ছবির হাটে পারফরম্যান্স আর্ট ফেস্টিভ্যাল

‘এবার আমরা সবাই একসঙ্গে এই রাজনৈতিক পানীয় পান করব’—শিল্পীর এই আহ্বানের সঙ্গে সঙ্গেই শ্রোতা-দর্শকেরা তাঁদের হাতে থাকা লালচে পানীয় ভর্তি প্লাস্টিকের কাপ তুলে ধরলেন। শিল্পীকে সঙ্গত করা তিন বেহালাবাদকের ঐকতান তখন দ্রুতলয়ে চড়তে শুরু করেছে। সুরের ঝংকারেই নিজেদের সুখ-দুঃখ, আশা-নিরাশার কথা লেখা রঙিন কাগজের টুকরোগুলো শূন্যে ছুড়ে দিয়ে দর্শকেরা সেই পানীয় পান করলেন। কিন্তু কেউ কেউ কোমল পানীয়ের স্বাদে হাসিমুখে থাকলেও অনেকেই তিতকুটে চিরতার রসে চুমুক দিয়ে নিজের বোকামিতে নিজেই নিজেকে নিয়ে যেন হাসছেন!
শিল্পী সাইফুল জার্নাল ততক্ষণে দর্শকদের ছুড়ে ফেলা কাগজগুলো কুড়িয়ে নিয়ে দেয়ালে সাঁটছেন। দেখছেন একটা মাত্র শব্দে লেখা একেক মানুষের মনের কথা জোড়া দিয়ে সবার মনের কথা বলা যায় কি না! ‘জীবন’, ‘কঠিন’, ‘বাস্তব’, ‘ভালোবাসা’, ‘আহ!’ ‘স্বপ্ন’, ‘রাজনীতি’, ‘কী সুন্দর’... এমন সব মনের কথা থেকে একসময় সত্যিই দেয়ালে ফুটে ওঠে,‘আহ জীবন কী সুন্দর!’ মিষ্টি আর তিতকুটে পানীয় পান করা দর্শকেরাও এই অমোঘ বাক্যে যেন আশ্বস্ত হয়ে ওঠেন। শিল্পী বলতে থাকেন ‘পলিটিক্যাল ড্রিঙ্কস’ নামের এই পারফরম্যান্সের মধ্য দিয়ে তিনি আসলে এ কথাই বলতে চেয়েছেন—রাজনীতি সবার জন্য সমান সুফল বয়ে না আনলেও জীবন সত্যিই সুন্দর, সবাই মিলে চাইলেই মানুষ সেই সুন্দর জীবনের স্বাদ পেতে পারে।
এই পারফরম্যান্স দিয়েই গতকাল শুরু হলো ছবির হাটের হেমন্তকালীন আয়োজন ‘ছবির হাট পারফরম্যান্স আর্ট ফেস্টিভ্যাল-২০১৪’। রাজধানীর শাহবাগে ছবির হাটের এই শিল্প উৎসব চলবে ১৪ নভেম্বর পর্যন্ত। প্রতিদিন বেলা সাড়ে তিনটা থেকে রাত আটটা পর্যন্ত থাকবে একাধিক শিল্পীর পরিবেশনা। আট দিনে মোট ৩০ জন শিল্পী তাঁদের পারফরম্যান্স নিয়ে একাত্ম হবেন দর্শকদের সঙ্গে।
বাংলাদেশে শিল্পকলার এই ধারার চর্চা নতুন না হলেও হালের নাগরিক শিল্পকলায় বেশ জনপ্রিয়তা পাচ্ছে পারফরম্যান্স আর্ট। অনেকেই একে পাশ্চাত্য থেকে আসা শিল্পধারা মনে করলেও এই অঞ্চলে বহু আগে থেকেই নানান রূপে এই মাধ্যমের চর্চা হয়েছে। পাশ্চাত্যে এই ধারার পারফরম্যান্স আর্টের জন্ম বিশ শতকের গোড়ার দিকে রুশ গঠনবাদী ও ভবিষ্যৎবাদী শিল্পীদের হাত ধরে। সত্তরের দশক থেকে ইউরোপ-আমেরিকার পাশাপাশি দুনিয়ার অন্যান্য অঞ্চলেও ছড়িয়ে পড়ে এই ধারার শিল্পচর্চা। আয়োজকেরা জানিয়েছেন, শুধু পারফরম্যান্স আর্ট নিয়ে এত বড় আয়োজন দেশে এই প্রথম।

উৎসবের শুরুতে দর্শকদের উপস্থিতিতে পারফর্মেন্স আর্ট এবং নিজেদের শিল্পভাবনা নিয়ে খোলামেলা কথা বলেন অংশগ্রহণকারী শিল্পী এবং আয়োজকেরা। অন্যান্যের মধ্যে ছবির হাটের অন্যতম সংগঠক শিল্পী বিপুল শাহ এবং শিল্পী সালেহ মাহমুদও এই আয়োজন নিয়ে তাঁদের ভাবনার কথা জানান সবাইকে। ছবির হাটের সুমনা আক্তার বলেন,‘একেকটা অনুভূতি প্রকাশের জন্য একেক ধরনের মাধ্যম দরকার। পেইন্টিং দিয়ে যা প্রকাশ করা যায় না, সেসবের অনেক কিছুই পারফরম্যান্স আর্টের মাধ্যমে প্রকাশ করা সম্ভব।’ ছবির হাটের ইসমাইল হোসেন বলেন, ‘পারফরম্যান্স আর্ট এমন একটা মাধ্যম যেখানে একজন শিল্পী নিজের দেহ-মনকে একাত্ম করে নিজেকে পুরোপুরি প্রকাশের সুযোগ পান। এটা শিল্পকলার খুবই আবেগপ্রবণ এক প্রকাশমাধ্যম।’
অংশগ্রহণকারী শিল্পীদের অনেকেই এই শিল্প মাধ্যমের দর্শককে সম্পৃক্ত করতে পারার ক্ষমতার কথা বলেন। আদতেই তার প্রমাণ মেলে উৎসবের উদ্বোধনী দুটি পরিবেশনার মধ্যেই। হাতে লালচে পানীয় ভর্তি কাপ তুলে দিয়ে এবং কাগজ ধরিয়ে দিয়ে নিজের মনের কথা লিখতে বলে শিল্পী সাইফুল জার্নাল সহজেই দর্শকদের তাঁর পারফরম্যান্সের সঙ্গে জড়িয়ে ফেলেন। উদ্বোধনী দিনের দ্বিতীয় পরিবেশনা ‘বিয়িং অ্যান্ড অ্যাবসার্ডিটি’-তে ‘স্পেস’ বা স্থানের ‘অ্যাবসার্ডিটি’ বা অসামঞ্জস্যতার অন্বেষণ করেন শিল্পী কেহকাশা সাবাহ। ছবির হাট দিয়ে সোহ্রাওয়ার্দী উদ্যানে ঢোকার ফটকের দুটি থামের ওপর একটি মই ফেলে রেখে তাতে শুয়ে পড়েন তিনি। দর্শকের প্রতি অনুরোধ থাকে কালো কাপড়ে চোখ বেঁধে ওই মইয়ের নিচ দিয়ে হেঁটে ফটক পার হওয়ার জন্য। মানুষ কীভাবে নিজের আচরণের মধ্য দিয়ে একটি পরিচিত ‘স্পেস’ বা স্থানের চরিত্রে আমূল পরিবর্তন করে ফেলে তার একটি চিত্রায়ণ হয়ে যায় সেখানেই। মানুষের চোখ যা দেখতে অভ্যস্ত নয় তাই তার কাছে অসামঞ্জস্যপূর্ণ মনে হয়। পরিচিত স্পেসকে অপরিচিতরূপে উপস্থাপন করে দর্শককে একটি অসামঞ্জস্যপূর্ণ স্থান বা অ্যাবসার্ড স্পেসের অভিজ্ঞতা দেওয়াই ছিল এই শিল্পীর পরিবেশনার উদ্দেশ্য।
আগামী দিনগুলোতে এই উৎসবে পারফরম্যান্স করবেন দেশ ও দেশের বাইরের বেশ কয়েকজন শিল্পী। তাঁদের মধ্যে রয়েছেন মোস্তফা জামান, বিপুল শাহ, সালেহ মাহমুদ, চন্দন রায়, সঞ্জীব মাহমুদ, অসীম হালদার, অর্পিতা সিংহ, ইফফাত রিজওয়ানা, আলি নয়ন, ইমরান সোহেল, আজমাইন কথা, আবদুল গাফফার, জুয়েল এ রব, জেসমিন জাহান, সোহেল আহমেদ, উত্তম কুমার রায়, মাহবির মুরাদ, আফসানা শর্মি, নবেন্দু সাহা, শক্তি নোমান ও সুমনা আক্তার।