আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিএনপির ছাত্রসংগঠন ছাত্রদলের বড় কোনো কর্মসূচি নেই। মাঝেমধ্যে ১০-১২ জনের অংশগ্রহণে ছোটখাটো কয়েকটি ঝটিকা মিছিল করেই সারছে দলীয় কর্মসূচি। ছাত্রলীগের হামলার মুখে দাঁড়াতেই পারছেন না সংগঠনটির নেতা-কর্মীরা।
এদিকে তিনজনের কমিটি পূর্ণাঙ্গ করতে পারেনি চার বছরেও। বরং কোন্দলে জড়িয়ে নিজেদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। তবে ক্যাম্পাসে নীরব থাকলেও ফেসবুকে সক্রিয় নেতারা।
দলীয় সূত্র জানায়, তিনজনের কমিটির সভাপতি আমিনুল ইসলাম ২০১২ সালের নভেম্বরে নিজ সংগঠনের কর্মীদের হাতে মাথা ফাটিয়ে আর ক্যাম্পাসমুখী হননি। ২০১৩ সালের নভেম্বরে জ্যেষ্ঠ সহসভাপতি নেছারুল ইসলাম ছাত্রলীগের হাতে বেদম মারধর খেয়ে এখন আর ক্যাম্পাসে যান না। অন্যদিকে সাধারণ সম্পাদক সাইফুদ্দিন সালাম বিয়ে করে সংসারী হয়েছেন দুই বছর ধরে।
এ ছাড়া ছাত্রলীগের হামলায়ও কোণঠাসা হয়ে পড়েছেন ছাত্রদলের নেতা-কর্মীরা। ২০১৩ সালের মে ও জুলাই মাসে দুই দফায় হামলা হয় ছাত্রদলের ওপর। দুই ঘটনায় কমপক্ষে ১২ জন আহত হন।
নাম প্রকাশ না করার শর্তে ছাত্রদলের এক কর্মী বলেন, ‘ক্যাম্পাসে ছাত্রদল আছে, আবার নেই। এটি এখন প্রেস রিলিজ নির্ভর সংগঠন হয়ে পড়েছে। নেতারাই যেখানে মাঠে নেই, সেখানে কর্মীরা কীভাবে থাকবে।’ তবে ক্যাম্পাসের মাঠের রাজনীতিতে ছাত্রদলের নেতারা নীরব থাকলেও সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে তাঁরা বেশ সরব। বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাদের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে গেলেই দেখা যাবে কর্মসূচির ঘোষণাপত্র, কোথাও কোথাও দলীয় জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে কাটানো মুহূর্তের ছবি বা দলীয় বিভিন্ন সিদ্ধান্ত জানানোর কথা, কিংবা নগরে কোনো কর্মসূচিতে অংশগ্রহণের স্থিরচিত্র।

নেতা-কর্মীরা জানান, ২০১১ সালের ২৯ মার্চ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার তিন সদস্যের কমিটি ঘোষণা করে সংগঠনটির কেন্দ্রীয় সংসদ। এতে আমিনুল ইসলামকে সভাপতি, নেছারুল ইসলামকে জ্যেষ্ঠ সহসভাপতি এবং সাইফুদ্দিন সালামকে সাধারণ সম্পাদক করা হয়। কেন্দ্রীয় সংসদ এই তিন নেতাকে দ্রুত সময়ের মধ্যে কমিটি সম্প্রসারণের উদ্যোগ নিতে বলে। কিন্তু কমিটি গঠন হওয়ার পর পরই তিনজনের মধ্যে সৃষ্টি হয় কোন্দল। এর পর থেকেই তাঁরা নিজেদের কর্মীদের নিয়ে আলাদাভাবে দলীয় ও জাতীয় কর্মসূচি পালন করেন। শীর্ষ তিন নেতার এ বিরোধ ছড়িয়ে পড়ে কর্মী-সমর্থকদের মধ্যে।
বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক নুরুল হুদা প্রথম আলোকে বলেন, ‘প্রথম বর্ষে ভর্তি হয়ে স্নাতকোত্তর শেষ করছে অথচ একজন কর্মীর রাজনৈতিক কোনো পদ নেই। এর ফলে ক্যাম্পাসে নতুনেরা ছাত্রদলের প্রতি আগ্রহ হারাচ্ছে। আশা করি সংগঠনের কেন্দ্রীয় নেতৃত্ব দ্রুত এই শাখায় কমিটি দিয়ে ছাত্রদলকে গতিশীল করবেন।’
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, সর্বশেষ চলতি বছরে ক্যাম্পাসে সহাবস্থানের দাবিতে ৪ ও ৫ ফেব্রুয়ারি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ছাত্র ধর্মঘটের ডাক দেয় সংগঠনটির সভাপতি ও সাধারণ সম্পাদক। তবে তাঁদের দুই দিনের কর্মসূচি সকালে ক্যাম্পাসের দুই নম্বর গেট এলাকায় সাত-আটজনের একটি দল হাতে ব্যানার নিয়ে ফটোশেসনের মাধ্যমে শেষ হয়। পরে ১৫ ফেব্রুয়ারি থেকে পুনরায় ক্যাম্পাসে লাগাতার ছাত্র ধর্মঘটের ডাক দেন। তবে এবার মাঠেই নামেননি তাঁরা।
সংগঠনের জ্যেষ্ঠ সহসভাপতি ও সাধারণ সম্পাদকও এই শাখায় এখন নতুন কমিটি চাচ্ছেন। তবে কমিটি সম্প্রসারণ কিংবা নতুন কমিটি না হওয়ার পেছনে নিজেদের দায়ী থাকাকে অস্বীকার করেন উভয়ই।
ছাত্রদলের বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক সাইফুদ্দিন সালাম বলেন, ‘এই শাখায় দ্রুত নতুন কমিটি হওয়া খুবই জরুরি। দীর্ঘদিন ধরে কমিটি না হওয়ায় সরকারবিরোধী আন্দোলনে কর্মীরা আগ্রহের সঙ্গে অংশ নিচ্ছে না।’
জ্যেষ্ঠ সহসভাপতি নেছারুল ইসলাম বলেন, ‘সংগঠনে গতিশীলতা আনতে হলে নতুন কমিটি দেওয়া ছাড়া উপায় নেই। আমি ২০১২ সাল থেকেই এই কথা বলে আসছি।’
এ প্রসঙ্গে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির জ্যেষ্ঠ সহসভাপতি মামুনুর রশিদ বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠানে রাষ্ট্রীয় মদদে ছাত্রলীগের দলীয় সন্ত্রাস ও প্রতিপক্ষ সংগঠনের ওপর সশস্ত্র হামলার কারণে ছাত্রদলের দৃশ্যমান কোনো কর্মসূচি নেই। তবে কমিটি না হওয়া আমাদের ব্যর্থতা বটে।’