ছাত্রীদের সহায় বেসরকারি হোস্টেল
আগে নগরে মহিলা হোস্টেল ছিল একটিই—চান্দগাঁওয়ের কর্মজীবী মহিলা হোস্টেল। কিন্তু সেখানে শুধু কর্মজীবী মহিলাদেরই থাকার সুযোগ ছিল, ছাত্রীদের নয়। কলেজ-বিশ্ববিদ্যালয়ের যেসব ছাত্রী হলে আসন পেতেন না তাঁদের থাকা-খাওয়া নিয়ে বিড়ম্বনার শেষ ছিল না। কিন্তু সে অবস্থার পরিবর্তন হয়েছে, এখন নগরের বিভিন্ন স্থানে গড়ে উঠেছে বেসরকারি মহিলা হোস্টেল, সেখানে থাকছেন ছাত্রীরা, থাকছেন কর্মজীবীরাও। এত নিশ্চিন্তে থেকে তাঁরা পড়াশোনা ও চাকরি করছেন। বিশেষ করে ছাত্রীদের জন্য বড় সহায় হয়ে উঠেছে বেসরকারি মহিলা হোস্টেল। মহিলা হোস্টেলে সুবিধার পাশাপাশি কিছু অসুবিধার কথাও বললেন মহিলারা। এসব সমস্যার মধ্যে আছে বেশি ফি, খাবারের নিম্নমান এবং হোস্টেলে ঢোকা ও বের হওয়া নিয়ে ‘অতিরিক্ত বাড়াবাড়ি’। তবে বখাটের উৎপাত তেমন নেই বলে তাঁরা জানান। বিশেষ করে চকবাজারে উপপুলিশ কমিশনারের (উত্তর) কার্যালয় থাকায় এবং পুলিশের নজরদারি এ ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখে বলে তাঁদের ধারণা।নগরের চকবাজার এলাকায় রয়েছে ছয়-সাতটি ছাত্রীনিবাস। এর মধ্যে শাহীন ছাত্রীনিবাস, রোকেয়া ছাত্রীনিবাস, মাতৃছায়া, মাতৃস্নেহ, নিঝুম, আপননিবাস উল্লেখযোগ্য। খুলশীতে আছে শান্তিছায়া ও শান্তিনিকেতন। তবে নগরে মোট কয়টি মহিলা হোস্টেল আছে সে হিসাব পাওয়া যায়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে। ‘দিন দিন বখাটের উপদ্রব বাড়ছে। মেয়েদের হোস্টেলেও বখাটের উৎপাত থাকার কথা। কিন্তু আমাদের এখানে তা নেই, কারণ আমি এ ব্যাপারে খুবই সচেতন। বখাটের উৎপাত বন্ধে যা করার তা করা হয়েছে। আর হোস্টেলের পাশেই রয়েছে আনসার ক্যাম্প।’ বললেন খুলশীর শান্তিছায়া ছাত্রীনিবাসের পরিচালক দিলওয়ারা বেগম।তিনি আরও বলেন, ‘অনেকের পরিবার গ্রামে থাকে, অনেকের বাবার সরকারি চাকরি তাই তাঁদের সমস্যাও বেশি। থাকার বিষয়টা নিশ্চিত না হলে পড়াশোনাও মাঝপথে ছেড়ে দিতে হয়। বেসরকারি হোস্টেল তাঁদের জন্য বড় সুযোগ। সেই সুযোগটা কাজে লাগিয়ে জীবনটাকে এগিয়ে নিচ্ছেন তাঁরা।’প্রায় ৩০০ জন ছাত্রী থাকে শাহীন ছাত্রীনিবাসে। একসঙ্গে দুজন থাকলে থাকা-খাওয়াসহ ফি নেওয়া হয় তিন হাজার ৪০০ টাকা, একজন থেকে দুহাজার ৯০০ টাকা। ১৩ দিন না খেলে টাকা ফেরত দেওয়া হয়। একজন ছাত্রী বলেন, ‘ফি একটু বেশিই, কিন্তু নিরাপত্তার কথা ভেবে এখানে থাকি। এতে আমাদের নিয়ে মা-বাবার দুশ্চিন্তা কমে।’এখানে রয়েছে বিভিন্ন সুযোগ-সুবিধা যেমন আইপিএসের মাধ্যমে সার্বক্ষণিক বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা। পানি ও গ্যাসের সমস্যা নেই। ছাত্রীদের বিনোদনের জন্য রয়েছে টেলিভিশন দেখা আর পত্রিকা পড়ার ব্যবস্থা। এ বিষয়ে ছাত্রীনিবাসের এক কর্মকর্তা নাম প্রকাশ না করে বলেন, ‘আমাদের এখানে রাত আটটার মধ্যে ঢুকতে হয়। যতবার বাইরে যাবে ততবার নিবন্ধন খাতায় নাম ও সময় লিখতে হয়। নির্দিষ্ট সময়ের পরে কাউকে ঢুকতে দেওয়া হয় না। প্রয়োজনে পিতা-মাতার লিখিত অনুমতি আনতে হয় ছাত্রীদের।’ এক ছাত্রী বলেন, ‘আমাদের এখানে রান্না করার জন্য আছেন সাত মহিলা। সকালে নাশতা হিসেবে একেক দিন একেক খাবার দেওয়া হয়। এর মধ্যে আছে পরোটা, রুটি, ভাজি, মুগডাল ও খিচুড়ি। দুপুরে ও রাতে থাকে ভাত, মাছ, মাংস, ডিম, সবজি, ডাল ইত্যাদি।শাহীন ছাত্রীনিবাসের কলেজছাত্রী সঞ্চয়িতা দেব বলেন, ‘এখানকার নিরাপত্তাব্যবস্থাও ভালো।’শান্তিছায়ার ফারজানা আকতার পড়েন প্রিমিয়ার বিশ্বদ্যািলয়ের বিবিএ প্রথম বর্ষে। তিনি বলেন, ‘এখানে একজন থেকে চার হাজার টাকা ফি নেওয়া হয়। একসঙ্গে দুজন থেকে তিন হাজার ৭০০ টাকা ও চারজন থেকে সাড়ে তিন হাজার টাকা নেওয়া হয়। খাবার-দাবারের মান মোটামুটি। এখানে ছাত্রীদের পাশাপাশি ব্যাংকার, বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকাও থাকেন।’