ছবির সঙ্গে পথচলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
থিয়েটার ইনস্টিটিউট গ্যালারি মিলনায়তনে অনুষ্ঠিত আলোকচিত্র প্রদর্শনী ঘুরে দে​খছেন দর্শক
থিয়েটার ইনস্টিটিউট গ্যালারি মিলনায়তনে অনুষ্ঠিত আলোকচিত্র প্রদর্শনী ঘুরে দে​খছেন দর্শক

দুই পাশে সরিষাখেত। তার মাঝখানের খেতের আইল ধরে দৌড়ে চলেছে এক বালিকা। বয়স সাত কিংবা আটের কাছাকাছি। দুরন্ত এই বালিকার ছবি ক্যামেরাবন্দী করেছেন আলোকচিত্রী আহমেদ রাসেল। শিরোনাম ‘শৈশবের রং’। ছবিটি স্থান পেয়েছিল ১১ থেকে ১৩ মার্চ নগরের থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রামের (টিআইসি) গ্যালারি মিলনায়তনে অনুষ্ঠিত আলোকচিত্র প্রদর্শনীতে।
চট্টগ্রাম ফটোগ্রাফিক সোসাইটির (সিপিএস) ৩৩ বছরে পদার্পণ উপলক্ষে আয়োজন করা হয়েছিল এ প্রদর্শনীর। তিন দিনব্যাপী এ আলোকচিত্র প্রদর্শনীতে ৪৫ জন আলোকচিত্র শিল্পীর ৬৮টি ছবি স্থান পায়।
প্রদর্শনীতে শুধু দুরন্ত বালিকা নয়, উঠে এসেছিল গ্রাম–বাংলার শিশুদের জীবনের গল্প, বাংলার চিরসবুজ মাঠে কাকভেজা হয়ে কৃষকের জমিচাষ, দুরন্ত শৈশবে শিশুদের উদ্দীপনা কিংবা হোলির রঙে রঙিন তরুণ-তরুণীরা। বাদ পড়েনি শস্য শ্যামলা সবুজ বাংলার প্রকৃতি কিংবা ফসলের মাঠে কৃষাণীর কঠোর পরিশ্রমের টুকরো ছবিও।
১১ মার্চ বিকেল পাঁচটায় এ প্রদর্শনীর উদ্বোধন করেন চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি কলিম সরোয়ার। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার সোমনাথ হালদার। আলোকচিত্রের মাধ্যমে সমাজকে সচেতন করার লক্ষ্যে এই প্রদর্শনীর আয়োজন বলে জানান সিপিএসের সভাপতি মউদুদুল আলম। তিনি বলেন, ‘এ প্রদর্শনীতে প্রবীণ এবং নবীন আলোকচিত্রীদের তোলা ছবি স্থান পেয়েছে। তবে আমরা নবীনদের আলোকচিত্রকেই বেশি প্রাধান্য দেওয়ার চেষ্টা করেছি। এতে করে নবীন আলোকচিত্রীরা উৎসাহ পেয়ে শিল্পের প্রতি আরও মনোযোগী হবে।’