ছাগলনাইয়ায় আশ্রয়কেন্দ্রে ৮০ পরিবারের মানবেতর জীবন
ছাগলনাইয়ার শুভপুরের আশ্রয়কেন্দ্রের বাসিন্দারা ভালো নেই। প্রতিটি ঘর ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। কিছু ঘরে দেয়াল ফেটে গেছে, কোনোটিতে ভেঙে গেছে ঘরের চালা। পানীয়জলের সংকট চলছে দীর্ঘদিন ধরে। তার ওপর চিকিৎসাসেবা নেই। এমনকি আশ্রয়কেন্দ্র নির্মাণের ১০ বছরেও বিদ্যুৎসংযোগ দেওয়া হয়নি। জানা যায়, শুভপুর ইউনিয়নে ১৯৯১ সালে কুয়েত সরকারের আর্থিক সহায়তায় সরকারি জায়গায় উপজেলার ৮০টি ছিন্নমূল পরিবারকে পুনর্বাসন করা হয় ‘কুয়েতপল্লি’ নামের এ আশ্রয়কেন্দ্রে। এখানে ৪০টি ঘর আছে, চার কক্ষের প্রতিটি ঘরে দুটি করে পরিবার বাস করছে। এসব পরিবারের বর্তমান সদস্যসংখ্যা তিন শতাধিক। পরিবারের প্রধানেরা কেউ রিকশা চালান, কেউ দিনমজুরের কাজ করেন।সরেজমিনে গিয়ে দেখা গেছে, প্রতিটি ঘরই ঝুঁকিপূর্ণ। কোনোটির চাল নেই, কোনোটির চাল থাকলেও একেবারে নাজুক। স্যানিটেশন-ব্যবস্থাও খুবই খারাপ। খোলা পায়খানা ব্যবহার করেন অধিকাংশ বাসিন্দা। শিশুরা রাস্তার পাশেই প্রাকৃতিক কাজ সারে। আশ্রয়কেন্দ্রের বাসিন্দা জেসমিন বেগম বলেন, ‘গ্রামীণ ব্যাংক থেকে ১০ হাজার টাকা ঋণ নিয়ে ঘরের টিন লাগাইছি, এখনো কিস্তি পরিশোধ করতে পারিনি। এর মধ্যে টিন নষ্ট হয়ে গেছে। বৃষ্টি হলে ঘরে থাকতে পারি না; জিনিসপত্র ভিজে যায়। আমাদের কথা কেউ চিন্তা করেন না।’বাসিন্দারা জানান, কুয়েত সরকারের দেওয়া দুটি নলকূপ চুরি হয়ে যাওয়ার পর এখানে পানীয়জলের সংকট চলছে। খাবার পানির জন্য ছুটতে হয় আশপাশের বাড়িগুলোতে। তারা অনেক সময় নলকূপ থেকে পানি আনতে দেয় না। একটি মসজিদ থাকলেও আশপাশে কোনো সরকারি প্রাথমিক বিদ্যালয় নেই, ফলে শিশুরা শিক্ষার আলো থেকে বঞ্চিত হচ্ছে। এ ছাড়া একটি কমিউনিটি ক্লিনিক থাকলেও সেখানে ঠিকমতো চিকিৎসাসেবা পাওয়া যায় না, প্রায় সময় বন্ধ থাকে। আশ্রয়কেন্দ্রের বাসিন্দা চায়ের দোকানদার মো. খোকন মিয়া বলেন, ‘ভোট দিয়ে চেয়ারম্যান-মেম্বার বানাই আমরা, ভোটে জেতার পর তাঁরা আমাদের খবর নেন না।’ জোহরা, নাছিমা, হাসিনা ও সাহেদা জানান, চেয়ারম্যান-মেম্বাররা তাঁদের কোনো সাহায্য করে না। শুভপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কালাম বলেন, ‘সাহায্য করি না—এ কথা সত্য নয়। বরাদ্দ আসলে সাধ্যমতো চেষ্টা করি তাঁদের পাশে দাঁড়াতে।’উপজেলা চেয়ারম্যান নূর আহাম্মদ বলেন, ‘আসলে অর্থাভাবে আমরা তাঁদের পাশে দাঁড়াতে পারি না, তবে তাঁদের পাশে দাঁড়ানো খুব জরুরি।’উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোমিনুর রশীদ বলেন, ‘আপনারা পত্রিকায় লিখে যদি বিষয়টি সরকারের নজরে আনতে পারেন তবে সেখানে উন্নয়নের ছোঁয়া লাগবে।’জেলা প্রশাসক আব্দুল কুদ্দুস খান বলেন, ‘আমি ছাগলনাইয়া উপজেলা নির্বাহী কর্মকর্তাকে আশ্রয়কেন্দ্র পরিদর্শন করে আসতে বলব, তারপর দেখি কিছু করা যায় কি না।’