ছাত্রদের ডিজাইনে ‘মিনি বিপ্লব’
নব উদ্ভাবিত ও পুনর্নির্মিত সৃজনশীল পণ্য নিয়ে বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (বিইউএফটি) চত্বরে হয়ে গেল একটি প্রদর্শনী। ‘দ্য ইমপড্রেসিভ ক্যাটালগ টুয়েন্টি-টুয়েন্টি টু’ শিরোনামের এই প্রদর্শনীর আয়োজক ছিল বিইউএফটির অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং অ্যান্ড টেকনোলজি বিভাগের চতুর্থ বর্ষের ১৮২ ব্যাচের শিক্ষার্থীরা।
মেধা, মনন ও সৃজনশীলতাকে কাজে লাগিয়ে ডিজাইন করা পোশাকে শিক্ষার্থীরা তুলে ধরেছেন সামাজিক সচেতনতা, বায়োমিমিক্রি, স্থাপত্য, টেকসই ফ্যাশন, ঐতিহ্যবাহী কাপড়ের মতো নানা বিষয়। বিশেষ করে বাঙালি ঐতিহ্য থেকে তারা পোশাকের অনুপ্রেরণা নিয়েছে। প্রদর্শনীতে ডেনিমের ওপর উল্লেখযোগ্য কাজও উপস্থাপন করা হয়েছে। যেমন ডেনিম থেকে বাইকারদের প্রতিরক্ষামূলক স্যুট, মডেস্ট ফ্যাশনে ডেনিম, ডেনিমের গাউন, পুরোনো অব্যবহারযোগ্য ডেনিম পোশাকে বৈচিত্র্যপূর্ণ নকশা ও কৌশল প্রয়োগ করে নতুন পোশাকে পরিণত করা ইত্যাদি।
বাংলাদেশের লোকশিল্প, প্রাকৃতিক রঞ্জক, খাদি কাপড়, মাশরুম, প্রজাপতি, বান্দরবানের বিরল রজ ধনেশ পাখি, জাতীয় সংসদে স্থাপত্য ও ঐতিহ্যবাহী রিকশা পেইন্টিং থেকে অনুপ্রাণিত থিম দিয়ে করা পোশাকগুলো বেশি প্রশংসিত হয়। সব বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের পদচারণে জমজমাট হয়ে ওঠে প্রদর্শনী।
সহ–উপাচার্য আইয়ুব নবী খান ছাত্রদের কাজের প্রশংসা করে বলেন, ফ্যাশন ডিজাইনের ছাত্র না হয়েও অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং অ্যান্ড টেকনোলজি বিভাগের ছাত্ররা যা করে দেখালেন, সেটা নিছক প্রদর্শনী নয়, বরং এটাকে একটা মিনি বিপ্লব বলা যেতে পারে। এ উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। এ রকম আরও প্রদর্শনী হওয়া উচিত বলে তিনি মনে করেন।
এ প্রদর্শনীর তত্ত্বাবধায়ক হৃদিকা নুসরাতের জন্য দিনটি ছিল হাঁপ ছেড়ে বাঁচা আর আনন্দের। অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ধন্যবাদ জ্ঞাপন করে তিনি বলেন, ‘প্রথমত, আমি স্বস্তি অনুভব করেছি। আমাদের ছয় মাসের সম্মিলিত কঠোর পরিশ্রম সফলভাবে আলোর মুখ দেখেছে। এর চেয়ে বেশি কিছু চাওয়ার ছিল না। আমার ছাত্রদের কাজে আমি মুগ্ধ।’