয় উৎসব, তাই উৎসাহ ছিল অনেক বেশি। সারা দেশের আলোকচিত্রীদের ছবি প্রদর্শনীতে জায়গা পাবে। অনেক বড় একটা দায়িত্ব।’ বলছিলেন ঢাকা ইউনিভার্সিটি ফটোগ্রাফিক সোসাইটি অর্থাৎ ডিইউপিএসের সভাপতি প্যারিস তালুকদার। তা কোন আয়োজনের প্রসঙ্গে এত কথা? চলুন, শোনা যাক।
২৯ থেকে ৩১ জুলাই জাতীয় চিত্রশালায় ঢাকা ইউনিভার্সিটি ফটোগ্রাফিক সোসাইটি ও বাংলাদেশ শিল্পকলা একাডেমি যৌথভাবে আয়োজন করেছিল চতুর্থ জাতীয় আলোকচিত্র উৎসব। প্যারিস বললেন, ‘প্রদর্শনীর জন্য সারা দেশ থেকে আলোকচিত্র আহ্বান করা হয়েছে। পাঁচটা ক্যাটাগরিতে ছবি প্রদর্শিত হয়েছে এবার।’
স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয়, পেশাদার বা ফ্রিল্যান্সার, ফটো স্টোরি ও ‘ডিইউপিএস-এর সদস্য’, এই পাঁচ গ্রুপে মোট ১২০টি ছবি স্থান পেয়েছিল প্রদর্শনীতে। শুরুতে জমা পড়া ছবির সংখ্যা ছিল প্রায় ১০ হাজার। প্রাথমিক নির্বাচনের পর বিচারকদের সামনে কয়েক হাজার ছবি হাজির করেছিলেন আয়োজকেরা। তাঁরাই পরবর্তী সময়ে সেরা ছবিগুলো নির্বাচন করেন। এ ছাড়া প্রতিযোগিতার বাইরে প্রদর্শনীতে আলোকচিত্রী নাসির আলী মামুনের তোলা ৮টি ছবিও ছিল।
পেশাদার ও ফটো স্টোরি ক্যাটাগরি থেকে একজন এবং বাকি তিনটি ক্যাটাগরি থেকে তিনজন করে মোট ১১ জন আলোকচিত্রীকে পুরস্কৃত করা হয় এবারের উৎসবে। এ ছাড়া সব ক্যাটাগরি মিলিয়ে একটি গ্র্যান্ড পুরস্কারের আয়োজন ছিল। এই পুরস্কার বাগিয়ে নিয়েছেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাহিয়া ফারহিন হক।
হাতে হাতে ক্যামেরা পৌঁছাবার পর, বিশেষ করে সবার মোবাইলে টুকটাক ছবি তোলার সুযোগ থাকায় এখন দেশে শখের আলোকচিত্রীর সংখ্যা অনেক। প্রদর্শনীও হচ্ছে হরহামেশা। তবে প্যারিসের দাবি, তাঁদের আয়োজনটা একেবারে আলাদা। কেন? ‘সবাই কেবল প্রদর্শনী বা প্রতিযোগিতার আয়োজন করে। এতে অনেক আলোকচিত্রীর ছবি থাকে। কিন্তু আমরা কেবল ছবি দেখাতে চাইনি। আমরা প্রদর্শনীকে ছাপিয়ে একটা উৎসব করতে চেয়েছি। নতুন আলোকচিত্রীরা যেন কিছু শিখতে পারে, এ জন্য মতবিনিময়ের আয়োজন করেছি।’ উৎসবে দুই দিন দুজন অভিজ্ঞ আলোকচিত্রী কথা বলেন তরুণ আলোকচিত্রীদের সঙ্গে। ৩০ জুলাই রাহুল তালুকদার এবং পরদিন সাইফুল হক অমি ‘আর্টিস্ট টক’-এ অংশ নেন।
এবারের উৎসবটা আরেকটা দিক থেকে একটু আলাদা। ডিইউপিএসের প্রথম জাতীয় উৎসবের পর এবারই কাউকে সম্মাননা প্রদান করা হলো। সমাপনী অনুষ্ঠানে বরেণ্য আলোকচিত্রী নাসির আলী মামুনের হাতে আজীবন সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। ‘আজকের এই অনুষ্ঠানে আমাকে আজীবন সম্মাননা প্রদান আমার জীবনে একটি ইতিহাস হয়ে রইল। আপনাদের অভিনন্দন জানানোর ভাষা আমার হয়তো নেই। এগিয়ে যান। কেউ আপনাদের শিল্পভ্রমণ স্তব্ধ করতে পারবে না।’ মন্তব্য লেখার খাতায় তাঁর লেখা কথাগুলো ডিইউপিএসের তরুণ আলোকচিত্রীদের অনুপ্রাণিত করেছে ভীষণ।
জাতীয় আলোকচিত্র প্রদর্শনী ছাড়াও সারা বছর নানান আয়োজন থাকে ডিইউপিএসের। বেসিক ফটোগ্রাফি ট্রেনিং প্রোগ্রাম, বিভিন্ন কর্মশালার আয়োজনের পাশাপাশি সদস্যদের নিয়ে নিয়মিত ছবি তুলতে বের হন তাঁরা। এ ছাড়া প্রতিবছর সংগঠনের সদস্যদের তোলা ছবি নিয়ে আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। ১৯৯৯ সালে প্রতিষ্ঠিত হওয়া এই সংগঠনটির বর্তমান সদস্যসংখ্যা ৫০ জন।