ছাগলকথা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটি কালো রঙের ছাগল; তার গলায় দড়ি দিয়ে তিন ভাইবোনের দিগিবদিক ছুটে চলা—এটাই ছিল আমাদের ছোটবেলার কোরবানির ঈদ। ছাগল নিয়ে আমাদের ভাইবোনদের কলোনি ভ্রমণ এমনভাবে চলত, যেন আমরাই এই রাজ্যের রাজা ও রানি। আমাদের আনন্দে ঢোলের বাড়ি দিতে সদা প্রস্তুত থাকতেন আব্বা। মোটামুটি চর্বিযুক্ত সবচেয়ে লম্বা, বিশালদেহী, নিকষ কালো ছাগলই তাঁকে কিনে নিয়ে আসতে হবে। হোক সে ছাগলের গায়ে মাংস কম, কিন্তু চোখ ্তুজুড়ানো চাই! ঈদের দুই দিন আগে ছাগল কেনা হতো এবং স্বাভাবিকভাবেই আমাদের নাওয়া-খাওয়া আসমানে উঠে যেত। দিনভর ছাগল নিয়ে পাতা খাওয়ানো, ঘুরে বেড়ান চলত। আর দুপুর বেলাটা নির্ধারিত ছিল ছাগলের রূপচর্চায়। এ সময় আব্বাসহ আমরা ভাইবোনেরা চরম উৎসাহে ছাগলের রূপ বর্ধনের কাজে নেমে পড়তাম। গোসলখানায় শ্যাম্পু দিয়ে ছাগলকে গোসল করানো, অতঃপর আম্মার গামছা দিয়ে পরিষ্কার করে ঘরে নিয়ে আসা, সরষের তেল মেখে চিরুনি দিয়ে ছাগলটাকে আঁচড়ানো ইত্যাদি। অন্যদিকে আম্মার গগনবিদারী চিৎকারও পাল্লা দিয়ে চলত। গামছা, চিরুনি ছাগলের গায়ে ব্যবহার করার অপরাধে কড়া শাস্তি ভোগ করতে হতো আমাদের। এই শাস্তি অবশ্য আনন্দচিত্তে আমরা মেনে নিতাম, যখন দেখতাম ছাগলের রূপ ঠিকরে বের হচ্ছে। আমাদের বাসা তিনতলায় হলেও আমরা অবুঝ ছাগলটাকে টানাটানি করে ঠিকই বাসার ভেতরে নিয়ে আসতাম। ওর নিরাপত্তার প্রশ্নে কোনো ছাড় নেই। একবার ঈদের আগের রাতে অবুঝ ছাগলটাকে আমাদের পড়ার ঘরে রাখলাম। সেখানে আমাদের বই-খাতা, পড়ার টেবিল আর একটা ছোট্ট চৌকি ছিল। আমরা ভাইবোনেরা ওই চৌকির ওপরেই খাই, ঘুমাই, খেলাধুলা করি—নয়তো ছাগলটাকে সময় দেব কী করে? তখন ছিল শীতের সময়। মেঝো আপুর মনে হলো ছাগলটার শীতবস্ত্র দরকার, তাই আমাদের কাঁথা নিয়ে ছাগলটার গায়ের ওপর দিল। কাল ছাগলটা জবাই হবে—এ কথা ভাবতেই কেঁদে কেঁদে চৌকিতেই ঘুমিয়ে পড়ল আপু। কে জানত, তার জন্য একটু পর বড়সড় এক চমক অপেক্ষা করছে! আপু ঘুম থেকে উঠে দেখেন, বিদ্বান (!) ছাগলটা আমাদের সবার বই-খাতা চিবিয়ে কুচি কুচি করেছে। বুদ্ধিহীন মানুষদের সবাই ‘ছাগল’ বলে গাল দেয়, তাই হয়তো সেই ছাগলটি বই পড়ে শিক্ষিত হওয়ার চেষ্টা করেছিল—এই ভেবে আমরা কিছু মনে করলাম না। তবে আমাদের আদরের ছোট ভাই রুম্মান ক্ষমা করতে পারেনি তার প্রিয় ছাগলকে। তখন সে অনেক ছোট। বয়স কত হবে—তিন কি চার! ছাগলকে একমনে আদর করছিল। নিজের ঈদের জামা ছাগলকে পরানোর চেষ্টা করছিল। ছাগল তখন বেজায় খুশি। আহ্লাদে গদগদ হয়ে দাঁত বের করে কৃতজ্ঞতা জানাল! ব্যস, আর যায় কই? ছাগলের দাঁত কেলানো দেখে ভয়ে আমার ভাইয়ের জ্বর এসে গেল! ভাই আমার বিলাপ করে কাঁদছিল আর বলছিল, ‘ছাগল কেন আমাকে দেখে হাসল, ছাগল কেন আমাকে দেখে হাসল, আমি ছাগলকে মাফ করব না। আমি ছাগলকে মাফ করব না!’শাহানা শারমীনঢাকা।