
একসময় গুদামঘর হিসেবে ব্যবহৃত হতো বলে কক্ষে জানালা রাখা হয়নি। আলো-বাতাসহীন এমন চারটি কক্ষে গাদাগাদি করে থাকছে শিক্ষার্থীরা। এই ভবন ছাড়াও টিনের ছাউনি দেওয়া একটি জীর্ণ ঘরে থাকছে আরও কিছু শিক্ষার্থী। সে ঘরে ছাদ চুইয়ে পানি পড়ে। পটিয়ার শাহচান্দ আউলিয়া কামিল (স্নাতকোত্তর) মাদ্রাসার আবাসিক শিক্ষার্থীরা এমন অস্বাস্থ্যকর পরিবেশে থাকতে বাধ্য হচ্ছে।
পটিয়া সদরের বাহুলি এলাকায় অবস্থিত শাহচান্দ আউলিয়া মাদ্রাসায় এক হাজার ৭০০ শিক্ষার্থীর মধ্যে মাত্র দেড় শ অবাসিক শিক্ষার্থী রয়েছে। কিন্তু এদের জন্য নিরাপদ ও স্বাস্থ্যকর আবাসনের ব্যবস্থা করতে পারেনি কর্তৃপক্ষ।
সরেজমিনে দেখা গেছে, শাহচান্দ আউলিয়ার মাজার প্রাঙ্গণে এ মাদ্রাসা অবস্থিত। নির্মাণাধীন ভবনেই চলছে মাদ্রাসার শিক্ষা কার্যক্রম। মাদ্রাসার পাঁচতলা ভবনের নিচতলা একসময় গুদাম হিসেবে ব্যবহৃত হতো। এই গুদামের চারটি কক্ষে বর্তমানে ১০০ শিক্ষার্থী থাকছে। সামান্য বৃষ্টি হলে কক্ষগুলোর ভেতর-বাইরে ও বারান্দায় হাঁটুপানি জমে থাকে। সিলিং নিচু বলে ফ্যানও লাগানো যায় না। অন্যদিকে মাদ্রাসার পেছনে নোংরা পরিবেশে জরাজীর্ণ টিনের ছাউনি দেওয়া বেড়ার ভবনে থাকছে আরও ৫০ জন শিক্ষার্থী।
শিক্ষার্থীরা জানান, গত বছরের ৭ অক্টোবর ছাত্রাবাসের সমস্যা নিয়ে তাঁরা আন্দোলন করেন। এ সময় কর্তৃপক্ষ তাঁদের দুর্ভোগের কথা স্বীকার করে তিন মাসের মধ্যে পাঁচতলা ভবনে ছাত্রাবাস স্থানান্তরসহ সব সমস্যা সমাধানের আশ্বাস দেন। কিন্তু এখনো অবস্থার কোনো পরিবর্তন হয়নি।
ছাত্রাবাসে গিয়ে নড়বড়ে চৌকিতে অপরিচ্ছন্ন পরিবেশে শিক্ষার্থীদের থাকতে দেখা গেছে। টিনের ছাউনি দেওয়া ভবনে পাশের শৌচাগার থেকে দুর্গন্ধ আসে। শিক্ষার্থীদের পান করতে হয় ঘোলা পানি। শিক্ষার্থীরা জানান, ছাত্রাবাসের ভেতর প্রায়ই সময় সাপ, ব্যাঙ ঢুকে পড়ে। গত বছর ১৮ নম্বর কক্ষের ফাজিল শ্রেণির ছাত্র মেছবাউদ্দিনকে সাপে কামড়ায়। একাধিক শিক্ষার্থীর অভিযোগ, খাবারের মানও ভালো নয়। মাঠ ব্যবহার অনুপযোগী হওয়ায় নেই খেলাধুলা ও বিনোদনের ব্যবস্থা। পাঠাগারও বন্ধ থাকে। সাত বছর ধরে নেই কোনো পত্রিকাও রাখা হয় না।
মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ মুখতার আহমেদ ছাত্রাবাসের সমস্যার কথা স্বীকার করে বলেন, পাঁচতলা ভবনের ওপরতলার কাজ করছেন দরগাহ পরিচালনা কমিটি। তাঁরা ভবনের কাজ মাদ্রাসা কর্তৃপক্ষকে বুঝিয়ে দেওয়ার পর ছাত্রাবাস সেখানে স্থানান্তর করা হবে।