ছবির জন্য স্বপ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এম এইচ এম মুবাশশির
এম এইচ এম মুবাশশির

বিশ্ববিদ্যালয়ে এক কঠিন বিষয় নিয়ে পড়াশোনা তাঁর। অন্যরা যেখানে বই আর ক্লাস ছাড়া কিছু বোঝেন না-দেখেন না, সেখানে তাঁর জগৎ হলো ক্যামেরার দুনিয়া। ক্যামেরার লেন্স দিয়েই পুরো দুনিয়া দেখেন তিনি। নাম তাঁর এম এইচ এম মুবাশশির। মুবাশশির ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে বায়োটেকনোলজি বিষয়ে মাস্টার্সে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করেন। বর্তমানে উচ্চশিক্ষার জন্য মালয়েশিয়ার ইউনিভার্সিটি টেকনোলজিতে বায়োইনফরমেটিক্স বিষয়ে এমফিল করছেন তিনি। মালয়েশীয় সরকারের আন্তর্জাতিক বৃত্তি নিয়ে পড়ছেন। এই বিশ্ববিদ্যালয়ের ২০১৫ সালের ধারণা-কল্প উপস্থাপন প্রতিযোগিতায় তিনি প্রথম, লেকচার প্রতিযোগিতায় দ্বিতীয় হয়েছেন মুবাশশির। পড়ার দুনিয়ার বাইরে সিনেমা, ডকুমেন্টারি, ফটোগ্রাফি, বিতর্ক, লেখালেখি, গান, আবৃত্তি, অভিনয়সহ লেখাপড়ার বাইরে যত রোমাঞ্চকর কাজ আছে, সবকিছুতেই আগ্রহ তাঁর। তাঁর ভাষ্যে, ‘পড়ালেখা সবাই করে। আমিও করি। কিন্তু আমি তার বাইরে কিছু করতে চাই।’
মুবাশশিরের পড়ার বিষয় কৃষি আর বায়োটেকনোলজি হলেও গ্রাফিক ডিজাইন আর অ্যানিমেশনেও করেছেন উচ্চতর ডিপ্লোমা। শিক্ষক বাবা অধ্যাপক ড. এ কিউ এম বজলুর রশিদ আর মা আখতার জাহানের আট সন্তানের পঞ্চম মুবাশশির। দেশ-বিদেশের অনেক প্রতিযোগিতায় মুবাশশিরের ঝলক দেখা গেছে। ২০১৪ সালে যুক্তরাজ্যে অনুষ্ঠেয় ৯.৮৮ আলট্রা শর্টফিল্ম উৎসবেও আলো ছড়ান তিনি। কমনওয়েলথভুক্ত পৃথিবীর বিভিন্ন দেশ থেকে অংশগ্রহণকারী ৫৯২টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের মধ্যে তাঁর সিনেমা তৃতীয় হয়। পুরস্কারজয়ী মুবাশশিরের স্বল্পদৈর্ঘ্য সিনেমার নাম ডিপেনডেন্স।
২০১১ সালে বিশ্বসাহিত্য কেন্দ্র আয়োজিত ফটোগ্রাফি প্রতিযোগিতা ও প্রদর্শনীতে মুবাশশির প্রথম স্থান লাভ করেন। বিশ্ববিদ্যালয়ের কবিতা, গান আর গানের প্রতিযোগিতায় বেশ কয়েকবার প্রথম হন ময়মনসিংহের মুবাশশির। দেশের বাইরেও সাংগঠনিক দক্ষতা দেখাচ্ছেন তিনি। মালয়েশিয়ার ইউনিভার্সিটি টেকনোলজি বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক শিক্ষার্থী সোসাইটির সংস্কৃতি প্রধান হিসেবে বেশ কিছুদিন হলো দায়িত্ব পালন করছেন। মালয়েশিয়াতে পড়ার বাইরে ক্যামেরা নিয়েও অবিরাম ঘাঁটাঘাঁটি চলছে তাঁর। আলোচিত মালয়েশিয়ান চলচ্চিত্র পরিচালক এম সুবাশের তিনটি পূর্ণদৈর্ঘ্য সিনেমাতে এরই মধ্যে সহকারী সিনেমাটোগ্রাফার হিসেবে কাজ করেছেন তিনি।
‘কতদূর যেতে চান?’ প্রশ্নের উত্তর ফেসবুকে জানান, ‘আমার আকাশটা অনেক বড়। এই রঙিন আকাশটা সবাইকে দেখাতে চাই। আমি ক্যামেরার লেন্সে যা দেখি, তা যদি সবাইকে দেখাতে পারি, তাহলে আমার জীবন সার্থক।’ মুবাশশিরের আকাশ দেখার আমন্ত্রণ রইল সবার।