ছাগলনাইয়াতে ওয়াইডিএসএসের কার্যক্রম
ছাগলনাইয়া উপজেলায় ইয়ুথ ডেভেলপমেন্ট অ্যান্ড সেলফ এমপ্লয়মেন্ট সোসাইটি (ওয়াইডিএসএস) নামের একটি স্বেচ্ছাসেবী সংস্থা ২০০৭ সাল থেকে তৃণমূল পর্যায়ে তথ্যপ্রযুক্তি (আইটি) উন্নয়নের লক্ষ্যে কাজ করে আসছে। সংস্থাটিকে উপজেলার ইউনিয়ন তথ্য ও সেবাকেন্দ্রের মাধ্যমে ৭৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ২৮টি উচ্চমাধ্যমিক বিদ্যালয় ও ২৩টি মাদ্রাসার শিক্ষার্থীদের কম্পিউটার প্রশিক্ষণ প্রদানে অনুমতি দিয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা। জানা গেছে, স্বেচ্ছাসেবী সংস্থাটি ২০১০ সালে অন্যান্য কার্যক্রমের পাশাপাশি উপজেলার আটটি শিক্ষাপ্রতিষ্ঠানে সফলভাবে শিক্ষার্থীদের কম্পিউটার প্রশিক্ষণ দিয়েছে। সংস্থাটি উপজেলাভিত্তিক ডেটাবেইস ওয়েবসাইট তৈরি, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের কম্পিউটার প্রশিক্ষণ প্রদান, ইউনিয়ন তথ্য ও সেবাকেন্দ্রগুলোর মানোন্নয়নের লক্ষ্যে তথ্যকর্মীদের বিনা মূল্যে উচ্চতর প্রশিক্ষণ প্রদান এবং ওই সব কেন্দ্রের মানোন্নয়নের লক্ষ্যে স্বেচ্ছাশ্রম ও বিভিন্ন ট্রেডভিত্তিক প্রশিক্ষণ কোর্স পরিচালনা করছে। সংস্থার বহুমুখী কার্যক্রম আরও বেগবান করতে এবং ডিজিটাল বাংলাদেশ তৈরিতে সরকারি সহযোগিতা পেলে শুধু উপজেলায় নয়, সারা দেশে বিস্তার লাভ করবে বলে মনে করছেন সংস্থার সভাপতি জাহাঙ্গীর আলম।