ছাগলনাইয়া দুর্ধর্ষ ডাকাতি
ছাগলনাইয়া পৌরসভার পূর্ব ছাগলনাইয়া গ্রামের হালিম উল্লাহ মুন্সির বাড়িতে গত মঙ্গলবার গভীর রাতে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতেরা নগদ ১০ লাখ টাকা, ৭০ ভরি স্বর্ণালংকারসহ অন্তত ৫০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।পুলিশ ও এলাকাবাসী জানায়, ছাগলনাইয়া পৌরসভার পূর্ব ছাগলনাইয়া গ্রামের হালিম উল্লাহ মুন্সির বাড়িতে গত মঙ্গলবার রাতে ২৫ থেকে ৩০ জনের একদল মুখোশধারী সশস্ত্র ডাকাত হানা দিয়ে ঘরের কলাপসিবল গেট ও দরজা ভেঙে ভেতরে ঢোকে। ডাকাতেরা সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে আলমারি ভেঙে স্বর্ণালংকার, নগদ টাকা ও অন্যান্য মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। ডাকাতদের বাধা দেওয়ার চেষ্টা করায় তারা গৃহকর্তা, তাঁর স্ত্রী ও ছেলে-মেয়েসহ আটজনকে পিটেয়ে ও কুপিয়ে আহত করে। আহত ব্যক্তিরা হলেন, গৃহকর্তা মুন্সি হালিম উল্লাহ, তাঁর স্ত্রী আছকিরের নেছা, ছেলে মোজাম্মেল হক, বিপ্লব, মেয়ে মুক্তা, পুত্রবধূ মুন্নী, রিংকু ও কাজের মেয়ে টুম্পা। আহত ব্যক্তিদের মধ্যে মোজাম্মেল হককে রাতেই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। অন্যদেরকে ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। গৃহকর্তা মুন্সি হালিম উল্লা দাবি করেন, ডাকাতেরা তাদের ঘর থেকে নগদ ১০ লাখ টাকা , ৭০ ভরি স্বর্ণালংকার, চারটি ডিজিটাল ক্যামেরা, মোবাইল ফোনসেট ও অন্যান্য মূল্যবান মালামালসহ আনুমানিক ৫০ লাখ টাকার সম্পদ লুট করে নিয়ে গেছে। গত বুধবার সকালে ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার আবু আহম্মদ আল মামুন, ছাগলনাইয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমিনুর রশিদ, উপজেলা চেয়ারম্যান আবু আহম্মদ মজুমদার, পৌর মেয়র মো. আলমগীর ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় গৃহকর্তা মুন্সি হালিম উল্লা বাদী হয়ে ছাগলনাইয়া থানায় একটি ডাকাতির মামলা দায়ের করেছেন।