পার্বত্য চট্টগ্রাম মৌলিক শিক্ষা সহায়তাদান প্রকল্প
ছয় হাজারের বেশি শিশুর শিক্ষাজীবন অনিশ্চিত
রাঙামাটি জেলায় ছয় হাজারের বেশি শিশুর শিক্ষাজীবন অনিশ্চিত হয়ে পড়েছে। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) অর্থায়নে জেলার দুর্গম এলাকায় পরিচালিত ‘পার্বত্য চট্টগ্রাম মৌলিক শিক্ষা সহায়তাদান প্রকল্প’ বন্ধ হয়ে যাওয়ায় এ আশঙ্কা দেখা দিয়েছে। প্রকল্প বাস্তবায়নে ছিল রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ।
ইউএনডিপি সূত্রে জানা গেছে, পার্বত্যাঞ্চলে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে শিক্ষা সহায়তার দেওয়ার জন্য এই প্রকল্প চালু হয়েছিল। যেসব দুর্গম এলাকায় বিদ্যালয় নেই সেসব স্থানে বিদ্যালয় প্রতিষ্ঠা ও বিদ্যালয়গুলো জাতীয়করণে সহায়তা করা ছিল প্রকল্পের উদ্দেশ্য।
জেলা পরিষদের শিক্ষা কর্মকর্তা শ্যামল মিত্র চাকমা জানান, জেলার রাজস্থলী, বিলাইছড়ি, জুরাছড়ি ও বাঘাইছড়ি উপজেলায় ২০০৮ সাল থেকে শিক্ষা সহায়তাদান প্রকল্প শুরু হয়। প্রকল্পটি গত জুন মাসে বন্ধ হয়ে যাওয়ায় শিশুদের শিক্ষাজীবন অনিশ্চিত হয়ে পড়েছে। প্রকল্পে ছয়টি সরকারিসহ ১০০টি প্রাথমিক বিদ্যালয়ে ছয় হাজারের বেশি ছাত্রছাত্রী রয়েছে।
প্রকল্প সংশ্লিষ্টরা জানান, প্রকল্পের মেয়াদ ছিল ২০১৩ সালের জুন পর্যন্ত। পরে ২০১৫ সালের জুন পর্যন্ত বাড়ানো হয়। প্রকল্প চলার সময়ে প্রত্যন্ত এলাকার বিভিন্ন বেসরকারি বিদ্যালয়ে শিক্ষক দেওয়া হয়। বিদ্যালয়গুলোকে জাতীয়করণ করার জন্যই এমন পদক্ষেপ ইউএনডিপির। কিন্তু প্রকল্পটি বন্ধ হওয়ায় সবকিছু অনিশ্চয়তার মধ্যে পড়েছে।
জুরাছড়ি উপজেলার চেয়ারম্যানপাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিশির বসু চাকমা বলেন, ‘বিদ্যালয়গুলো সরকারি হবে, এমন আশায় শিক্ষকতা শুরু করেছিলাম। এখন বেতন বন্ধ হওয়ায় অনিশ্চয়তার মধ্যে পড়েছি। পরিবার ভরণপোষণে পাঠদান বন্ধ করে অন্য কাজ করতে হচ্ছে। সপ্তাহে মাত্র দুই-তিন দিন বিদ্যালয়ে যাচ্ছি। আমাদের অনিয়মিত দেখে ছাত্রছাত্রীরাও বিদ্যালয়ে আসছে না।’
রাঙামাটি শহর থেকে ২০০ কিলোমিটারের বেশি দূরে ফারুয়া ইউনিয়নের পশ্চিম মন্দিরাছড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি টুটু তঞ্চঙ্গ্যা বলেন, ‘১৯৮০ দশকে উদ্বাস্তু হওয়ার পর সংরক্ষিত বনের বিভিন্ন স্থানে জুমচাষ করে জীবন যাপন করেছি। বিদ্যালয় পাওয়ার পর ছেলেমেয়েদের পড়াশোনার সুবিধার্থে ৯৮ পরিবার মিলে স্থায়ী বসবাসের চেষ্টা করছি।’
রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান বৃষকেতু চাকমা বলেন, ‘বিকল্প উৎসের মাধ্যমে বিদ্যালয়গুলো চালু রাখার চেষ্টা করছি। প্রকল্প চালু রাখতে অনেক বরাদ্দের প্রয়োজন। তারপরও যত দ্রুত সম্ভব ব্যবস্থা গ্রহণ করা হবে।’