অনির্ধারিত বন্ধের কারণে বারবার শিক্ষাসূচি থেকে পিছিয়ে পড়ছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষার্থীরা। ১৬ জুন ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের পর ১৭ জুন থেকে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়। এর ফলে গত পাঁচ বছরে ১১ বার অনির্ধারিত বন্ধ হলো। এর মধ্যে ছাত্রলীগের অভ্যন্তরীণ কোন্দলের কারণে নয়বার বিশ্ববিদ্যালয় বন্ধ ছিল।
শিক্ষার্থীদের অভিযোগ, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংঘর্ষ দেখা দিলেই দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেয়। গত পাঁচ বছরে পানি ও বিদ্যুৎ-সংকট নিয়ে শিক্ষার্থীরা আন্দোলনে নামলে দুবার বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এ ছাড়া বাকি নয়বারই ছাত্রলীগের কর্মীরা নিজেদের মধ্যে মারামারি করায় বিশ্ববিদ্যালয় বন্ধ হয়েছিল।
এদিকে, আকস্মিক এ বন্ধের ঘোষণায় শিক্ষাজীবন বিঘ্নিত হওয়ার আশঙ্কায় ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের তড়িৎ কৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী শামসুল আলম বলেন, ‘কর্তৃপক্ষ তুচ্ছ ঘটনা নিয়ন্ত্রণ করতে না পেরে বারবার হল ত্যাগের নির্দেশ দিচ্ছে। ফলে গুটিকয়েক শিক্ষার্থীর জন্য আমাদের শিক্ষাজীবন দীর্ঘ হচ্ছে।’
বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কর্মকর্তারা জানান, বন্ধের আগে যন্ত্রকৌশল বিভাগের চূড়ান্ত বর্ষের পরীক্ষা চলছিল।
এ ছাড়া একই বর্ষের অন্যান্য বিভাগের পরীক্ষা ২২ জুন থেকে শুরু হওয়ার কথা ছিল। এ হিসাবে ঈদের আগেই তাঁদের অনেকের শিক্ষাজীবন শেষ হওয়ার কথা ছিল।
শিক্ষার্থীদের অভিযোগ, আইন প্রয়োগ ও শাস্তি কার্যকর করার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসনের দুর্বলতার কারণে এমন ঘটনা বারবার ঘটছে। ক্যাম্পাস সূত্রে জানা যায়, গত বছরের ১৬ জুন ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে একজন আহত হলে বিশ্ববিদ্যালয় সাত দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়। এর আগে ২০১২ সালের ১০ অক্টোবর ছাত্রলীগের সঙ্গেসাধারণ শিক্ষার্থীদের বিরোধের জের ধরে ৩১ দিন বন্ধ ছিল বিশ্ববিদ্যালয়। এ ছাড়া বিভিন্ন তুচ্ছ ঘটনায় ২০০৯ সাল তিনবার, ২০১০ সালে তিনবার ও ২০১১ সালে দুইবারসহ গত পাঁচ বছরে ১১ বার বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেওয়া হয়। এসব ঘটনার সঙ্গে জড়িত শিক্ষার্থীদের বিভিন্ন মেয়াদে বহিষ্কারাদেশ দেওয়া হলেও অধিকাংশ ক্ষেত্রেই তা নিয়ম অনুযায়ী কার্যকর করা হয়নি।
এ ছাড়া অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ২০১১ সালের ৬ ফেব্রুয়াারি থেকে এ পর্যন্ত ক্যাম্পাসে সভা-সমাবেশসহ সব ধরনের রাজনৈতিক কর্মসূচি অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ রয়েছে।
নিষেধাজ্ঞা অমান্য করে সমাবেশ করায় গত বছরের ১০ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সভাপতি মো. মোছাদ্দেক হোসাইন ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল-মাসায়াবকে আজীবনের জন্য আবাসিক হল থেকে বহিষ্কার করা হয়। তবে নিষেধাজ্ঞা বহাল থাকা অবস্থায় ছাত্রলীগের কর্মীরা নিয়মিত সভা-সমাবেশ ও মিছিল করলেও এ নিয়ে কোনো পদক্ষেপ নেয়নি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য মোহাম্মদ রফিকুল আলম আইন প্রয়োগ ও বিচারকাজে দুর্বলতা এবং পক্ষপাতিত্বমূলক আচরণের অভিযোগ অস্বীকার করেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘শিক্ষার্থীরা মিলেমিশে থাকার পরিবেশ সৃষ্টি করলে আমাদের এমন পরিস্থিতির মুখোমুখি হতে হতো না। পরিস্থিতি সামাল দিতে বাধ্য হয়েই বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়।’