ছাতাওয়ালি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘পড়াশোনার জন্য শাসন দরকার, বাড়িতে থাকলে পড়ালেখা হবে না।’আমার-সম্পর্কিত পড়াশোনাবিষয়ক এমন সব উক্তির শেষ পর্যন্ত সমাধান স্থির হলো নানাবাড়িতে স্থানান্তর। ব্যস! আমিও রাজি হয়ে গেলাম। অবশ্য তার পেছনে পড়াশোনার চেয়ে আমার কাছে নানাবাড়ির অবাধ স্বাধীনতা আর নানির আদর—এ দুটোই বড় কথা ছিল।অবশেষে বাড়ি থেকে নানাবাড়িতে গিয়ে ক্লাস সেভেনে ভর্তি হলাম। সঙ্গী হিসেবে পেলাম আমার থেকে এক-দুই বছরের বড় দুই মামাকে (এলাকা সম্পর্কে মামা হয়)। তাদের সঙ্গে সারা দিন বেড়ানো আর একসঙ্গে স্কুলে যেতে আমার দারুণ ভালো লাগত।একদিনের ঘটনা। তখন ক্লাস সেভেনের দ্বিতীয় সাময়িক পরীক্ষা চলছিল। সেদিন ছিল গণিত পরীক্ষা। বাড়ি থেকে আমার দুই মামা আর আমি সকাল নয়টায় একটা ছাতাসহ পরীক্ষার উদ্দেশ্যে বের হলাম। আমরা বাড়ি থেকে বের হয়ে কিছুদূর যাওয়ার পরই শুরু হলো তুমুল বৃষ্টি। একটা ছাতার নিচে আমরা তিনজন ঠেলাঠেলি করছি আর ভিজছি। কোথাও থামতেও পারছি না, পাছে পরীক্ষার হলে পৌঁছাতে দেরি হয়ে যায়। এভাবেই ধীরে ধীরে স্কুলের দিকে এগিয়ে যাচ্ছি।হঠাৎ একটি মেয়েলি কণ্ঠ আমাদের কানে বাজল। পেছনে তাকিয়ে দেখি একটি মেয়ে আমাদের উদ্দেশ করে বলছে, ‘আপনাদের মধ্যে একজন আমার ছাতার নিচে আসেন।’আমাদের তখন কী বলা উচিত বা করা উচিত, কিছুই বুঝতে পারছি না। শুধু একজন আরেকজনের দিকে তাকাচ্ছি আর মেয়েটির সঙ্গে যাওয়ার জন্য ঠেলছি। এভাবে ঠেলাঠেলির একপর্যায়ে আমি সবার ছোট হওয়ায় ওরা আমাকেই জোর করে মেয়েটির দিকে পাঠিয়ে দিল। আমি মাথা নিচু করে ধীরে ধীরে মেয়েটির দিকে এগিয়ে যাচ্ছি। তার কিছুটা কাছে যেতেই সে বলল, ‘কী ব্যাপার, আমার ছাতার নিচে আসতে লজ্জা লাগছে?’ আমি কোনো কথা না বলে তার মুখের দিকে একবার তাকিয়ে সঙ্গে সঙ্গে চোখ ফিরিয়ে মাটির দিকে তাকিয়ে তার সঙ্গে হাঁটা শুরু করলাম।এ ঘটনার পর তাকে একা পেলেই আমি আস্তে করে ছাতাওয়ালি বলে ডাকতাম। সে কোনো কিছু না বলে মুখ টিপে হাসত। এরপর অনেক দিন কেটে গেছে। নানাবাড়ি থেকে বাড়িতে এসেছি। সেখান থেকে পড়াশোনার প্রয়োজনে বাইরে থেকেছি। জীবনের বাস্তবতার তাগিদে এখনো বাড়ির বাইরেই থাকতে হয়।এরই মধ্যে জীবনে অনেক আশাভঙ্গের বেদনা, ব্যর্থতা, প্রাপ্তি, আনন্দ রয়ে গেছে। অনেক বসন্ত, শীত, ঝড়, বৃষ্টি বয়ে গেছে। কিন্তু ভিজতে কখনো হয়নি। আমার সেই ছাতাওয়ালির ছাতাধরা হাতটা এখনো মাথার ওপর রয়ে গেছে। বাইরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছে। বাজারের ব্যাগটা নিয়ে রুম থেকে বেরিয়ে সবে বাইরে পা ফেলেছি। ভেতর থেকে ডাক শুনতে পেলাম, ‘ছাতাটা নিয়ে যাও, বাইরে বৃষ্টি...’মো. শহীদুল ইসলামমালিবাগ, ঢাকা।