ছবির হাটে উৎসবের রং
দুই দিনের আর্ট ক্যাম্প শেষ হয়েছে গত ফেব্রুয়ারির শেষ সপ্তাহে। ক্যাম্পে অংশ নেওয়া শিল্পীদের ছবি নিয়ে চলছে প্রদর্শনী। স্থান চারুকলা ইনস্টিউটের রশিদ চৌধুরী আর্ট গ্যালারি। বিষয় চট্টগ্রামের নিসর্গ, বৈচিত্র্য ও মানুষের জীবন। প্রদর্শনী কক্ষে ঢুকতেই সেটা বোঝা গেল। সাম্পান, টেপাপুতুল, কর্ণফুলী এসব অনুষঙ্গ চোখে পড়ল শিল্পীদের ক্যানভাসে। চিত্রকর্মে যেন উঠে এল অদেখা এক চট্টগ্রাম।গত ৩০ মার্চ দ্য ডেইলি স্টার-এর অদম্য চট্টগ্রাম উৎসব উপলক্ষে শুরু হওয়া ছবির হাট নামের এই প্রদর্শনীর আজ শেষ দিন।২৮ ও ২৯ ফেব্রুয়ারি দুই দিনব্যাপী আর্ট ক্যাম্পে অংশ নেওয়া চট্টগ্রামের নবীন-প্রবীণ প্রায় ৪৫ জন শিল্পীর বাছাই করা ৪৭টি শিল্পকর্ম স্থান পেয়েছে এতে। দূরের সাম্পানগুলো পাখির মতো ডানা নিয়ে যেন চাইছে উড়ে যেতে। পাশে নীল জলে প্লাস্টারে মোড়া কয়েকজন ডুবন্ত মানুষ। এমন ছবি এঁকেছেন জয়নুল আবেদিন। গ্যালারির দুই নম্বর প্রদর্শনী কক্ষে চোখ আটকে যায়। চারুকলা ইনস্টিটিউটের শিক্ষক শিল্পী অলক রায়ের সাম্পানের ফর্মে গড়া ভাস্কর্য নজর কেড়েছে দর্শকদের। নদী কর্ণফুলী ও তার আত্মাকেই যেন ধরতে চেয়েছেন শিল্পী।ইনস্টিটিউটের আরেক শিক্ষক শিল্পী আলপ্তগীন তুষার রং ও রেখায় ফুটিয়ে তুলেছেন পাহাড় আর নারীর অবয়ব। তানজিল টুসি এঁকেছেন লিপস্টিকে আবদ্ধ নারীর জীবন। খ্যাতনামা শিল্পীদের মধ্যে মিজানুর রহমান, শাহ মো. আনসার আলী, এনায়েত হোসেন, নাসিম বানু, মনসুর উল করিম, হাসি চক্রবর্তী, নাজলী লায়লা মনসুর, কে এম এ কাইয়ূম, ফয়জুল আজিম, দিলারা বেগম জলি, সৌমেন কান্তি দাশ, নিলুফার চামান, শায়লা শারমিন ও সঞ্জীব দত্তের চিত্রকর্ম ভালো লেগেছে দর্শকের।প্রদর্শনী দেখতে এসেছিলেন চারুকলা ইনস্টিটিউটের ছাত্রী ফারহ্া নাজ। তিনি বলেন, ‘এই প্রদর্শনী উপলক্ষে শিল্পীদের নতুন কিছু কাজ দেখতে পারলাম। তাঁদের সমকালীন ভাবনা সম্পর্কেও জানতে পারলাম। সব মিলিয়ে ভালো লেগেছে।’চট্টগ্রাম কলেজের শিক্ষার্থী সজীব বড়ুয়া বলেন, ‘আমার অলক রায়ের ভাস্কর্যটি খুব ভালো লেগেছে। চট্টগ্রামকে বিষয় করে আঁকা এত বিপুলসংখ্যক চিত্রকর্ম আগে একসঙ্গে দেখিনি।’