
কক্সবাজারের পেকুয়া উপজেলার উজানটিয়া ইউনিয়নে টানা বর্ষণ ও পূর্ণিমার জোয়ারে ভেঙে গেছে বেড়িবাঁধ। এর পর থেকে লোকালয়ে চলছে জোয়ার-ভাটা। ছয় গ্রামের ১০ হাজার মানুষের এখন দিন কাটছে কষ্টে। জনপ্রতিনিধিদের অভিযোগ, পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কর্মকর্তাদের অবহেলার কারণে বেড়িবাঁধের এই দশা।
স্থানীয় লোকজন জানান, টেকপাড়া এলাকায় ১২ আগস্ট দেড় শ ফুট বেড়িবাঁধ ভেঙে যায়। এর পর থেকে ইউনিয়নের সুন্দরীপাড়া, টেকপাড়া, মালেকপাড়া, রুপালীবাজার, কইড়াবাজার ও নুরীপাড়া গ্রামে জোয়ারের পানি ঢুকে পড়ছে। এসব এলাকার তিন শ একর আমনখেত ও ৫০টি চিংড়িঘের পানিতে তলিয়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত এক হাজার ঘরবাড়ি।
সরেজমিনে দেখা যায়, টেকপাড়া এলাকায় উপকূলীয় বেড়িবাঁধের অন্তত আধা কিলোমিটার ভেঙে গেছে। ভাঙা বেড়িবাঁধ দিয়ে ঢুকে পড়ছে পানি। স্থানীয় চিংড়ি ব্যবসায়ী আবুল শামা বলেন, ‘আমার দুই একর আয়তনের দুটি চিংড়িঘেরের মাছ ভেসে গেছে। এতে প্রায় ৪০ লাখ টাকার ক্ষতি হয়েছে।’ সব মিলিয়ে প্রায় ৫০টি চিংড়িঘের তলিয়ে গেছে।
উজানটিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. জামাল হোসেন বলেন, পাউবোর কর্মকর্তারা অপেক্ষায় থাকেন, কখন বেড়িবাঁধ ভাঙবে? জোয়ার বা টানা বৃষ্টিতে বেড়িবাঁধ ভেঙে গেলে তাঁরা বেড়িবাঁধে নামমাত্র কাজ করে বরাদ্দ হওয়া টাকা আত্মসাৎ করেন। ১০ বছর ধরে এ কাজ করে আসছে পাউবো।
মগনামার ইউপি সদস্য নুর মোহাম্মদ বলেন, কোনো সময়ই পাউবো স্থায়ী বাঁধ নির্মাণে ব্যবস্থা নেয়নি।
মগনামার কাকপাড়া বেড়িবাঁধে দুই চেন ব্লক বসিয়ে টেকসই বেড়িবাঁধ নির্মাণের কাজ শুরু হলেও টাকার অভাবে কাজটি আর এগোয়নি। যেসব ব্লক বসানো হয়েছে তা সাগরে তলিয়ে যাচ্ছে।
পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী (শাখা কর্মকর্তা) মাসুদুর রাব্বি বলেন, উজানটিয়া-মগনামা উপকূলীয় বেড়িবাঁধের ভাঙা অংশ পরিদর্শন করে মন্ত্রণালয়ে চাহিদাপত্র পাঠানো হয়েছে। বরাদ্দ পাওয়া গেলে বেড়িবাঁধের ভাঙা অংশ মেরামত করা হবে।
পেকুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শাফায়েত আজিজ বলেন, বর্ষার আগে পাউবো ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পেকুয়ার তিন ইউনিয়নের সাগরতীরবর্তী বেড়িবাঁধ নির্মাণ ও সংস্কারের জন্য প্রয়োজনীয় কাগজপত্র পাঠানো হয়। কিন্তু তারা কোনো ব্যবস্থা নেয়নি। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, সাগরতীরবর্তী এসব ইউনিয়নের মানুষকে এখন এলাকা ছেড়ে অন্যত্র গিয়ে বসতি স্থাপন করার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।
এ প্রসঙ্গে পাউবোর কক্সবাজার জেলার নির্বাহী প্রকৌশলী কে এম শফিকুল হক বলেন, ‘আমাদের ওপর দোষ চাপিয়ে কোনো লাভ নেই। আমরা যখন যেখানে যা প্রয়োজন তা করছি।’