ছাগলনাইয়ায় ২৩টি প্রাথমিক বিদ্যালয়ে খাবার পানির সংকট
৬১টি সরকারি সাতটি নিবন্ধিত এবং নয়টি কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ২৩টি বিদ্যালয়ে খাবার পানির তীব্র সংকট। এসব বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে নলকূপ নেই। শিশুরা গরমের সময় পানির পিপাসায় অসুস্থ হয়ে পড়ে। দুটি বিদ্যালয়ের শিশুরা পাশের বাড়ির নলকূপ থেকে আর্সেনিকযুক্ত পানি পান করছে বলে জানিয়েছেন শিক্ষকেরা। উপজেলার নিচিন্তা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সরওয়ার উদ্দিন জানান, নলকূপ না থাকায় বিদ্যালয়ের ৩০০ শিক্ষার্থী পাশের বাড়ি থেকে আর্সেনিকযুক্ত পানি পান করছে। ওই বাড়ির গৃহকর্তা আমেনা খাতুন বলেন, ‘আমরা গরিব, নতুন কল বসানোর সামর্থ্য নাই, বাচ্চারা পানি খাইতে আসে মানা করতে পারি না।’ উপজেলার পূর্ব বাঁশপাড়া কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম মজুমদার প্রথম আলোকে বিদ্যালয়ের অগভীর নলকূপটি দেখিয়ে বলেন, ‘প্রায় চার বছর আগে এটিতে আর্সেনিক ধরা পড়েছে, তবুও শিশুদের এ পানি পান করতে হচ্ছে।’ আর্সেনিকযুক্ত পানি পান করার ব্যাপারে ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা কর্মকর্তা এরশাদ উল্যাহ বলেন, ‘আর্সেনিকের পার্শ্বপ্রতিক্রিয়া তাৎক্ষণিক দেখা দেয় না। দীর্ঘ সময় পর রোগীর হাত ও পায়ের তালুতে গুটির মতো দেখা দেয়।’ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্র জানায়, পূর্ব দেবপুর সরকারি প্রাথমিক, নিচিন্তা সরকারি প্রাথমিক, চাঁদগাজী বিদ্যাকুঠির সরকারি প্রাথমিক, উত্তর সতর সরকারি প্রাথমিক, এলনা পাথর সরকারি প্রাথমিক, পূর্ব সোনাপুর সরকারি প্রাথমিক, পশ্চিম শিলুয়া সরকারি প্রাথমিক, দক্ষিণ হরিপুর সরকারি প্রাথমিক, উত্তর পানুয়া সরকারি প্রাথমিক, দক্ষিণ যশপুর সরকারি প্রাথমিক, বাঁশপাড়া সরকারি প্রাথমিক, হিছাছড়া সরকারি প্রাথমিক, নাছির গ্রাম সরকারি প্রাথমিক, নিজপানুয়া সরকারি প্রাথমিক, লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক, মোকামিয়া সরকারি প্রাথমিক, উত্তর মন্দিয়া সরকারি প্রাথমিক, দক্ষিণ লাঙ্গলমোড়া সরকারি প্রাথমিক, পূর্ব বাঁশপাড়া আলহাজ্ব মুন্সী চানমিয়া রেজি. প্রাথমিক, মির্জার বাজার রেজি. প্রাথমিক, পূর্ব বাঁশপাড়া কমিউনিটি প্রাথমিক, পূর্ব পাঠানগড় কমিউনিটি প্রাথমিক ও সোনাপুর গন্ধব্যপুর কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়ে খাবার পানির তীব্র সংকট দেখা দিয়েছে। মোকামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু রওশন বলেন, ‘প্রায় দুই বছর ধরে খাবার পানির সংকট চলছে, আশপাশের বাড়ি থেকে শিশুরা পানি পান করতে গেলে ওই সব বাড়ির গৃহকর্তার বকুনি শুনতে হচ্ছে, অন্যদিকে পড়ালেখার ব্যাঘাত ঘটছে।’ প্রাথমিক শিক্ষা কমিটির সভাপতি উপজেলা চেয়ারম্যান আলহাজ নূর আহমদ মজুমদার বলেন, ‘এ বিষয়ে আমি আগে থেকেই অবগত আছি, নলকূপ বরাদ্দ পেলেই আশা করছি, পানির সংকট দূর হবে।’