ছাত্রলীগের নতুন কমিটি, এক পক্ষের হতাশা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নতুন কমিটি নিয়ে সংগঠনের অভ্যন্তরে হিসাব-নিকাশ শুরু হয়েছে। দীর্ঘ পাঁচ বছর পর এ কমিটি গঠন করা হয়। কমিটির অধিকাংশ সদস্য নিয়মিত ছাত্র হওয়ায় নেতা-কর্মীদের মধ্যে প্রাণচাঞ্চল্য এসেছে। আবার প্রত্যাশিত পদ না পাওয়ায় অনেকেই হতাশ। ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটি গঠিত হয় গত শনিবার সন্ধ্যায়। সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৯ জনের নাম ঘোষণা করে আংশিক কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় সংসদ।নতুন ঘোষিত কমিটির সভাপতি মামুনুল হক ও সাধারণ সম্পাদক এস এম খালেদ। আটজন সহসভাপতি হলেন আবুল মনসুর শিকদার, মোস্তফা সাইফুল ইসলাম, রিয়াজুল হক ভূঁইয়া, সাইফুদ্দিন খালেদ, রন্টু দাশ, ফারুক হোসেন, কাজী মারুফুর রহমান ও শেখ সাফায়েত বিল্লাহ। কমিটির দুই যুগ্ম সম্পাদক হলেন কাজী তানজিম হোসেন ও সুমন মামুন এবং সাংগঠনিক সম্পাদক এস এম আরিফুল ইসলাম আরিফ, আলমগীর টিপু ও রুবায়েত হোসেন। এ ছাড়া কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন মহসীন করিম, সাইফুল আলম, শাহেদ সরওয়ার ও শাহরিয়ার রহমান।সংগঠন সূত্রে জানা যায়, কমিটির ১৫ সদস্যের মধ্যে সভাপতিসহ আটজন হচ্ছেন নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরীর অনুসারী ও সাধারণ সম্পাদকসহ সাতজন নগর আওয়ামী লীগ নেতা আ জ ম নাছিরের অনুসারী। প্রসংগত, নগর আওয়ামী লীগের এ দুই নেতা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের মূল নিয়ন্ত্রক। এ দুই নেতার মধ্যে আগে বিভক্তি থাকলেও এখন নগর আওয়ামী লীগে ঐক্যবদ্ধভাবে কাজ করছেন। জানা যায়, নতুন গঠিত এ কমিটিতে যাঁদের স্থান হয়নি, তাঁদের মধ্যে চাপা উত্তেজনা ও ক্ষোভ বিরাজ করছে। গত কমিটির উপকোষাধ্যক্ষ মহসিন করিমের সমর্থক এসব নেতা-কর্মী গত রোববার বিকেলে নতুন কমিটির সভাপতির বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে সংবাদ সম্মেলন ডাকেন। তবে পরে কোনো কারণ ছাড়াই তা স্থগিত করে।নতুন কমিটি নিয়ে হতাশ মহিউদ্দিন অনুসারী মুজিবুর রহমান প্রথম আলোকে বলেন, ‘কমিটিতে অনেক ত্যাগী ও যোগ্য নেতা-কর্মীর নাম বাদ পড়েছে। এ জন্য অনেকের মধ্যে তীব্র ক্ষোভ ও হতাশা রয়েছে। আরও যাচাই-বাছাই করে কমিটি ঘোষণা করা হলে এ পরিস্থিতির সৃষ্টি হতো না।’ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী প্রথম আলোকে বলেন, যাচাই-বাছাই করে এবং ত্যাগী নেতা-কর্মীদের নিয়ে চবি শাখা ছাত্রলীগের কমিটি গঠন করা হয়েছে।নতুন কমিটির সভাপতি মামুনুল হক ও সাধারণ সম্পাদক এম এ খালেদ চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘সব ভেদাভেদ ভুলে সংগঠনের সব নেতা-কর্মী ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সবাইকে সঙ্গে নিয়ে আমরা মৌলবাদমুক্ত ক্যাম্পাস গড়ার লক্ষ্যে কাজ করে যাব।’পদবঞ্চিত নেতা-কর্মীদের হতাশা প্রসংগে দুই শীর্ষ নেতা বলেন, পূর্ণাঙ্গ কমিটি গঠনের সময় ত্যাগী নেতা-কর্মীদের অবশ্যই মূল্যায়ন করা হবে। অতি দ্রুত পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে বলে জানান তাঁরা। এদিকে নতুন কমিটিকে স্বাগত জানিয়ে সদ্য বিদায়ী কমিটির সহসভাপতি আনিসুজ্জামান ও যুগ্ম সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন বলেন, বিশ্ববিদ্যালয়ের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে এবং মৌলবাদবিরোধী ক্যাম্পাস গড়ার লক্ষ্যে নতুন নেতৃত্ব সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবেন। তাঁরা আরও বলেন, বিশ্ববিদ্যালয় কমিটিতে যেসব ত্যাগী নেতা স্থান পাননি, তাঁদের পরবর্তী সময়ে কেন্দ্রীয় কমিটিতে যুক্ত করা হোক।উল্লেখ্য, ২০০৫ সালে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সর্বশেষ কমিটি গঠিত হয়েছিল। পরের বছরই এক বছর মেয়াদি কমিটির মেয়াদ শেষ হয়। সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কমিটি হবে ১০১ সদস্যের।