ছাত্রীদের জন্য এ কেমন নিয়ম!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে সন্ধ্যা ছয়টার পর ছাত্রীদের চিকিৎসা নিতে প্রভোস্ট বা হলের আবাসিক শিক্ষকের অনুমতি লাগবে এবং সঙ্গে একজন আবাসিক মহিলা চিকিৎসক থাকতে হবে। ২০ মার্চ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এমন ঘোষণার পর ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে বিভিন্ন সংগঠন। প্রতিবাদমুখর হয়েছেন সাধারণ ছাত্রীরাও। গত বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে আয়োজিত এক প্রতিবাদ সভায় এ সিদ্ধান্তকে বৈষম্য হিসেবে উল্লেখ করেন ছাত্রীরা।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পরপরই শিক্ষার্থীদের চিকিৎসাসেবা দিতে প্রতিষ্ঠিত হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার। এ মেডিকেল সেন্টার প্রতিষ্ঠার পর ছাত্রছাত্রী–নির্বিশেষে সবাই চিকিৎসা নিতে পারতেন ২৪ ঘণ্টা। তবে ১১ মার্চ বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী মেডিকেল সেন্টারের এক চিকিৎসকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তোলেন। এরই পরিপ্রেক্ষিতে ২০ মার্চ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এমন ঘোষণা দেয়।
বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফাতেমা তুজ জোহুরা জানান, এই সিদ্ধান্ত জারির পর ২০ মার্চ রাতে তিনি সিএনজিচালিত অটোরিকশায় দুর্ঘটনার শিকার হন। আহত হয়ে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে চিকিৎসা নিতে গেলে কর্তব্যরত চিকিৎসক অনুমতি ছাড়া তাঁকে চিকিৎসা দিতে রাজি হননি। ফাতেমা প্রথম আলোকে বলেন, ‘আমার হাত, পা ও মাথা থেকে রক্ত ঝরছিল। কিন্তু কর্তব্যরত চিকিৎসক আমাকে চিকিৎসা দিতে রাজি হননি। এরপর প্রক্টরের অনুমতি পেয়ে আধা ঘণ্টা পর আমাকে চিকিৎসা দেওয়া হয়।’
ফাতেমা আরও বলেন, ‘অথচ সেখানে উপস্থিত ছাত্ররা তখন চিকিৎসাসেবা পাচ্ছিল। আমি নারী বলেই আমার সঙ্গে এ বৈষম্য করা হয়েছে!
আমি চিন্তাও করতে পারছি না কী করে এমন সিদ্ধান্ত নিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। নারী-পুরুষে বৈষম্য আমরা চাই না। নারী-পুরুষ নির্বিশেষে সবার জন্য শর্তবিহীন চিকিৎসাসেবা নিশ্চিত করা হোক।’
তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তোলায় এ সিদ্ধান্ত নেওয়া অনেকটা—মাথাব্যথা হলে মাথা কেটে ফেলার মতো।’
ছাত্রীদের চিকিৎসা নিতে প্রভোস্টের অনুমতি নেওয়ার সিদ্ধান্ত এবং চিকিৎসাসেবায় লৈঙ্গিক বৈষম্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও সমালোচনার ঝড় উঠেছে। বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা অভিযোগ করেন, তাঁদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত করার পাঁয়তারা হচ্ছে। অবিলম্বে এ সিদ্ধান্ত বাতিলেরও দাবি করেন তাঁরা।
চিকিৎসাসেবার ব্যাপারে হল ও দপ্তরগুলোতে পাঠানো চিঠিতে বলা হয়েছে, ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে কর্মরত মহিলা চিকিৎসকেরা মহিলা রোগী এবং পুরুষ চিকিৎসকেরা পুরুষ রোগী দেখবেন। মহিলা চিকিৎসকেরা সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মহিলা–ছাত্রী রোগী দেখবেন। সন্ধ্যা ৬টার পর কোনো ছাত্রীর চিকিৎসার প্রয়োজন হলে প্রভোস্ট বা আবাসিক শিক্ষকের সঙ্গে ফোনে যোগাযোগ করে মেডিকেল সেন্টারে আসতে হবে এবং সঙ্গে একজন মহিলা আবাসিক চিকিৎসক থাকতে হবে। এ ছাড়া এ চিঠিতে উল্লেখ করা হয়, সন্ধ্যা ৬টার পর একান্ত জরুরি ব্যতীত কোনো মহিলা–ছাত্রী রোগীর প্রাথমিক চিকিৎসাসেবা প্রদান করা হবে না।’
এ সিদ্ধান্তের বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোহাম্মদ কামরুল হুদা প্রথম আলোকে বলেন, ‘১১ মার্চ এক ছাত্রী বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের এক চিকিৎসকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তোলেন। এ ছাড়া ছাত্রীরাও পুরুষ চিকিৎসককে সবকিছু খুলে বলতে বিব্রত হন। এ কারণে উপাচার্য এ সিদ্ধান্ত নিয়েছেন। এ–সংক্রান্ত নোটিশ গত সোমবার (২০ মার্চ) সকালে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারসহ সব বিভাগ, দপ্তর ও হলে পাঠানো হয়েছে।’
বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের প্রধান মো. আবু তৈয়ব প্রথম আলোকে বলেন, ‘গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দেওয়া এ সিদ্ধান্তের শেষাংশে পরিবর্তন আনা হয়েছে। এতে বলা হয়েছে, জরুরি প্রয়োজনে ছাত্রীদের প্রাথমিক চিকিৎসাসেবা প্রদান করা হবে। তবে সন্ধ্যার পরে চিকিৎসা নিতে অবশ্যই প্রভোস্টের অনুমতি লাগবে।’
বিশ্ববিদ্যালয় ও মেডিকেল সেন্টার সূত্র জানায়, ‘বিশ্ববিদ্যালয়ে বর্তমানে রয়েছে ২৪ হাজার শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র রয়েছে প্রায় সাড়ে ১৫ হাজার ও ছাত্রী রয়েছে প্রায় নয় হাজার। নয় হাজার ছাত্রীকে দেখার জন্য বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে চারজন মহিলা চিকিৎসক রয়েছেন। আর ১৫ হাজার ছাত্রের জন্য রয়েছেন সাতজন পুরুষ চিকিৎসক।
এ বিষয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের সভাপতি মেহেদি হাসান প্রথম আলোকে বলেন, ‘সার্বক্ষণিক শিক্ষার্থীদের চিকিৎসার জন্য পর্যাপ্ত মহিলা ও পুরুষ চিকিৎসক মেডিকেল সেন্টারে নেই। ১১ মার্চ এক ছাত্রী মেডিকেল সেন্টারের এক চিকিৎসকের বিরুদ্ধে যৌন
হয়রানির অভিযোগ আনেন। এরপর সাধারণ শিক্ষার্থীরা অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। শিক্ষার্থীদের আন্দোলন স্তিমিত করে দিতেই এমন সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ সিদ্ধান্ত অবিলম্বে বাতিল করে ছাত্রছাত্রীদের বৈষম্যহীন চিকিৎসা নিশ্চিত করতে হবে।’
এদিকে শিক্ষার্থীদের অভিযোগ বিষয়ে এবং ছাত্রীদের চিকিৎসাসেবা বিষয়ে নতুন এ সিদ্ধান্তের ব্যাপারে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোহাম্মদ কামরুল হুদা প্রথম আলোকে বলেন, ‘সাম্প্রতিক সময়ে যে বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে এর পরিপ্রেক্ষিতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে জরুরি প্রয়োজনে ছাত্রছাত্রী সবাইকে চিকিৎসা দিতে বলা হয়েছে।’