ছাগলনাইয়ায় চতুর্থ শ্রেণীর কর্মচারী দিয়েই চলছে নির্বাচন কার্যালয়ের কাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চতুর্থ শ্রেণীর কর্মচারী (এমএলএসএস) দিয়েই চলছে ছাগলনাইয়া উপজেলা নির্বাচন কার্যালয়ের দৈনন্দিন কর্মকাণ্ড। প্রধান নির্বাচন কর্মকর্তা, কার্যালয় সহকারী কাম কম্পিউটার অপারেটরের পদ শূন্য থাকায় স্থবির হয়ে আছে প্রশাসনিক কাজ। আসন্ন ইউপি নির্বাচন ও পৌরসভা নির্বাচনের প্রস্তুতিমূলক সব কাজ করছেন চতুর্থ শ্রেণীর কর্মচারী মো. ছালেহ আহাম্মদ। ভারপ্রাপ্ত নির্বাচন কর্মকর্তার দায়িত্ব পালন করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোমিনুর রশীদ। উপজেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, ২০১০ সালের ডিসেম্বরে নির্বাচন কর্মকর্তা মো. হাবিবুর রহমানকে ফেনীর দাগনভূঞা উপজেলায় বদলি করা হয়। তখন থেকে পদটি শূন্য রয়েছে। এ ছাড়াও কার্যালয় সহকারী কাম কম্পিউটার অপারেটরের পদ শূন্য রয়েছে পাঁচ বছর। ফলে নির্বাচনসংক্রান্ত সব কাজে ব্যাঘাত সৃষ্টি হচ্ছে। ভোটার পরিচয়পত্র নিতে এসে কার্যালয়ে কাউকে না পেয়ে হতাশ হয়ে ফিরে যেতে হয়েছে অনেককেই। ছেলের ভোটার পরিচয়পত্র নিতে এসে আলো রানী শীল বলেন, ‘আরও দুই দিন এসে ফিরে গেছি, কার্যালয়ে কেউ ছিলেন না।’ভোটার সাদ্দাম হোসেন (২৬) বলেন, ‘নির্বাচনী তফসিল ঘোষণা হয়ে গেছে, সামনে নির্বাচন অথচ কার্যালয়ে জনবল নেই।’নির্বাচন কার্যালয়ে কর্মরত মো. ছালেহ আহাম্মদ বলেন, ‘আমি একা কয়দিক সামলাব, পদগুলো পূরণ হলে আসন্ন নির্বাচনের কাজ সুষুমভাবে সম্পন্ন হবে।’ পৌরসভার মেয়র মো. আলমগীর বলেন, ‘পদগুলো পূরণ করা খুবই জরুরি।’ ৫ নম্বর মহামায়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান (সম্ভাব্য প্রার্থী) মুন্সি আবুল কাশেম বলেন, কিছুদিন পরই নির্বাচন। জনবল না থাকলে সমস্যা হবে, তাই নির্বাচনের আগেই পদগুলো পূরণ করা জরুরি। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোমিনুর রশীদ বলেন, ‘বিষয়টি জানিয়ে মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে।