ছাগলনাইয়ায় যানজটের কারণ সিএনজি অটোরিকশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছাগলনাইয়ায় সিএনজিচালিত অটোরিকশার জন্য নির্ধারিত স্ট্যান্ড থাকলেও সেটি ব্যবহার করছেন না চালকেরা। সড়কের ওপর গাড়ি থামিয়ে যাত্রী ওঠানামা করা হয়। ফলে সৃষ্টি হচ্ছে যানজট। প্রতিদিন যানজটে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রীদের। পৌর কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, পৌরসভার জমদ্দার বাজারে চারটি রুটে প্রায় ৮০০ অটোরিকশা চলাচল করছে। এর মধ্যে ছাগলনাইয়া-ফেনী রুটে ২৯৭টি, ছাগলনাইয়া-মুহুরীগঞ্জ রুটে ২৫৭টি, ছাগলনাইয়া- করেরহাট রুটে ২১৩টি ও ছাগলনাইয়া-বক্সমাহমুদ রুটে ৬৭টি। এ ছাড়া উপজেলার বিভিন্ন স্থান থেকে প্রতিদিন ভাড়া নিয়ে আসছে অসংখ্য অটোরিকশা।ছাগলনাইয়া পৌর শহরের (জমদ্দার বাজার) ওপর দিয়ে গেছে ঢাকা-চট্টগ্রাম পুরোনো মহাসড়ক। প্রতিদিনই হাজার হাজার যাত্রী এ সড়ক দিয়ে যাতায়াত করেন। সকাল থেকে রাত পর্যন্ত যানজট লেগে থাকে।পৌর শহরের (জমদ্দার বাজার) জিরো পয়েন্টের ফল ব্যবসায়ী মো. হানিফ ও মো. রফিক বলেন, ‘যানজটের কারণে প্রতিদিনই মানুষ দুর্ঘটনায় আহত হন।’সিএনজিচালিত অটোরিকশা মালিক সমিতির সভাপতি মো. মহিউদ্দিন ও সাধারণ সম্পাদক মো. ওমর ফারুক বলেন, ‘যাত্রীরা অত দূর রিকশাভাড়া দিয়ে কিংবা হেঁটে যেতে চান না, তাই আমরা তাঁদের সুবিধার কথা চিন্তা করে নির্ধারিত স্ট্যান্ড ব্যবহার করি না।’পৌর মেয়র মো. আলমগীর বলেন, ‘এটা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব। তাঁরাই পারেন চালকদের নির্দিষ্ট স্ট্যান্ড ব্যবহারে বাধ্য করতে।’থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান মিয়া বলেন, ‘এ ব্যাপারে বৈঠক হয়েছে। তবে যত তাড়াতাড়ি সম্ভব এই সমস্যার সমাধান করা হবে।’উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোমিনুর রশিদ বলেন, ‘নির্ধারিত স্ট্যান্ড ব্যবহার না করায় পৌরসভার সৌন্দর্য নষ্ট হয়ে গেছে। সবার সম্মিলিত প্রচেষ্টা থাকলে চালকেরা নিয়ম মানতে বাধ্য হবেন।’