ছাগলনাইয়া পৌরসভা নির্বাচনে বেকায়দায় আ. লীগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর ছাগলনাইয়া পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে উপজেলা সদরে সরকারি দল আওয়ামী লীগ ও প্রধান বিরোধী দল বিএনপির নেতা-কর্মী ও সমর্থকদের কর্মতৎপরতা নতুন মাত্রা এনেছে। আওয়ামী লীগের নেতা-কর্মীদের প্রত্যাশা—ক্ষমতায় যেহেতু আওয়ামী লীগ, তাই পৌরসভায় তাঁদের দলের একজন মেয়র নির্বাচিত হলে এলাকায় ব্যাপক উন্নয়ন হবে। অন্যদিকে, বিএনপির নেতা-কর্মীরা দ্বিতীয়বারের মতো মেয়র পদটি ধরে রাখতে বদ্ধপরিকর। কিন্তু একক প্রার্থী থাকায় বিএনপি স্বস্তিতে থাকলেও দলীয় সমর্থক পাঁচজন প্রার্থী থাকায় বেকায়দায় আছে আওয়ামী লীগ। আগামী ১২ জুন ছাগলনাইয়া পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে।জেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, ইতিমধ্যে মেয়র, সংরক্ষিত মহিলা সদস্য ও সাধারণ ওয়ার্ড সদস্যপদে মনোনয়নপত্র বাছাইপ্রক্রিয়া শেষ হয়েছে। ২৬ মে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। ছাগলনাইয়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে ছয়জন, তিনটি সংরক্ষিত মহিলা সদস্যপদে নয়জন ও নয়টি সাধারণ ওয়ার্ড সদস্যপদের জন্য ৪৮ জনের মনোনয়নপত্র বৈধ বলে বিবেচিত হয়েছে। মেয়র পদপ্রার্থীরা হলেন—মো. আলমগীর, কাজী ওমর ফারুক, আবুল খায়ের মজুমদার ওরফে বাবুল, আবুল হাসেম চৌধুরী, মো. জিয়া হায়দার ও মোহাম্মদ মোস্তফা। হলফনামায় তথ্য গোপনের অভিযোগে আবু তাহের চৌধুরীর মনোনয়নপত্র বাতিল হয়ে গেছে। ছাগলনাইয়া পৌরসভার বর্তমান মেয়র মো. আলমগীর বিগত পৌরসভা নির্বাচনে বিএনপি-সমর্থিত প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছিলেন। এবারও তিনি বিএনপি-সমর্থিত একক মেয়র পদপ্রার্থী হিসেবে মাঠে নেমেছেন।অন্য পাঁচ প্রার্থী কোনো না কোনোভাবে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত বলে জানা গেছে। এর মধ্যে কাজী ওমর ফারুক ছাগলনাইয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি, আবুল খায়ের মজুমদার ওরফে বাবুল উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, আবুল হাসেম চৌধুরী উপজেলা আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক ও মোহাম্মদ মোস্তফা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফয়েজ আহম্মদের ছোট ভাই। মো. জিয়া হায়দারও আওয়ামী লীগ-সমর্থক হিসেবে পরিচিত। আওয়ামী লীগ-সমর্থক হিসেবে পাঁচ মেয়র পদপ্রার্থী মাঠে থাকায় সাধারণ কর্মী-সমর্থকদের মধ্যে চরম হতাশা দেখা দিয়েছে।উপজেলা ছাত্রলীগের সভাপতি কাজী ওমর ফারুক প্রথম আলোকে বলেন, ‘দলের সিদ্ধান্তে প্রার্থী হয়েছি এবং মাঠে আছি। অন্য কোনো সিদ্ধান্ত হলেও মাঠ ছাড়ব না।’উপজেলা আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক আবুল হাসেম চৌধুরী জানান, দলের দীর্ঘদিনের ত্যাগী নেতাদের মূল্যায়ন করা হচ্ছে না। তিনি স্থানীয় সমর্থক ও ভোটারদের অনুরোধে প্রার্থী হয়েছেন এবং নির্বাচন করার সিদ্ধান্তে অটল থাকবেন বলে উল্লেখ করেন।নাম প্রকাশ না করে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বেশ কয়েকজন কর্মী-সমর্থক নির্বাচনী মাঠে দলের নাম ভাঙিয়ে এত প্রার্থী থাকার জন্য দলীয় নেতৃত্বের ব্যর্থতাকে দায়ী করেছেন। ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন জানান, তাঁরা প্রাথমিকভাবে উপজেলা ছাত্রলীগের সভাপতি কাজী ওমর ফারুককে দলীয় সমর্থনের কথা জানিয়েছিলেন। কিন্তু এ নিয়ে দলের ভেতরে কারও কারও আপত্তি রয়েছে। তিনি বলেন, ‘মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ২৬ মে। তার আগের দিন ২৫ মে উপজেলা ও পৌর কমিটির সভা ডাকা হয়েছে। সেখানে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। একজন ছাড়া অন্যদের প্রার্থিতা প্রত্যাহারের জন্য বলা হবে। কেউ দলের সিদ্ধান্ত অমান্য করলে তাঁকে দল থেকে বহিষ্কার করা হবে।’ উপজেলা বিএনপির সভাপতি ও ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান নূর আহম্মদ বলেন, ‘এ এলাকা থেকে বর্তমান মেয়র মো. আলমগীরও বিগত পৌরসভা নির্বাচনে বিএনপির সমর্থন নিয়ে মেয়র নির্বাচিত হন। এবারও বিএনপি তাঁকে একক প্রার্থী হিসেবে মনোনীত করেছে।’