ছবির ফ্রেমে নানা রং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের (এনএসইউ) বিবিএর শিক্ষার্থী ইফফাত আরা। স্কুল-কলেজে পড়ার সময় থেকেই বিভিন্ন চিত্রপ্রদর্শনীতে ঘুরতে যাওয়ার শখ ছিল। নিজের বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে চিত্রপ্রদর্শনী চলছে আর তা দেখবেন না, তা কী করে হয়! তাঁর মতে, সময়কে নাকি আটকে রাখা সম্ভব! কীভাবে আটকে রাখা যায়, সে বিষয়ে তিনি বলেন, ‘ক্যামেরার প্রতিটি ফ্রেমে আটকে থাকে একেকটি মূহূর্ত। সময়কে এর থেকে আর কোনো সহজ উপায়ে আটকে রাখা সম্ভব নয় বলেই ছবি তোলায় আগ্রহ বেশি আমার।’ ইফফাতের মতো শিক্ষার্থীরা ভিড় জমিয়েছিলেন এনএসইউয়ের রিক্রিয়েশন হলে। ৩১ জন শিক্ষার্থীর তোলা ছবি নিয়ে ১০ থেকে ১৪ মার্চ এনএসইউ ফটোগ্রাফি ক্লাব আয়োজন করে তাদের বার্ষিক ছবি প্রতিযোগিতা ও প্রদর্শনী। জীবনের নানা দিক, পোট্রেট, স্থাপত্যসহ পাঁচটি বিষয়ে মোট ৭৮টি ছবি প্রদর্শন করা হয় এতে। বিভিন্ন ক্যাটাগরির সেরা সব ছবিকে সমাপণী দিনে দেওয়া হয় পুরস্কার ও সম্মাননা।ক্লাস শেষ করে হলরুমের করিডোরের সাদা দেয়ালে ঝুলানো ছবি মনোযোগ দিয়ে দেখছিলেন রুবাইয়াত হূদয়, মাহফুজ লিখন ও সাইফুল আজম। খুঁটিয়ে খুঁটিয়ে ছবিগুলোর নানা দিক নিয়ে গল্প করছিলেন তাঁরা। বন্ধুদের তোলা ছবি দেখে বেশ উচ্ছ্বসিত ছিলেন সবাই। ক্লাবের সদস্যরা মনে করেন, মানুষের স্বপ্নের সীমার শেষ আকাশ। ক্যামেরার লেন্সেরও সীমা আকাশ। আর আকাশের নিচেই জীবনের নানা রং। এই নানা রঙের বিভিন্ন ছবির দেখা মিলল প্রদর্শনী হলে। ক্লিক করতে করতে দিন কেটে যায় দুই বন্ধু মাহির সাদনাম ও জিয়া হাসানের। মাহির বলেন, ‘আমরা দুই বন্ধু আমাদের আশপাশের জীবনের নানা দিক ও বিশ্ববিদ্যালয়ের নানা রঙের ছবি তুলেছি।’ ক্যামেরার লেন্স দিয়ে জীবনের নানা দিক ও প্রকৃতির বিভিন্ন রঙের খেলার ছবি তুলতে পছন্দ করেন হাসান মাহমুদ; যদিও এ প্রদর্শনীতে তাঁর বড় বড় সব স্থাপত্যের ছবি প্রদর্শন করা হয়েছিল। নতুন শিক্ষার্থীদের ছবি দেখতে এসেছিলেন ক্লাবের প্রতিষ্ঠাতাকালীন সদস্যদের একজন সাউদ আল ফয়সাল। নবীনদের দেখে তিনি যে বেশ মুগ্ধ, তা চোখ-মুখ দেখেই বোঝা গেল। ক্লাবের প্রেসিডেন্ট মাহিন রিজভান বলেন, ‘শিক্ষার্থীরা যেন বইপত্রের বাইরের জগৎটাকে বুঝতে পারে, সে জন্যই আমাদের এমন আয়োজন। প্রতিটি ছবি একেকটি সময় ধরে রাখে। এই সময়গুলোই আমাদের আগামীর পথে এগিয়ে নিয়ে যায়।’পরিবেশবিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সাবিহা শহীদ। অনেকটা শখের বশেই ছবি তোলার জগতে আসা। পোট্রেট ও লাইফ স্টাইল তুলতে পছন্দ করেন। প্রদর্শনীতে দুটি ছবি ছিল তাঁর। নেশা ছবি তোলা হলেও সুযোগ পেলে গ্র্যাজুয়েশনের পর ক্যারিয়ার গড়তে চান ক্যামেরাকে দিয়েই। সাবিহার বন্ধু ফারাহ রফিক ও আনিসা আজম। তাঁদের ছবি তোলা বা দেখার তেমন কোনো উৎসাহ নেই। ক্লাসের বিরতিতে বিশ্ববিদ্যালয়ের রিক্রিয়েশন হলে ছুটে আসেন ছবি দেখতে। কারণ, বন্ধুর তোলা ছবির দেখা মিলবে প্রদর্শনীতে।