ছাত্রশিবিরের ঝটিকা কর্মসূচি বন্ধে ব্যর্থ পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছাত্রশিবিরকে রাজপথের কর্মসূচি থেকে দূরে রাখতে পুলিশের সব ধরনের কার্যক্রম ব্যর্থ হয়েছে। এরই মধ্যে সংগঠনের নেতা-কর্মীদের বিরুদ্ধে বিভিন্ন থানায় দ্রুত বিচার ও সাধারণ আইনে একাধিক মামলা করলেও তাদের কর্মসূচি থেমে থাকেনি। এ ক্ষেত্রে কর্মসূচি এবং কর্মীদের গতিবিধি সম্পর্কে পুলিশের অজ্ঞতাই দায়ী বলে মনে করা হচ্ছে।জানা যায়, গত তিন বছরে ছাত্রশিবির যেসব রাজনৈতিক ও অন্যান্য কর্মসূচি পালন করেছে, সে ব্যাপারে পুলিশ ও নির্বাহী প্রশাসনের কাছে কোনো সুনির্দিষ্ট তথ্য নেই। ফলে ছাত্রশিবিরের বিভিন্ন ঝটিকা কর্মসূচি বন্ধ করতে ব্যর্থ হয়েছে পুলিশ। এ প্রসঙ্গে নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (উত্তর) মো. শহীদুল্লাহ প্রথম আলোকে বলেন, ‘আমাদের নিয়মিত অভিযান চলছে। পাশাপাশি যেসব মামলা দায়ের করা হয়েছে, সেগুলোর তদন্তও অব্যাহত রয়েছে। এর মধ্যে পাঁচলাইশ অঞ্চলের সাবেক সহকারী কমিশনার আবদুল মান্নানের ওপর হামলার মামলাটির তদন্ত বর্তমানে শেষ দিকে রয়েছে।’ তিনি বলেন, ‘গতকাল শনিবার এবং আজ শিবির ভাঙচুর ও মিছিল করতে পারে এমন তথ্য আমাদের কাছে ছিল। এ জন্য আমরা এলাকায় এলাকায় তাদের নেতা-কর্মীদের ওপর নজর রাখছি। এ ছাড়া পুলিশের কৌশলগত প্রহরায়ও পরিবর্তন আনা হয়েছে।’ ছাত্রশিবির দাবি করেছে, গত তিন বছরে পুলিশ তাদের বিরুদ্ধে ৪০টিরও বেশি মামলা দায়ের করেছে। এসব মামলায় পাঁচ শতাধিক নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তারা জামিনে বেরিয়ে এসেছে। গত মঙ্গলবার নগরে ছাত্রশিবির-কর্মীরা হামলা ও ভাঙচুর চালানোর পর পুলিশ দ্রুত বিচার আইনে দুইটি মামলা দায়ের করেছে। ছাত্রশিবির দাবি করেছে, এ দুই মামলায় তাদের ৪০০ নেতা-কর্মীকে আসামি করা হয়েছে। চট্টগ্রাম মহানগর ছাত্রশিবিরের (উত্তর) সভাপতি মুহাম্মদ ইসমাইল প্রথম আলোকে বলেন, ‘পুলিশ আমাদের অব্যাহতভাবে হয়রানি করে যাচ্ছে। আমাদের মধ্যে প্রকৃত অপরাধী থাকলে তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে পারে। কিন্তু তা না করে আমাদের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনায় বাধা দিয়ে চলেছে। আমরা সংঘাতে যেতে না চাইলেও পুলিশ আমাদের সংঘাতের দিকেই ঠেলে দিচ্ছে।’ খোঁজ নিয়ে জানা যায়, ছাত্রশিবির যেকোনো কর্মসূচি চালাতে পারে এমন খবর পাওয়া গেলেই পুলিশ শিবিরের কার্যালয় ঘেরাও করে রাখে। পশ্চিম বাকলিয়ায় চাক্তাই খালের পাড়ে অবস্থিত ছাত্রশিবিরের নগর কার্যালয় আর ইসরা ভবন পুলিশ ঘেরাও করে রাখলেও এ পর্যন্ত তাদের কোনো কার্যক্রমই বন্ধ থাকেনি। বরং রাজনৈতিক কর্মসূচি চলাকালে তাদের কার্যালয় একপ্রকার বন্ধই থাকে। আর সে বন্ধ কার্যালয়ে বসে পুলিশের শক্ত পাহারা! ছাত্রশিবিরের একাধিক নেতা-কর্মীর সঙ্গে কথা বলে জানা যায়, তারা কর্মসূচি পালন করতে গিয়ে অচেনা মুঠোফোন ব্যবহার করে থাকে। তারা সাধারণ নাগরিকের ছদ্মবেশে কোনো নির্দিষ্ট এলাকায় অবস্থান করে। এরপর সংকেত পেলেই ঝটিকা কর্মসূচি শুরু করে। গত মঙ্গলবার তারা এ ধরনের শেষ কর্মসূচি চালায় কাজীর দেউড়ির মোড় থেকে। এ সময় শিবিরের মিছিলটি আসকারদীঘির পাড় হয়ে জামালখান সড়ক পর্যন্ত পৌঁছায়। সেখানে পুলিশের বাধা পেলে তারা পিছু না হটে উল্টো পুলিশকেই ধাওয়া করে। এ মিছিল থেকে তারা ভাঙচুর করে ছয়টি যানবাহন। তবে ছাত্রশিবির এ কার্যক্রমকে ঝটিকা কর্মসূচি বলতে নারাজ। নগর ছাত্রশিবিরের সভাপতি মুহাম্মদ ইসমাইল বলেন, ‘আপনারা ধারণা করে রেখেছেন এটা ঝটিকা কর্মসূচি। কিন্তু আমরা মনে করি এটি আমাদের নিয়মিত কার্যক্রম। যতদিন “প্রহসনের ট্রাইব্যুনাল” চলবে, ততদিনই আমাদের এ কার্যক্রমও চলবে। সরকার যেমন ইচ্ছা চাইলেই জামায়াত নেতাদের শাস্তি দিতে পারবে না।’