ছাত্রলীগের কমিটি নিয়ে কোন্দল আওয়ামী লীগে
বান্দরবানে ছাত্রলীগের জেলা কমিটি গঠন নিয়ে দুই পক্ষে বিভক্ত হয়ে পড়েছে আওয়ামী লীগ। এক পক্ষে রয়েছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী মজিবুর রহমান ও অপর পক্ষে যুগ্ম সম্পাদক লক্ষ্মীপদ দাশ। অবশ্য দুই নেতাই ছাত্রলীগে তাঁদের সমর্থিত কোনো পক্ষ নেই বলে দাবি করেন।
নেতা-কর্মীরা জানান, কাজী মজিবুর রহমানের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন বান্দরবান কলেজ ছাত্রলীগের সভাপতি আহসানুল আলম ও জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক বাপ্পি মজুমদার। অপর দিকে লক্ষ্মীপদ দাশের পক্ষের নেতৃত্বে আছেন জেলা ছাত্রলীগের বর্তমান সভাপতি তৌহিদুর রহমান ও সাধারণ সম্পাদক সঞ্জয় চৌধুরী। দুই পক্ষের কোন্দলের জের ধরে ৬ জুন জেলা ছাত্রলীগের সম্মেলনে সংগঠনের কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এরপর পাল্টাপাল্টি মিছিল করে দুই পক্ষ। এ নিয়ে দুটি মামলা হয়েছে।
জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতারা জানান, ছাত্রলীগের সম্মেলনে সংঘটিত অপ্রীতিকর ঘটনার তদন্তে ছয় সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়েছে। জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান ক্যশৈহ্লা মারমাকে প্রধান করে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর বিষয়টি মীমাংসা অথবা অন্য কোনো সিদ্ধান্ত নেওয়া হবে।
দলীয় সূত্র জানায়, ছাত্রলীগের কমিটি গঠন নিয়ে সম্মেলন প্রস্তুতির শুরু থেকে কাজী মজিবুর রহমান ও লক্ষ্মীপদ দাশ পছন্দের নেতাদের কমিটিতে জায়গা করে দিতে তৎপর হন। এ অবস্থায় দুই পক্ষের মধ্যে অপ্রীতিকর ঘটনার আশঙ্কায় আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতারা ছাত্রলীগের নতুন কমিটি গঠনের জন্য একটি বাছাই কমিটি করে। ওই বাছাই কমিটি লক্ষ্মীপদ দাশের পক্ষের রেজাউল করিমকে সভাপতি ও জনি সুশীলকে সাধারণ সম্পাদক মনোনীত করে। কিন্তু তা মেনে নেননি কাজী মজিবুর রহমান পক্ষের নেতা-কর্মীরা।
কাজী মজিবুরের পক্ষের নেতা আহসানুল আলম বলেন, ‘কোনো নিয়ম-নীতি ও গঠনতন্ত্রের তোয়াক্কা না করে অছাত্র রেজাউল করিম ও জনি সুশীলকে সভাপতি-সাধারণ সম্পাদক করা হয়েছে। এ জন্য আমরা আপত্তি করেছি।’
এ ব্যাপারে বক্তব্য জানতে লক্ষ্মীপদ দাশ পক্ষের নেতা তৌহিদুর রহমান, সঞ্জয় চৌধুরী, রেজাউল করিম ও জনি সুশীলের সঙ্গে যোগাযোগ করা হলেও তাঁদের সাড়া পাওয়া যায়নি।
কাজী মজিবুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে জানান, তিনি সম্মেলনে উপস্থিত ছিলেন না। এ জন্য কারা হামলা করেছে তা জানেন না। তিনি আরও জানান, ছাত্রলীগে তাঁর সমর্থিত কোনো পক্ষ নেই। লক্ষ্মীপদ দাশ বলেন, ‘বিষয়টি এখন তদন্তাধীন অবস্থায় থাকায় কে হামলা করেছে না করেছে বলার সুযোগ নেই।’
জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি ও তদন্ত কমিটির সদস্য আবদুর রহিম চৌধুরী বলেন, ‘সবকিছু তদন্তাধীন থাকায় মন্তব্য করার কোনো সুযোগ নেই। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।’