চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের অন্তর্কোন্দলে উত্তপ্ত হয়ে উঠেছে ক্যাম্পাস পরিস্থিতি। প্রায় প্রতিদিনই ঘটছে সংঘর্ষ, পাল্টাপাল্টি ধাওয়া-হামলা। এক পক্ষের কর্মীরা কুপিয়ে জখম করছে সংগঠনের অপর পক্ষের কর্মীদের।সাধারণ শিক্ষার্থীদের অভিযোগ, ছাত্রসংগঠনগুলোর সংঘর্ষের কারণে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিঘ্নিত হচ্ছে। তাঁদের আশঙ্কা, অবিলম্বে এসব ঘটনা রোধ করা না গেলে ক্যাম্পাস পরিস্থিতি অস্থিতিশীল হয়ে উঠতে পারে। ছাত্রসংগঠনগুলোর মধ্যে সংঘর্ষে জড়িত ছাত্রদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের প্রতি দাবি জানিয়েছেন তাঁরা।বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) মো. আলাউদ্দিন প্রথম আলোকে বলেন, উচ্ছৃঙ্খল ঘটনায় জড়িত ছাত্রদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। জড়িত কাউকে কোনো রকম ছাড় দেওয়া হবে না। ইতিমধ্যে কয়েকজনকে কারণ দর্শানোর বিজ্ঞপ্তি (নোটিশ) দেওয়া হয়েছে বলে জানান তিনি। দলীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে দুই ধারায় বিভক্ত ছাত্রলীগ। এ দুই ধারা ক্যাম্পাসে নগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী এবং নগর আওয়ামী লীগের নেতা আ জ ম নাছিরের অনুসারী হিসেবে পরিচিত। সম্প্রতি মহিউদ্দিন ও নাছির নগর আওয়ামী লীগের রাজনীতিতে একসঙ্গে কাজ শুরু করেছেন। কিন্তু বিশ্ববিদ্যালয়ে এই দুজনের সমর্থক ছাত্ররা এক হননি। এই দুই পক্ষের বাইরে তৃতীয় একটি ধারারও উদ্ভব হয়েছে এখন। এ পক্ষটি বিশ্ববিদ্যালয়ে ‘ক্যাম্পাস গ্রুপ’ নামে পরিচিত। তাঁরাও নিজেদের মহিউদ্দিনের পক্ষের কর্মী হিসেবে দাবি করেন। তবে তাঁদের সঙ্গে বন ও পরিবেশ প্রতিমন্ত্রী হাছান মাহমুদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ আছে বলে জানা যায়। এ কারণে এ পক্ষ ক্যাম্পাসে যথেষ্ট প্রভাব-প্রতিপত্তি নিয়ে তাদের তৎ পরতা চালাচ্ছে।বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশ সূত্রে জানা গেছে, ক্যাম্পাসে আধিপত্য ধরে রাখতে গত আড়াই মাসে এ তিনটি পক্ষের মধ্যে অন্তত ১২ বার সংঘর্ষ হয়েছে। এসব সংঘর্ষে সাধারণ শিক্ষার্থীসহ কমপক্ষে ১৫ জন আহত হন। তাঁদের মধ্যে বেশির ভাগ শিক্ষার্থীকে কুপিয়ে জখম করা হয়। সর্বশেষ গত বৃহস্পতিবার রাতে ছাত্রলীগের মহিউদ্দিন পক্ষের দুইজনসহ তিনজনকে কুপিয়ে জখম করে আরেক পক্ষ। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির পরিদর্শক মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে পাল্টাপাল্টি হামলার পর গত বুধ ও বৃহস্পতিবার শাহ আমানত ও শাহজালাল হলে অভিযান চালিয়ে পুলিশ বিভিন্ন কক্ষ থেকে ১৩টি রামদা, দুইটি চাপাতি ও ১০-১৫টি রড উদ্ধার করে।হাটহাজারী সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) বাবুল আকতার বলেন, বিশ্ববিদ্যালয় পরিস্থিতি অস্থিতিশীল করতে চাইলে কোনো পক্ষকেই ন্যূনতম ছাড় দেওয়া হবে না। এ জন্য প্রয়োজনীয় সব কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, সম্প্রতি সংঘর্ষের ঘটনায় জড়িত শিক্ষার্থীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।এদিকে, ছাত্রলীগের সব পক্ষই এসব ঘটনার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদাসীনতা ও পক্ষপাতমূলক আচরণকে দায়ী করছে। এ প্রসঙ্গে আ জ ম নাছির সমর্থক ও ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন বলেন, সংগঠনের ভেতর অনুপ্রবেশকারী একটি পক্ষ ছাত্রলীগের সুনাম নষ্ট করতে নিয়মিত সংঘর্ষে জড়িয়ে পড়ছে। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো ব্যবস্থা না নেওয়ায় তারা পার পেয়ে যাচ্ছে।একই অভিযোগ করে মহিউদ্দিন সমর্থক ও ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার উপকোষাধ্যক্ষ মহসিন করিম বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি অস্থিতিশীল করতে একটি চক্র ষড়যন্ত্রে লিপ্ত আছে। প্রশাসন এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নিলে আমরা আন্দোলনে যাব।’তৃতীয় ধারার সমর্থক ও ছাত্রলীগের সদস্য শাহেদ সারোয়ার দাবি করেছেন, ছাত্রলীগের ছাত্রাবাস কেন্দ্রিক কার্যক্রম বন্ধে ও ক্যাম্পাস নিয়ন্ত্রণের হীনস্বার্থে একটি পক্ষ নিয়মিত সংঘর্ষে লিপ্ত হচ্ছে। কিন্তু প্রশাসন এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না।এ প্রসঙ্গে যোগাযোগ করলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আকতার হোসেন জানান, ‘ওরা (ছাত্রসংগঠনের নেতা) যদি দাবি করে সংঘর্ষ বন্ধে আমরা কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছি না, তাহলে আমাদের বলার কিছুই নেই।’ তবে তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয় পরিস্থিতি স্বাভাবিক ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে আমরা সবসময় সক্রিয় ভূমিকা পালন করে যাচ্ছি।’জড়িত শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে কি না জানতে চাইলে তিনি বলেন, সংঘর্ষের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।