ছাগল পালন করে স্বপ্নপূরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তাঁর স্বপ্ন ছিল নতুন কিছু করে সমাজের অন্যদের সামনে দৃষ্টান্ত স্থাপন করা। দুই বছর আগে শুরু স্বপ্নযাত্রা। ইতিমধ্যে তাঁর কার্যক্রম নজর কেড়েছে আশপাশের লোকজনের। খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলার মাইচছড়ি এলাকার নুনছড়ি গুচ্ছগ্রামের বাসিন্দা জহিরুল ইসলাম পেশায় স্থানীয় একটি মসজিদের ইমাম ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তাঁর স্বপ্নের নতুন পেশা ছাগল পালন। তাঁর এই কাজ দেখে এলাকার আরও কেউ কেউ তাঁকে অনুকরণ করতে শুরু করেছেন। দুই বছর আগে মাত্র তিনটি ছাগল পালনের মাধ্যমে জহিরুল ইসলাম তাঁর স্বপ্নপূরণের যাত্রা শুরু করেন। পরবর্তী সময়ে তিনি বিভিন্ন জাতের আরও ছাগল সংগ্রহ করেন। বর্তমানে তাঁর খামারে হরিয়ানা, পাটনা, রামছাগলসহ বিভিন্ন জাতের ছাগলের সংখ্যা ছোট-বড় মিলে ২৮টি। কেন ছাগলের খামারের প্রতি আগ্রহ জন্মাল এমন প্রশ্নের জবাবে জহিরুল ইসলাম বলেন, ‘সমাজে ইমামেরা অবহেলিত। সবাই মনে করে ইমামেরা ইমামতি ছাড়া অন্য কিছু করতে পারেন না। এ ধারণা মিথ্যা প্রমাণের জন্যই আমি এ কাজে হাত দিয়েছি। আমি সমাজের লোকদের বোঝাতে চাইছি, সমাজের কল্যাণে অর্থ উপার্জনের যেকোনো উপায় ইমামেরা বের করতে পারেন।’ সম্প্রতি মহালছড়ি উপজেলার মাইচছড়ি বাজারের আধা কিলোমিটার পশ্চিমে নুনছড়ি গুচ্ছগ্রামে গিয়ে দেখা যায়, জহিরুল ইসলামের বাড়ির চারপাশে অনেক ছাগল ঘোরাফেরা করছে। একটি টিনের বড় ঘরে ছোট ছোট চৌকি। তিনি জানান, পাকা মেঝের ওপর ছাগল শুলে তাদের ঠান্ডা লাগে, অসুখ হয়। তাই এসব চৌকির ওপর ছাগল রাখার ব্যবস্থা করা হয়েছে। জহিরুলের স্ত্রী সাফিয়া খাতুনও ছাগল পালনে ইতিমধ্যেই দক্ষ হয়ে উঠেছেন। স্বামী-স্ত্রী দুজনেই পরম যত্নে ছাগলের খামারটি রক্ষণাবেক্ষণ করেন। জহিরুল ইসলামের দাবি, তাঁর খামারে অন্তত পাঁচ লাখ টাকার ছাগল রয়েছে। ছাগলের যেকোনো অসুখের প্রাথমিক চিকিৎসা তিনি নিজে করেন। পরে উপজেলা প্রাণিসম্পদ চিকিৎসকের পরামর্শ নেন।জহিরুল জানান, ছাগলের খামার গড়তে এখনো তিনি কোনো ব্যাংক বা সংস্থা থেকে ঋণ নেননি। তিনি বলেন, ‘নিজের প্রচেষ্টায় এই খামারটি গড়ে তুলেছি। পাঁচ মাস আগে চট্টগ্রাম থেকে একটি হরিয়ানা জাতের ছাগল সংগ্রহ করেছি। এবারে হিন্দু সম্প্রদায়ের পূজার সময় তিনটি ছাগল বিক্রি করেছি ৬০ হাজার টাকায়।’ জহিরুল জানান, ছাগলের খাবারের পেছনে দিনে ৩০০ টাকার বেশি খরচ হয়। খাবারের মধ্যে রয়েছে ছোলাবুট, গম, ছোলার ভুসি, কাঁঠালগাছের পাতা।’ইমাম জহিরুল ইসলামের সাফল্যে উদ্বুদ্ধ হয়েছেন একই গুচ্ছগ্রামের বাসিন্দা আবুল ফজল মিয়া। ছোট পরিসরে তিন-চারটি ছাগল পালন শুরু করেছেন তিনি। আবুল ফজল বলেন, ‘ইমাম সাহেবের ছাগলের খামার দেখে আমার নিজেরও ইচ্ছে জাগে এ রকম একটি খামার করতে। কিন্তু জায়গা কম ও পুঁজির অভাবে ইমাম সাহেবের মতো বড় খামার করতে পারছি না। তবে চেষ্টা চালিয়ে যাব।’ মহালছড়ি উপজেলার প্রাণিসম্পদ কর্মকর্তা তুষার কান্তি দেওয়ান বলেন, ‘মহালছড়ি উপজেলায় একমাত্র জহিরুল ইসলামের ছাগলের খামার রয়েছে। তিনি আমাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ করে বিভিন্ন পরামর্শ নেন। আমরা তাঁর চাহিদা অনুযায়ী খামারে গিয়ে পরামর্শ ও চিকিৎসাসেবা দিয়ে থাকি।’ তবে তিনি জানান, জহিরুল খামারের ছাগলের চাহিদা অনুযায়ী খাবার জোগান দিতে না পারায় ছাগলগুলো প্রত্যাশা অনুযায়ী স্বাস্থ্যবান হয়নি।