ছাগলের শার্টটা গায়ে দিয়ে সেই ঈদটা খুব ভালোভাবে কাটিয়ে দিয়েছিলাম। সকালে দামি কসকো সাবান দিয়ে ঘসে ঘসে গোসল করে শার্টটা গায়ে দিয়ে ঈদগাহে গেলাম। নামাজ পড়লাম। পাড়ার বন্ধুদের সঙ্গে কোলাকুলি করলাম। পাড়ায় পাড়ায় ঘুরে বেড়ালাম। ছোট-বড় কত লোকের সঙ্গে দেখা হলো, কথা হলো কিন্তু কেউ বুঝতে পারল না আমার গায়ের শার্টটা ছাগলের। বুঝবে কী করে, যাদের বোঝার কথা তারাই বুঝতে পারল না অন্যদের বিষয়ে কী বলব। শার্টটা ছিল টকটকে লাল চতুর্ভুজের চারদিকে সাদা-কালো জোড়া দাগটানা। মোটা জর্জেটের কাপড়ের তৈরি। মুম্বাই শহর থেকে কিনে আনা। আমার বাবা ছিল গরিব কৃষক। মাথা গোঁজার মতো এক খণ্ড জমি থাকলেও মাঠে আমাদের একটুও জমি ছিল না। অন্যের জমিতে কৃষাণ দিয়ে খেয়ে না- খেয়ে চলত আমাদের সংসার। কারণ, সাতজনের সংসারে বাবাই একমাত্র উপাজর্নকারী। আমার বয়স নয় কি দশ। সেই সময়ের ঘটনা এটা। যেহেতু বাবার একার উপার্জনে চলত সংসার, তাই অভাব আমাদের সংসারে নিজের ছায়ার মতো আপন। বাবা একা হাঁপিয়ে উঠত। আমরা কেউ তিনবেলা ঠিকমতো ভাত খেতে পারতাম না। মা তরকারিতে বেশি বেশি ঝাল দিয়ে রান্না করত। যেন আমরা খাওয়ার সময় বেশি বেশি পানি খাই। বাবা খাওয়ার আগে দুই-তিন গ্লাস পানি খেতে বলত। খাওয়ার আগে পানি খেলে নাকি খুব উপকার। আমরা কিছুই বুঝতাম না তারা কেন ও রকম করত। মা রোজ সকালে বড় চাচির কাছ থেকে টক তরকারি, গরম ভাতের ফ্যান চেয়ে চেয়ে আনত। ওসব বাবার বিবেকে বাধত। রাগ করত মায়ের ওপর। রাগ করলে কী হবে, মা আমাদের কান্না সহ্য করতে পারত না। আর আমাদের বাড়ির অবস্থা ছিল খারাপের মধ্যে মোটামুটি ভালো। খাওয়া নিয়ে যখন এত কষ্ট, তখন নতুন পোশাক আশা করা দুর্লভ। বাবা আমাদের কখনো নতুন পোশাক কিনে দিতে পারেনি। এমনকি ঈদেও না। বাবার সামর্থ্য নেই, তাই আমাদের কারও অভিযোগও ছিল না। পাড়ার চাচিরা তাদের ছেলেমেয়ের বাদ দেওয়া পুরোনো কাপড়-চোপড় আমাদের দিত। আমার মা লোকেদের বলত তাদের পুরোনো কাপড়-চোপড় থাকলে আমাদের দেওয়ার জন্য। আমরা তাই স্বচ্ছন্দে পরতাম। আমাদের বাড়ির পাশে ছিল মুজিব চৌকিদার ভাইয়ের বাড়ি। মুজিব ভাইয়ের দুই মেয়ে মুম্বাইয়ে কাজ করত। তাদের ছেলেমেয়েরা থাকত বাংলাদেশে। তারা বাংলাদেশে আসার সময় ছেলেমেয়েদের জন্য মুম্বাই থেকে নতুন কাপড়-চোপড় দিয়ে দিত। ওই লাল শার্টটা তাদেরই দেওয়া। শার্টটা আমার খুব পছন্দনীয় ছিল। আমি এক-দেড় বছর ব্যবহার করেছি। সেবার তীব্র শীত পড়েছিল। গরু, ছাগলও শীতে কুঁকড়ে যেতে লাগল। আমার লাল শার্টটা আরও পুরোনো আর ময়লা হওয়ায় মা সেটা রাতে ছাগলের গায়ে পরিয়ে দিত। আমি না করিনি বরং প্রতিদিন সন্ধ্যাবেলা যত্ন করে দুই হাতার ভেতরে ছাগলের সামনের দুই পা ঢুকিয়ে দিতাম, বুকের বোতাম লাগিয়ে দিতাম। অল্পদিনের মধ্যে শার্টটা ছাগলের নাদি লেগে আরও নোংরা হয়ে গেল। শীতের মাঝামাঝিতে এসে উপস্থিত হলো ঈদ। সবাই যখন নতুন কাপড়-চোপড় কিনতে ব্যস্ত, আমি তখন আমার পুরোনো কাপড়-চোপড় দেখতে লাগলাম। কোনটা গায়ে দিয়ে ঈদ করব। কোনটা ভালো লাগবে। কিন্তু কোনোটাই আমার মনঃপূত হলো না। মা ঈদ উপলক্ষে বাড়ির সবকিছু কেচে দিল। ছাগলের গায়ের নোংরা শার্টটাও। তখন শার্টটা আমার নজরে লাগে। কী সুন্দর লাগছে! চকচকে নতুন শার্টের মতো। সেই শার্ট গায়ে দিয়ে ঈদ উদযাপন করলাম। এখন আমি বড় হয়েছি। নিজে আয় করি। ঈদে নতুন শার্ট কিনি। কিন্তু ছাগলের ওই লাল শার্টটা আমার বুকের এক পাশে আনন্দ দেয়, অন্য পাশে বেদনা জাগায়। জাহিদুল ইসলাম