ছাত্রসংসদ নেই, তবু ফি আদায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) ছাত্রসংসদের (চুটেকসু) সর্বশেষ কমিটি হয় ২০০৫ সালে। ওই কমিটির মেয়াদ শেষ হয়ে যায় ২০০৬ সালে। এর পর থেকে আর নতুন কমিটি হয়নি। কিন্তু প্রতি ষান্মাসিক নিবন্ধনের (টার্ম রেজিস্ট্রেশন) সময় শিক্ষার্থীদের কাছ থেকে নিয়মিতভাবে আদায় করা হচ্ছে ছাত্রসংসদ ফি। সর্বশেষ চলতি মাসে বিভিন্ন বর্ষের নিবন্ধন করতে আগামী ছয় মাসের জন্যও ছাত্রসংসদ ফি বাবদ ৯০ টাকা নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রসংসদের (চুটেকসু) সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক তাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘শিক্ষার্থীদের কাছ থেকে ছাত্রসংসদ ফি নেওয়া হয় এটা সত্য। আগামী সময়ে আবার ছাত্রসংসদ গঠন করা হতে পারে। ওই সময় ছাত্রসংসদের মধ্যে এ টাকাগুলো বণ্টন করে দেওয়া হবে।’বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ২০০৬ সালে চুটেকসুর সর্বশেষ কমিটির মেয়াদ শেষ হওয়ার পর নানা কারণে নতুন কমিটি গঠন করা হয়নি। ফলে গত ছয় বছর চুটেকসুর কার্যক্রম নেই। এ অবস্থায় বছরের পর বছর ফি নেওয়া হচ্ছে। এ প্রসঙ্গে চুয়েটের চতুর্থ বর্ষের পুরকৌশল বিভাগের শিক্ষার্থী মো. ইমরান হোসেন প্রথম আলোকে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর চার বছর পার হয়েছে। এখনো ছাত্রসংসদ নির্বাচন কী তা দেখলাম না। অথচ প্রতি টার্মেই ছাত্রসংসদের জন্য আমরা ফি দিয়ে যাচ্ছি।’ছাত্রসংসদের ফি আদায় প্রসঙ্গে জানতে চাইলে চুয়েটের হিসাব নিয়ামক মো. মাসুদুর রহমান প্রথম আলোকে বলেন, এই খাতে বর্তমানে যে টাকাগুলো এখন নেওয়া হচ্ছে তার হিসাব আছে। তবে শিক্ষার্থীসংক্রান্ত অনুষ্ঠানে এ তহবিল থেকে কিছু টাকা বরাদ্দ দেওয়া হয়।