ছাত্রাবাস সংস্কারে ধীরগতি ও অনিয়ম, দুর্ভোগে শিক্ষার্থীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সকালে ঘুম থেকে উঠেই দেখি শৌচাগারের সামনে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছেন সবাই। বাধ্য হয়ে অন্য ব্লকের শৌচাগারে গিয়ে দেখি, একই অবস্থা। এভাবেই অপেক্ষায় থাকতে থাকতে প্রায় সময় ক্লাসে যেতে দেরি হয়। আর এ কারণে শিক্ষকদের কটূক্তি শুনতে শুনতে জীবনটাই দুর্বিষহ হয়ে উঠছে।’ এভাবেই ক্ষোভের সঙ্গে কথাগুলো বলছিলেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শহীদ মোহাম্মদ শাহ ছাত্রাবাসে অবস্থানরত পুরকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আমিনুল ইসলাম। শুধু আমিনুল ইসলাম নন, চুয়েটের পাঁচটি ছাত্রাবাসের তিনটিতে অবস্থানরত শিক্ষার্থীরা শৌচাগার, গোসলখানা ও পানির সমস্যার কারণে দুর্ভোগের শিকার হচ্ছেন।খোঁজ নিয়ে জানা যায়, চুয়েটের শহীদ মোহাম্মদ শাহ ছাত্রাবাস, তারেক হুদা ছাত্রাবাস এবং নতুন ছাত্রাবাসে (নামকরণ হয়নি) মোট ২৩২টি শৌচাগার এবং ৬৪টি গোসলখানা রয়েছে। এর মধ্যে প্রায় অর্ধেক শৌচাগার ও গোসলখানা দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে। বেশির ভাগ শৌচাগার-গোসলখানায় জানালার কাচ ও বেসিন ভাঙা, প্রায় সময় পানি থাকে না এবং পাইপ ফেটে পানি ঝরে। ছাত্রাবাসগুলোর অধিকাংশ আলমারিও ব্যবহারের অনুপযোগী। শহীদ মোহাম্মদ শাহ ছাত্রাবাসে খোঁজ নিয়ে জানা যায়, চার তলাবিশিষ্ট এ ছাত্রাবাসে ৪০টি শৌচাগার ও ৩২টি গোসলখানার মধ্যে ১০টি শৌচাগার ও আটটি গোসলখানা ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। বাকি ১০টি শৌচাগার ও আটটি গোসলখানার সংস্কারকাজ শুরু হলেও কাজের ধীরগতির কারণে সেগুলোও ব্যবহার করা যাচ্ছে না। একই অবস্থা অন্য দুই ছাত্রাবাসেরও।প্রশাসন সূত্রে জানা যায়, মোহাম্মদ শাহ ছাত্রাবাস ও তারেক হুদা ছাত্রাবাসের শৌচাগার ও গোসলখানা সংস্কারের জন্য চলতি বছর ৬৮ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। ১৬ এপ্রিল শুরু করে চার মাসের মধ্যে কাজ শেষ করার কথা। কিন্তু ইতিমধ্যে তিন মাস পার হয়ে গেলেও ৪০ শতাংশ কাজ এখনো শেষ হয়নি। এক মাসের মধ্যে বাকি কাজ শেষ হবে না বলে শিক্ষার্থীরা মনে করেন। অনেক শৌচাগার, গোসলখানা, আলমারি ও দরজা-জানালার সংস্কারকাজ শুরুই হয়নি বলে তাঁরা জানান। এদিকে, নিম্নমানের কাঠ দিয়ে দরজা তৈরি এবং পুরোনো বেসিন ও কমোড লাগিয়ে ঠিকাদার দায়সারাভাবে সংস্কারকাজ চালাচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ছাড়া, লোকবল কম হওয়ায় কাজ চলছে অত্যন্ত ধীরগতিতে। মোহাম্মদ শাহ ছাত্রাবাসের শিক্ষার্থীরা জানান, সংস্কারের ১৫ দিনের মধ্যে একটি গোসলখানার দরজা ভেঙে গেছে। পুরকৌশল বিভাগের শান্তনু বড়ুয়া বলেন, কর্তৃপক্ষের সুষ্ঠু তদারকি ও অতিরিক্ত লোক নিয়োগের মাধ্যমে সংস্কারকাজ করা হলে এবং বিশ্ববিদ্যালয় বন্ধ থাকাকালে কাজ করলে দুর্ভোগ অনেকটাই কমানো যেতো।এ প্রসঙ্গে দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার আহমেদ নবী বলেন, ‘দরজা ভেঙে যাওয়ার ব্যাপারটি আমি জেনেছি এবং ইতিমধ্যে সব ঠিক করে দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্মীদের নির্দেশ দিয়েছি।’ পুরোনো সরঞ্জাম দিয়ে সংস্কারকাজ করার অভিযোগ সম্পর্কে তিনি বলেন, ‘পশ্চিম পাশের শৌচাগারগুলোতে পুরোনো বেসিন ও কমোড লাগানো হয়ে গেছে। কৌশলগত কারণে সেগুলো পরিবর্তন করা যাচ্ছে না। তবে পশ্চিম পাশে বেসিনের কাচ লাগানোর কিছু কাজ বাকি আছে। কাজগুলো আমরা পরে করে দিব।’ এ ব্যাপারে ছাত্রাবাসের প্রাধ্যক্ষ আব্দুল ওয়াজেদ বলেন, ‘এসব অভিযোগের ব্যাপারে আমি জানি না। সরেজমিনে পরিদর্শন করে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নিব।’তারেক হুদা ছাত্রাবাসের প্রাধ্যক্ষ রবিউল আলম বলেন, ‘শিক্ষার্থীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে আমরা ঠিকাদারের সঙ্গে কথা বলে দ্রুত কাজ শেষ করার চেষ্টা করছি।’ ্রনতুন ছাত্রাবাসের প্রাধ্যক্ষ আশুতোষ সাহা বলেন, ‘সংস্কারকাজের জন্য দরপত্র আহ্বান করা হয়েছে। আশা করি শিগগিরই সব সমস্যার সমাধান করা হবে।’্র