সাতকানিয়া উপজেলার চরতি ইউনিয়নের চেয়ারম্যান মো. রেজাউল করিম ছয় মাস ধরে আত্মগোপনে রয়েছেন। এতে ইউনিয়ন পরিষদের প্রশাসনিক ও অন্যান্য সেবাকার্যক্রম ব্যাহত হচ্ছে। ছয় মাস ধরে মাসিক আইনশৃঙ্খলাবিষয়ক সমন্বয় সভায় অনুপস্থিত থাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সম্প্রতি তাঁকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মানবতাবিরোধী অপরাধের দায়ে চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায় ঘোষণার পর সাতকানিয়া উপজেলাজুড়ে জামায়াত-শিবির নেতা-কর্মীরা যানবাহনসহ বিভিন্ন স্থাপনায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযাগ করে। এসব ঘটনার সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে বেশ কয়েকটি মামলায় চেয়ারম্যান রেজাউল করিমকে আসামি করা হয়েছে। তাই ছয় মাস ধরে তিনি আত্মগোপনে চলে যান। রেজাউল চরতি ইউনিয়ন জামায়াতের আমির।
স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য ও থানা সূত্রে জানা গেছে, চেয়ারম্যান না থাকায় পরিষদের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ ও দৈনন্দিন প্রশাসনিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। তা ছাড়া সাধারণ মানুষ পরিষদের সেবা থেকে বঞ্চিত হচ্ছে। ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য মো. নজরুল ইসলাম বলেন, চেয়ারম্যান আত্মগোপনে চলে যাওয়ায় এলাকার জনগণ জাতীয়তা সনদ, জন্ম নিবন্ধন সনদ ইত্যাদি পাচ্ছেন না।
সাতকানিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. হারুন-অর-রশিদ চৌধুরী জানান, সাঈদীর রায়-পরবর্তী সময়ে জামায়াত-শিবিরের তাণ্ডবের ঘটনায় সাতকানিয়া থানায় ১৫টি মামলা হয়েছে। চেয়ারম্যান রেজাউল করিম এসব মামলার অন্তত পাঁচটিতে তালিকাভুক্ত আসামি। পুলিশ তাঁকে গ্রেপ্তারে অভিযান চালালে তিনি গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে চলে গেছেন।
জানতে চাইলে ইউএনও মো. শরীফুল ইসলাম প্রথম আলোকে বলেন, রেজাউল করিম পুলিশের খাতায় আত্মগোপনে থাকলেও তিনি সচিবের মাধ্যমে কিছু কাগজপত্র পাঠিয়ে সই করিয়ে নেন। তবে তিনি গত ছয় মাস ধরে মাসিক আইন-শৃঙ্খলাবিষয়ক সমন্বয় সভায় অনুপস্থিত থেকেছেন। এ ব্যাপারে সম্প্রতি তাঁকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। জবাব পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।