
১৯৬৯ সাল। আইয়ুববিরোধী আন্দোলনে উত্তাল সারা দেশ। ১৮ ফেব্রুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ১৪৪ ধারা ভঙ্গ করে মিছিল করার চেষ্টা করেন। গুলি চালাতে প্রস্তুত ছিল পাকিস্তানি সেনাবাহিনীর সদস্যরাও। এই সময় ছাত্রদের মিছিলের সামনে গিয়ে দাঁড়ান রসায়ন বিভাগের শিক্ষক ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শামসুজ্জোহা। নিজের পরিচয় দিয়ে সেনাসদস্যদের তিনি বলেন, ‘আমি বলছি গুলিবর্ষণ হবে না। যদি গুলি বর্ষণ হয় তবে কোনো ছেলের গায়ে লাগার পূর্বে আমার গায়ে লাগবে।’ জবাবে হানাদার বাহিনীর সদস্যরা তাঁকে বেয়নেট দিয়ে খুঁচিয়ে হত্যা করেছিল।
অধ্যাপক শামসুজ্জোহা ছাত্র-শিক্ষক সম্পর্কের দৃষ্টান্ত স্থাপন করে গেলেন নিজের জীবন দিয়ে। কিন্তু আজকের স্বাধীন বাংলাদেশে সেই সম্পর্কের ধরন অনেকখানি বদলে গেছে। ইদানীং বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র কর্তৃক শিক্ষক হেনস্তা কিংবা শিক্ষকের হাতে ছাত্রছাত্রী লাঞ্ছনার কথাও শোনা যায় আকছার। অথচ বিশ্ববিদ্যালয়ের মতো বৃহৎ শিক্ষাঙ্গনে ছাত্র-শিক্ষক সম্পর্কের ওপরই শিক্ষার গুণগত মান অনেকাংশে নির্ভর করে। এই সম্পর্ক বৈরী হয়ে উঠলে অচলাবস্থা তৈরি হতে পারে। ব্যাহত হতে পারে বিশ্ববিদ্যালয়ের লেখাপড়ার পরিবেশ। চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) যার সর্বশেষ উদাহরণ।
চুয়েটে স্নাতক পর্যায়ে শিক্ষাকার্যক্রম এখন স্থগিত। কবে চালু হবে তা কেউ জানে না। অথচ ন্যায্য কিছু দাবিতেই আন্দোলন শুরু করেছিলেন চুয়েটের শিক্ষার্থীরা। গত ২৯ মার্চ বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের স্নাতক পঞ্চম বর্ষের ছাত্র মোহাইমেন সিয়ামের সড়ক দুর্ঘটনায় মৃত্যুর পর এই আন্দোলনের সূত্রপাত। দুর্ঘটনার জন্য দায়ী লেগুনাচালকের শাস্তিসহ বেশ কিছু দাবিদাওয়া নিয়ে আন্দোলন শুরু করেছিলেন তাঁরা। কিন্তু শেষ পর্যন্ত সেসব দাবিতে আন্দোলন সীমাবদ্ধ থাকেনি। বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ পরিচালক আশুতোষ সাহাকে ওই পদ থেকে অপসারণের দাবিও যুক্ত হয়েছে এতে।
অথচ সিয়ামের মৃত্যুর পরদিন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শোক দিবস পালন করেছিল। চট্টগ্রাম-কাপ্তাই সড়কে গণপরিবহনের নৈরাজ্য নিয়ে উচ্চকণ্ঠ ছিলেন ছাত্র-শিক্ষকনির্বিশেষে সবাই। ৩ এপ্রিল চুয়েটের শিক্ষার্থীরা তাঁদের জীবনের নিরাপত্তার নিশ্চয়তা চেয়ে আট দফা দাবি উত্থাপন করেন। দাবিগুলো ছিল সিয়ামের দুর্ঘটনার জন্য দায়ী লেগুনাচালকের শাস্তি, চট্টগ্রাম নিউ মার্কেট থেকে চুয়েট গেট পর্যন্ত বিআরটিসি বাস সার্ভিস পুনরায় চালু, সড়ক সম্প্রসারণ করে বিভাজক স্থাপন, প্রতি পাঁচ কিলোমিটার পরপর ট্রাফিক চেকপোস্ট বসানো, কাপ্তাই সড়কে লেগুনা নিষিদ্ধ করা, ছয় নম্বর সিটি বাসের রুট সম্প্রসারণ করে চুয়েট গেট পর্যন্ত নিয়ে যাওয়া এবং চুয়েট মেডিকেল সেন্টারের সামনে সার্বক্ষণিক দুটি অ্যাম্বুলেন্স রাখা।
হতাশার বিষয়, এমন ন্যায্য দাবির আন্দোলনের পরিণতিও ক্যাম্পাস বন্ধ ঘোষণা। আন্দোলনকারীদের অভিযোগ, ৩ এপ্রিল ছাত্রীনিবাসের সামনে অবস্থান ধর্মঘট পালনের সময় ছাত্রকল্যাণ পরিচালক চুয়েটের শিক্ষক আশুতোষ সাহা তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করেছেন এবং একজন ছাত্রকে মারতে উদ্যত হয়েছেন। কিন্তু ওই শিক্ষক অভিযোগ অস্বীকার করেছেন। আশুতোষ সাহার বক্তব্য, শিক্ষার্থীরা বাঁশ দিয়ে ছাত্রীনিবাসে যাতায়াতের পথে প্রতিবন্ধকতা তৈরি করছিলেন। তিনি কেবল এই প্রতিবন্ধকতা তুলে নিতে বলেছিলেন।
আন্দোলনকারীদের বক্তব্য সঠিক নাকি শিক্ষকের বক্তব্য সঠিক, তা যাচাই করার সুযোগ আমাদের নেই। কিন্তু আট দফা দাবির সঙ্গে শিক্ষার্থীদের আরেকটি দাবি সংযুক্ত হওয়ার খবর পত্রপত্রিকার মারফত জেনেছি আমরা। শিক্ষার্থীদের আটটি ন্যায্য দাবির আন্দোলন শেষ পর্যন্ত এক দফায় রূপ নিল। আর সেটি হচ্ছে ছাত্রকল্যাণের পদ থেকে আশুতোষ সাহার অপসারণ। শান্তিপূর্ণ আন্দোলনটি ধীরে ধীরে ক্যাম্পাসে উত্তপ্ত পরিবেশ সৃষ্টির আশঙ্কা তৈরি করল। অবশেষে ৭ এপ্রিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ স্নাতক পর্যায়ের সব শিক্ষা কার্যক্রম স্থগিত করে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দিল।
বিষয়টি অনাকাঙ্ক্ষিত। শিক্ষার্থীরা তাঁদের ন্যায্য দাবি নিয়ে আন্দোলনে যেতেই পারেন। কিন্তু তার ফলাফল যদি হয় ছাত্র–শিক্ষক সম্পর্কের অবনতি, তবে তা কিছুতেই মেনে নেওয়া যায় না। এই পরিস্থিতি প্রমাণ করে চুয়েট ছাত্র-শিক্ষক সম্পর্কের ভিত্তি নাজুক ছিল আগে থেকেই। বিশ্ববিদ্যালয়ের মতো মুক্ত জ্ঞানচর্চার পীঠস্থানে সেই সম্পর্ক ঊর্ধ্বতন-অধস্তনের মতো হবে, এটা কারও কাম্য নয়। গুরু-শিষ্যের প্রকৃত বন্ধনই পারস্পরিক আস্থা ফিরিয়ে আনতে পারে।
চুয়েটের বর্তমান সংকটের সমাধান চাইলে সবার আগে স্মরণ করতে হবে সিয়ামের মর্মান্তিক পরিণতির কথা। তিন চাকার যান লেগুনার সামনের আসনে বসে শহরে আসছিলেন তিনি। লেগুনাটি মদুনাঘাটের সেতুর কাছে আরেকটি গাড়িকে পাশ কাটাতে গিয়ে সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়। আর তাতে প্রাণ হারান তিনি। এ বছরই স্থপতি হয়ে বের হওয়ার কথা ছিল তাঁর। চুয়েটের মতো শিক্ষাপ্রতিষ্ঠানগুলো দেশের সেরা মেধাবীদের বাছাই করে নেয়। প্রতি বছর লাখ লাখ শিক্ষার্থী এইচএসসি পাস করে বের হন। তাঁদের মধ্যে মাত্র কয়েক শ শিক্ষার্থী চুয়েটের মতো প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার সুযোগ পান। মেধাবী ছাত্র সিয়ামও ছিলেন তাঁদের একজন। পাঁচ বছর রাঙ্গুনিয়ার পাহাড়ি ক্যাম্পাসে কাটিয়ে স্থপতি হয়ে বের হওয়ার সময় হয়েছিল তাঁর। কথা ছিল, মা-বাবার স্বপ্ন পূরণ করার। কিন্তু একজন গাড়িচালকের সামান্য অসাবধানতা সবকিছু শেষ করে দিল। সিয়ামের কোনো ভাই নেই। একটি বোন শাহজালাল বিশ্ববিদ্যালয়ে পড়েন। একমাত্র ছেলেকে হারিয়ে সিয়ামের মা রওশন আক্তার এবং বাবা মোহাম্মদ খায়রুল বাশারের দিনগুলো এখন কেমন কাটছে, সেটা আমরা ভাবতে পারছি না। কিন্তু সিয়ামকে হারিয়ে শুধু তো তার পরিবার নয়, ক্ষতিগ্রস্ত হয়েছে এই দেশও। কারণ বহু বছরের বিনিয়োগে গড়ে তোলা সম্পদ হারাল দেশ। চট্টগ্রাম-কাপ্তাই সড়কে গণপরিবহনের নৈরাজ্যই এভাবে একজন মেধাবী শিক্ষার্থীর জীবনপ্রদীপ নিভিয়ে দিল। সিয়ামের মতো জীবন হারাতে না হলেও প্রায় সময়ই নানাভাবে দুর্ঘটনা আর হয়রানির শিকার হতে হচ্ছে চুয়েটের শিক্ষার্থীদের। সিয়ামের মৃত্যুর কয়েক দিন পরেই ৩ এপ্রিল সিএনজিচালিত অটোরিকশা উল্টে আহত হন পুরকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রফিক আহমদ। ৬ এপ্রিল একইভাবে দুজন শিক্ষিকাও দুর্ঘটনায় আহত হয়েছেন।
চুয়েটে শিক্ষা কার্যক্রম চালু হওয়ার পর শিক্ষার্থীরা আবারও আন্দোলন শুরু করার ঘোষণা দিয়েছেন। আশঙ্কা হচ্ছে, শিক্ষক অপসারণের দাবির নিচে মূল বিষয়টিই চাপা পড়ে যেতে পারে। ছাত্র-শিক্ষক উভয়কেই এ বিষয়ে দায়িত্বশীল হতে হবে। শামসুজ্জোহা যে উদাহরণ সৃষ্টি করে গেছেন তার ধারাবাহিকতা রক্ষার দায়িত্ব বর্তায় শিক্ষকদের কাঁধেই। শিক্ষার্থীদের সঙ্গে ভুল–বোঝাবুঝি নিরসনের উদ্যোগ তাঁদেরই নিতে হবে। পাশাপাশি শিক্ষাগুরুর প্রকৃত মর্যাদা দেওয়াও শিক্ষার্থীদের কর্তব্য। সবার প্রত্যাশা চুয়েটে আবারও লেখাপড়ার পরিবেশ ফিরে আসুক। পাশাপাশি নিরাপদ হোক চট্টগ্রাম-কাপ্তাই সড়কে যাতায়াতকারী ছাত্র-শিক্ষকদের জীবন।