ছাগলনাইয়ায় আট কর্মকর্তার পদ খালি
ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলায় প্রথম শ্রেণীর আটটি পদ দীর্ঘদিন থেকে শূন্য পড়ে আছে। এতে প্রশাসনিক কাজে স্থবিরতা নেমে এসেছে। দুর্ভোগে পড়ছেন সংশ্লিষ্ট বিভাগের সঙ্গে বিভিন্ন কাজে যুক্ত সাধারণ মানুষ। প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগের আটটি পদ কয়েক বছর থেকে শূন্য রয়েছে। এগুলো হচ্ছে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, পরিসংখ্যান কর্মকর্তা, মৎ স্য কর্মকর্তা, সাব- রেজিস্টার, সহকারী কমিশনার (ভূমি), সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ, বন কর্মকর্তা ও শিশু পরিবারের উপতত্ত্বাবধায়ক।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা পদটি এক বছর ধরে খালি। ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করছেন ডা. নুরুল আফসার। তিনিও চলতি বছর ডিসেম্বরে অবসরে যাবেন। বর্তমানে একই সঙ্গে হাসপাতালের প্রশাসনিক কাজ, সমন্বয় কমিটির সভায় যোগদান এবং রোগীদের চিকিৎ সাসেবা দিতে গিয়ে হিমশিম খাচ্ছেন তিনি।উপজেলা হিসাবরক্ষণ কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা তাজুল ইসলাম ২০০৮ সালের ৩১ ডিসেম্বর অবসরে যাওয়ার পর থেকেই পদটি খালি রয়েছে। ফলে আদমশুমারি ও উপজেলার জনসংখ্যার হিসাব সংগ্রহ ও সংরক্ষণের কাজ ব্যাহত হচ্ছে। উপজেলায় মৎ স্য কর্মকর্তা নেই ২০০৬ সালের ১৭ জুলাই থেকে। ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করছেন সহকারী মৎ স্য কর্মকর্তা দেলোয়ার হোসেন। মৎ স্যচাষি হুমায়ুন কবির অভিযোগ করেন, মৎ স্য কর্মকর্তা না থাকায় চাষিরা যথাযথ সেবা পাচ্ছেন না। ভারপ্রাপ্ত কর্মকর্তা কোনো গুরুত্বপূর্ণ ও জরুরি বিষয়ে সিদ্ধান্ত দিতে পারেন না বলে জানান তিনি। উপজেলা সাব-রেজিস্টার পদটি খালি ২০০৭ সাল থেকে। ফলে জমি নিবন্ধনের কাজ বাধাগ্রস্ত হচ্ছে। পরিস্থিতি সামাল দিতে সপ্তাহে দুই দিন (রোববার ও সোমবার) অতিরিক্ত দায়িত্ব পালন করছেন সোনাগাজী উপজেলার সাব-রেজিস্টার মো. মোশারফ হোসেন। তিনি বলেন, ‘পুরো ফেনী জেলার ছয়টি উপজেলায় সাব-রেজিস্টার আছেন মাত্র তিনজন। প্রত্যেককেই দুটি করে উপজেলা সামলাতে হচ্ছে।’সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা নেই দীর্ঘ পাঁচ বছর। ফলে ভোগান্তিতে পড়ছেন ভূমিসংক্রান্ত বিভিন্ন কাজে আসা সংশ্লিষ্ট ব্যক্তিরা। পদটিতে অতিরিক্ত দায়িত্ব পালন করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোমিনুর রশীদ।সরকারি শিশু পরিবারের উপতত্ত্বাবধায়ক পদটিও এক বছর থেকে খালি রয়েছে। ফলে সংস্থার ১৭৫ জন এতিম শিশুর দেখাশোনায় সমস্যা হচ্ছে। শিক্ষকেরা এসব শিশুর পড়ালেখার প্রতি উদাসীন থাকেন বলে অভিযোগ রয়েছে। পদটিতে অতিরিক্ত দায়িত্ব পালন করছেন সমাজসেবা কর্মকর্তা মো. কামরুল পাশা ভূঁইয়া। তিনি বলেন, ‘আমার নিজের কার্যালয়ের অনেক কাজ করার পরও শিশু পরিবারের অতিরিক্ত দায়িত্ব পালনে খুব বেগ পেতে হচ্ছে।’ ছাগলনাইয়া সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ নেই এক বছর ধরে। ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করছেন উপাধ্যক্ষ বিমল কান্তি পাল। তিনি বলেন, ‘কলেজটিতে এমনিতে শিক্ষকসংকট রয়েছে। তার ওপর অভিভাবক (অধ্যক্ষ) নেই। দুই হাজার শিক্ষার্থীর এ কলেজ পরিচালনায় আমি খুব অসুবিধায় আছি।’ উপজেলা বন কর্মকর্তা নেই প্রায় দুই বছর। ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করছেন ছাগলনাইয়া রেঞ্জ সহকারী কর্মকর্তা মো. আনোয়ার হোসেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোমিনুর রশীদ বলেন, ‘ইউএনও হিসেবে আমাকে পুরো উপজেলার অনেক দায়িত্ব পালন করতে হয়। তার ওপর ভূমি কার্যালয়সহ বিভিন্ন ক্ষেত্রে অতিরিক্ত দায়িত্ব পালন করতে গিয়ে খুব কষ্ট হয়।’ খালি পদগুলো যথাসম্ভব তাড়াতাড়ি পূরণ করা দরকার বলে মন্তব্য করেন।