ছাগলকাহিনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মতি মিয়ার ঘুম ভাঙল ভয়াবহ দুঃস্বপ্ন দেখে। একটা ছাগল বাড়ির সামনের কাঁঠালগাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। হঠাৎ প্রচণ্ড তুফান শুরু হলো। তারা দুজনে দৌড়াতে আরম্ভ করল। মতি মিয়া চিৎকার করে তার বউকে ডাকতে লাগল। কী আশ্চর্য! তার গলা দিয়ে অবিকল ছাগলের মতো ম্যাঁ ম্যাঁ শব্দ হতে লাগল। প্রবল আতঙ্ক নিয়ে তার ঘুম ভাঙল। খাটের পাশে তার ছাগলটা প্রাণপণে চেঁচিয়ে যাচ্ছে। এই ছাগলটাকে নিয়ে সে বিরাট বিপদে আছে। সামান্য একটা ব্যাপার থেকে যে এত বড় ঘটনা ঘটে যাবে, সে স্বপ্নেও ভাবেনি। সে গিয়েছিল চেয়ারম্যান অফিসে সরকারের ‘ছাগল পালন কর্মসূচি’র ছাগল আনতে। সেখানে ঘটনার শুরু।মতি মিয়া বাজারে চা খেতে গিয়ে জানতে পারল, সরকার দরিদ্র মানুষদের প্রতি পরিবারের জন্য একজোড়া (একটা ছাগল, একটা ছাগী) করে ছাগল দেবে। আগামী শুক্রবার বাদ আসর চেয়ারম্যান অফিস থেকে ছাগল আনতে হবে। খবর শুনে মতি মিয়ার চোখ-মুখ উজ্জ্বল হয়ে উঠল। সে রাত-দিন হিসাব করতে লাগল, ছাগল জোড়া বছরে তিনটা বাচ্চা দেবে। তারা আবার বাচ্চা দেবে। সেই বাচ্চার বাচ্চারা বড় হয়ে আবার বাচ্চা দেবে। এভাবে কয়েক বছর পরে তার কী রমরমা অবস্থা হবে। তাই জুমাবারের দিন সে আসরের অনেক আগেই চেয়ারম্যান অফিসের সামনে গিয়ে বসে রইল। কিন্তু ছাগল বিতরণ শুরু হলে দেখা গেল ঘটনা ভিন্ন; রীতিমতো হরিলুট। চেয়ারম্যান-মেম্বাররাও তাদের আত্মীয়স্বজনসহ দরিদ্রের তালিকায় চলে এসেছে। মতি মিয়া কী করবে বুঝতে না পেরে কিছুক্ষণ দৌড়-ঝাঁপ দিল। তারপর এর-ওর কাছে তদবির শুরু করল। অবশেষে সন্ধ্যার আগে আগে হতভম্ব অবস্থায় ছাগী ছাড়া শুধু একটা ছাগল নিয়ে বাড়ি ফিরল। অবশ্য কাগজে-কলমে মতি মিয়ার নামে একজোড়া ছাগল বরাদ্দ দেখানো হলো।মতি মিয়ার স্বপ্নভঙ্গ হলো। ছাগল তো আর বাচ্চা দেবে না; দুধও পাওয়া যাবে না। তাই সে ঠিক করল, ছাগলটা বড় হলে হাটে বিক্রি করে দেবে। কিছু টাকা অন্তত পাওয়া যাবে। সেই টাকা দিয়ে কিছু হাঁস-মুরগি কেনা হবে। সেগুলো ডিম দেবে। সেই ডিম থেকে বাচ্চা হবে। তারা বড় হয়ে আবার ডিম দেবে। আবার বাচ্চা, আবার ডিম, আবার বাচ্চা...আহ্!পরদিন থেকে প্রবল উৎসাহে ‘ছাগল পালন কর্মসূচি’ বাস্তবায়িত হতে লাগল। ছাগল সারা দিন মাঠে ঘাস খায়, মতি মিয়া প্রবল আগ্রহ নিয়ে দেখে। রাতে একই ঘরে ঘুমায়। সে বিছানায় শুয়ে নাক ডাকে, আর ছাগল নিচে মেঝেতে বসে জাবর কাটে। যত্নের কোনো ত্রুটি হলো না, খাবারেরও কোনো অভাব পড়ল না। শুধু কিছুদিন পর সমস্ত আগ্রহ শেষ হয়ে গেল। কারণ মতি মিয়ার আসল বিপদ কিছুদিন পরই শুরু হলো, যখন ছাগল বিতরণের আসল কারণ জানা গেল। মাসখানেক পরেই চেয়ারম্যান অফিসে সব ছাগল পালনকারীর ডাক পড়ল। মিটিংয়ের বিষয়: ‘ছাগল পালন কর্মসূচির অগ্রগতি পর্যালোচনা।’ বক্তারা প্রসঙ্গের ধারেকাছেও গেলেন না। সবাই ছাগল দিয়ে শুরু করলেন এবং যথারীতি বক্তৃতা বিভিন্ন রাজনৈতিক ইস্যুতে টেনে নিয়ে গেলেন। মতি মিয়া চা আর টোস্ট বিস্কুট খেতে খেতে চোখে-মুখে যথাসম্ভব আগ্রহী ভাব নিয়ে বক্তৃতা শুনল। মাঝে মাঝে গম্ভীরভাবে মাথা নেড়ে তাতে সায় দিল। প্রধান প্রকল্প সমন্বয়কারীর বক্তৃতার সময় সে দুবার হাততালিও দিল। আর মনে মনে বলল, ‘এ্যাই বেক্কল , চুপ থাক। তুই ছাগল পালনের কী বুঝছ? তোর চেহারাই তো ছাগলের মতো।’ মিটিং শেষে একজন কর্মকর্তা হাসি হাসি মুখে ভয়াবহ দুঃসংবাদটি দিলেন—প্রত্যেক ছাগল পালনকারীকে মাস শেষে চেয়ারম্যান অফিসে রিপোর্ট করতে হবে এবং বছর শেষে বাচ্চা ও ছাগল থেকে আয়ের হিসাব দিতে হবে। ছাগলের কোনো ক্ষতি হলে বা বিক্রি করে দিলে জরিমানা দিতে হবে। সব শুনে মতি মিয়ার মাথা ঘুরে গেল। সে চোখে সরষে ফুল নয়, পুরো সরষেখেত দেখতে লাগল।মতি মিয়া ভেবেছিল, সরকার তাকে ছাগল দান করেছে। এখন বুঝতে পারল, আসলে অনুদান দিয়েছে। তা-ও আবার দুটির জায়গায় একটি। মানুষ খাল কেটে কুমির আনে, সে ছাগল নিয়ে এসেছে। সেই নিরীহ ছাগলের একমাত্র কাজ হচ্ছে সারা দিন ঘাস খাওয়া এবং সারা রাত গলা ফাটিয়ে ম্যাঁ ম্যাঁ করা। ছাগল তো আর দুধ বা বাচ্চা কোনোটাই দিতে পারে না। সুতরাং আয়ের তো প্রশ্নই আসে না। এদিকে দিন যেতে লাগল আর মতি মিয়ার চিন্তাও বাড়তে লাগল। একবার ভাবল, ছাগল ফেরত দিয়ে দেবে। কিন্তু তা-ও সম্ভব না। ফেরত দিলে দুটি দিতে হবে। মতি মিয়ার পক্ষে আরেকটা ছাগল কেনা দূরে থাক, ছাগলের দড়ি কেনারও সামর্থ্য নেই। সে বিমর্ষমুখে ঘুরে বেড়াতে লাগল। এর-ওর কাছে গিয়েও কোনো লাভ হলো না। চেয়ারম্যান অফিসে কয়েকবার ধরণা দিয়েও কোনো ফল হলো না।দেখতে দেখতে বছর ঘুরে গেল। মতি মিয়াকে প্রায় চেনাই যায় না। এক বছরে ছাগল যতটা হূষ্টপুষ্ট হয়েছে, মতি মিয়া তার চেয়ে বেশি চিমেস গেছে। আয়নায় নিজের চেহারা দেখে মতি মিয়া চমকে উঠল। চেহারায় পরিষ্কার ছাগলভাব চলে এসেছে। চোয়াল দুটো ঝুলে পড়েছে। কান দুটোও মনে হচ্ছে কিছুটা লম্বা লাগছে। আর কয়েক দিন পরেই ছাগলের হিসাব দিতে হবে। এখনো কোনো উপায় বের হলো না। সে চিন্তিতমুখে দিন কাটাতে লাগল। একদিন রাতে ঘুমাতে যাওয়ার সময় হঠাৎ তার মাথায় বিদ্যুৎ খেলে গেল, চোখ-মুখ উজ্জ্বল হয়ে উঠল। বুদ্ধি পাওয়া গেছে। পরদিন হাটে গিয়ে সে ছাগলটা ভালো দামে বিক্রি করে ছোট ছোট দুটো ছাগলের বাচ্চা কিনে নিয়ে এল।অবশেষে নির্দিষ্ট দিনে পরিদর্শক দল এল। মতি মিয়া সকাল থেকে দুটি বাচ্চা কাঁঠালপাতাসহ উঠানে বেঁধে রাখল। কর্মকর্তারা এলে সে তাঁদের হাতে বাচ্চা দুটি ধরিয়ে দিয়ে বলল, সে আর ছাগল পালতে পারবে না; ফেরত দিতে চায়। বাচ্চা দেখে তাঁদের তো চক্ষুস্থির! ছাগল কোথায়? ‘এগুলিই আপনাদের ছাগল। ভেজাল খেয়ে খেয়ে আর অপুষ্টিতে ভুগে ছোট হয়ে গেছে। তা ছাড়া কোথাও বলা নেই যে বড় ছাগলই ফেরত দিতে হবে। দুটি ছাগল নিয়েছি, দুটি ফেরত দিয়েছি, ব্যস।’ মতি মিয়া বলল। কর্মকর্তারা রেগে গিয়ে বললেন, ‘মামদোবাজি? ছাগল আবার ছোট হয়!’ মতি মিয়ার জবাব, ‘এটা অসম্ভব সম্ভব হওয়ার দেশ। এই দেশে সবই হয়। এখানে দুটি ছাগল যদি একটা হতে পারে, তাহলে বড় ছাগল ছোটও হতে পারে।’ অগত্যা কর্মকর্তারা মতি মিয়ার মুখ থেকে সব ঘটনা শুনে খাতায় ‘ছাগল বুঝিয়া পাইলাম’ লিখে বাচ্চা দুটি নিয়ে চলে গেলেন।  জহিরুল ইসলাম মতিঝিল, ঢাকা।