ঘটনা ১: সোহরাওয়ার্দী হলের প্রাধ্যক্ষের সঙ্গে ৩১ জানুয়ারি রাত ১০টার দিকে দুর্ব্যবহার করেন হল শাখা শিবিরের নেতা-কর্মীরা। হলে আসন বণ্টন নিজেদের পছন্দমতো না হওয়ায় তাঁরা এ কাণ্ড করেন বলে অভিযোগ করেন হলের প্রাধ্যক্ষ। পরে হলে মহড়া দেন শিবিরের নেতা-কর্মীরা।ঘটনা-২: বহিরাগতদের বের করে দেওয়ার ঘটনায় ক্ষিপ্ত হয়ে ছাত্রলীগ কর্মীরা ১৯ ফেব্রুয়ারি বেলা ১১টার দিকে প্রাধ্যক্ষের কক্ষ ভাঙচুর করেন। পরে তাঁরা প্রাধ্যক্ষ ও আবাসিক শিক্ষকদের পদত্যাগের দাবিতে হলের সামনে মিছিলও করেন। এই হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রসংগঠনগুলোর সাম্প্রতিক তৎপরতার দুটি চিত্র।বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, প্রায় এক মাসে ছাত্রসংগঠনগুলোর নেতা-কর্মীদের হাতে বিশ্ববিদ্যালয়ের তিনজন প্রাধ্যক্ষ লাঞ্ছিত হয়েছেন। দুই প্রাধ্যক্ষের কার্যালয় ভাঙচুর করা হয়েছে এ সময়। এ ছাড়া, ছাত্রসংগঠনগুলোর মধ্যে মারামারির ঘটনা ঘটেছে অন্তত ছয়বার। বিভিন্ন হলে অন্তত পাঁচবার মুখোমুখি অবস্থান নিয়েছিল ছাত্রলীগ-ছাত্রশিবির।সাধারণ শিক্ষার্থীদের স্বার্থে সংগঠনগুলোর কার্যক্রম পরিচালিত হওয়ার কথা থাকলেও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কয়েকটি ছাত্রসংগঠনের কর্মকাণ্ডে তা প্রতীয়মান হচ্ছে না বলে জানান বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের শিক্ষক ও আলাওল হলের প্রাধ্যক্ষ হোসাইন কবির প্রথম আলোকে বলেন, তথ্যপ্রযুক্তির এ যুগে সাধারণ শিক্ষার্থীরা রাজনীতি সচেতন। দখলদারিত্ব, আগ্রাসী এবং পেশিশক্তি প্রদর্শনীর মাধ্যমে তাদের মন জয় করা সম্ভব নয়। এজন্য এ ধরনের রাজনীতির চর্চা পরিহার করে ছাত্রসংগঠনগুলোকে অবশ্যই সুস্থ ধারার ছাত্ররাজনীতিতে ফিরে আসা উচিত। এদিকে, ছাত্রসংগঠনগুলোর এসব কর্মকাণ্ডে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন সাধারণ শিক্ষার্থীরা। যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ছাত্র বারেক কায়সার প্রথম আলোকে বলেন, ইদানীং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে ছাত্রসংগঠনগুলো মুখোমুখি অবস্থান নিচ্ছে। এতে পুরো ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ফলে পড়াশোনার স্বাভাবিক পরিবেশ ব্যাহত হচ্ছে।বারেক কায়সারসহ একাধিক শিক্ষার্থী বলেন, সংগঠনগুলোর এ ধরনের কার্যক্রম বন্ধ করা দরকার। তাদের শিক্ষার্থীদের স্বার্থেই কাজ করা উচিত।এদিকে, বিশ্ববিদ্যালয়ে সম্প্রতি বিভিন্ন উচ্ছৃঙ্খল ঘটনার সঙ্গে জড়িত ছাত্রদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যাচ্ছে কর্তৃপক্ষ। ২৭ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব রেসিডেন্স, হেলথ অ্যান্ড ডিসিপ্লিনারি কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক উচ্ছৃঙ্খল ঘটনার সঙ্গে জড়িত ছাত্রদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে বলে প্রশাসন সূত্রে জানা গেছে। বৈঠকের বিষয়টি স্বীকার করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আকতার হোসেন। তিনি প্রথম আলোকে বলেন, বিশ্ববিদ্যালয়ের নিয়মের আলোকে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার ভারপ্রাপ্ত সভাপতি আবুল মনসুর বলেন, ছাত্রলীগ সবসময়ই সাধারণ শিক্ষার্থীদের পক্ষে। তবে সম্প্রতি সংগঠনে অনুপ্রবেশকারী কিছু ব্যক্তির কারণে সংগঠনের দুর্নাম হচ্ছে। ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক সালাহউদ্দিন কাদের বলেন, শিবির সবসময়ই সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ে কাজ করে। দখলদারিত্ব ও আধিপত্যের অভিযোগ অস্বীকার করেন তিনি।