ছাতা ফুল
আমার এক বন্ধু ফুলটি দেখে বলেছিলেন, ‘একে কি ফুলের দলে ফেলা যায়!’ জাতীয় উদ্ভিদ উদ্যানের পরিচালক জায়েদ হোসেন ভূঁইয়া ফুলটি দেখে আর্শ্চয হয়ে বলেছিলেন, ‘এর ছবি তুলে রাখবেন। আর দশটা ফুলের মতো নয়, অন্য রকম—একেবারে ব্যতিক্রর্মী একটি ফুল।’আমিও তাই জানি। ফুল ফুটলে এমনিতে কেউ লক্ষ করে না। কারণ ফুল থাকে গাছের চূড়ায় কিন্তু ক্যামেরা তাক করলেই বাগানের দর্শনার্থীদের সমস্ত মনোযোগ চলে আসে। উৎসুক হয়ে ওঠে সবাই। সবার প্রশ্ন, ‘ভাই, এইটা কী ফুল?’ আমি হেসে বলি, ‘স্কেফলিরা!’ শেখ সাদী তাঁর উদ্ভিদ কোষ গ্রন্থে স্কেফলিরাকে বনশিমর হিসেবে উল্লেখ করেছেন। এর বৈজ্ঞানিক নাম Schefflera actinophylla। তা ছাড়া অক্টোপাস ট্রি, অস্ট্রেলিয়ান আইভি পাম ও কুইন্সল্যান্ড নামে পরিচিত। Araliaceae পরিবারের সদস্য। মূলত অস্ট্রেলিয়ার বৃষ্টিবহুল এলাকা, নিউ গায়ানা ও জাভা অঞ্চলের গাছ। অষ্টাদশ শতকের উদ্ভিদবিজ্ঞানী জ্যাকব ক্রিস্টিয়ান স্কেফলিরার নামে এর নাম। মাঝারি আকারের গাছ। এর উজ্জ্বল সবুজ পাতা ক্যাঙ্গারুর খুব প্রিয় খাবার। গুচ্ছ পাতা ছাতার মতো দেখায়। তা ছাড়াও ছাতার সঙ্গে এর আরও অনেক মিল। ছাতা মেলার পর এর ভেতরের অংশ যেমন, স্কেফলিরা ফুলটি দেখতে ঠিক তেমন। এ জন্য এর অন্য নাম আমব্রেলা ট্রি বা ছাতাগাছ। এর পাপড়ি ১৫ থেকে ২০ ইঞ্চি পর্যন্ত লম্বা হয়ে থাকে। উচ্চতায় গাছটি প্রায় ৪০ ফিট। বর্ষার শেষ ও শরতের শুরুতে গাছে ফুল ফোটে। সম্ভবত বাংলাদেশে ঢাকার বলধা বাগান ছাড়া অন্য কোথাও এর অস্তিত্ব নেই।