ছাঁচে গড়া নারীত্ব, নাকি মুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এলাদিদি নাটকের বিশেষ মুহূর্তে ঋতুপর্ণা বিশ্বাস l জুয়েল শীল
এলাদিদি নাটকের বিশেষ মুহূর্তে ঋতুপর্ণা বিশ্বাস l জুয়েল শীল

পাশের বাড়ির সুন্দরী, মেধাবী ও মা-বাবার বাধ্য এলাদিদির মতো হতে হবে। ছোটবেলা থেকে পরিবারের এমন দাবি বা আকাঙ্ক্ষা মুক্তিকে নিজের মতো বাড়তে দেয়নি। অতিসাধারণ মেয়ে মুক্তি সে চাওয়ার সঙ্গে তাল মেলাতে গিয়ে হাঁপিয়ে ওঠে। তবু মনপ্রাণ সঁপে দেয় এলাদিদির মতো চৌকস, বাধ্য আর সাংসারিক জীব হয়ে উঠতে। কিন্তু নিয়তির কী নির্মম পরিহাস, আদর্শ নারী এলাই একসময়ে জীবন থেকে ছিটকে যায়। সমাজ নারীর কাছে যা চায়, তার শতভাগ পূরণ করেও এলা বাঁচতে পারে না। তাই মুক্তি নিজের পথই বেছে নেয় শেষ পর্যন্ত। মুক্তির মুখে নাটকের শেষ সংলাপটিও এমন, ‘আমি আমার পথ খুঁজে পেয়েছি।’
৩ ডিসেম্বর সন্ধ্যায় নগরের জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে মঞ্চায়িত হওয়া এলাদিদি নাটকে নারীর আত্মপরিচয়, তার স্বাধীন বিকাশ ও মুক্ত মানুষ হিসেবে বেঁচে থাকার সংগ্রামই মুখ্য হয়ে ওঠে। নান্দীমুখ আন্তর্জাতিক নাট্যোৎসবের সপ্তম দিনে ভারতের ‘আত্মপরিচয়’ নাট্যদল মঞ্চস্থ করে নাটকটি। নাটকের মূল গল্প নেওয়া হয়েছে নীলা বন্দ্যোপাধ্যায়ের গল্প থেকে। নাটকটি রচনায় ও অভিনয়ে ছিলেন ঋতুপর্ণা বিশ্বাস। নির্দেশনা দিয়েছেন শুভেন্দু ভাদুড়ি।
দেশ-কাল পেরিয়ে মুক্তির কাহিনি শেষ পর্যন্ত সব বাঙালি পরিবারের মেয়ের কাহিনি হয়ে ওঠে। মুক্তি সম্ভ্রান্ত ঘরের ছাঁচে গড়া নারী হতে চায়। কিন্তু রূপ আর অর্থবিত্ত সে পথে বাধা। তবু প্রাণান্ত চেষ্টা থামে না। স্বামীর নির্যাতন সহ্য করেও মুখ বুজে শ্বশুরবাড়িতে পড়েছিল এলাদিদির মতো। কিন্তু একদিন সংবাদ এল, শ্বশুরবাড়িতে এলাদিদি আত্মহত্যা করেছে। এ ঘটনার পর মুক্তি উপলব্ধি করে, নিজেকে নিজের পথ খুঁজে নিতে হবে। প্রথমবারের মতো মুক্তি নিজেকে চিনতে শেখে। নিজের আমিত্বকে উপলব্ধি করে।
ঘণ্টা খানেকের এই নাটকে অসামান্য অভিনয় করে ক্ষণে ক্ষণে দর্শকের চোখ ভিজিয়েছেন ঋতুপর্ণা বিশ্বাস। নাটকের আলোক ও মঞ্চসজ্জাও ছিল মনে রাখার মতো। নির্দেশনার গুণে নাটকটির প্রতিটি মুহূর্ত উপভোগ্য হয়ে উঠেছে। দর্শকদের সাড়া পেয়ে অভিভূত নির্দেশক শুভেন্দু ভাদুড়িও। নাটক শেষে তিনি বলেন, ‘এই প্রথমবারের মতো আমরা নাটক নিয়ে বাংলাদেশে এলাম। দর্শকদের কাছ থেকে বিপুল সাড়া পেয়ে আমরা অভিভূত।’