ছাত্রীনিবাস ও মিলনায়তন নির্মাণের দাবি ছাত্রীদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কলেজটি ১৯৫৭ সালে প্রতিষ্ঠিত হয়। এটি চট্টগ্রামের একমাত্র সরকারি মহিলা কলেজ। এ কলেজে প্রায় পাঁচ হাজার ছাত্রী পড়াশোনা করছেন। প্রতিবছরই বেশ ভালো ফলাফল করে থাকে কলেজটি। শিক্ষার মানও বেশ ভালো। কিন্তু কলেজে বেশ কিছু সমস্যাও রয়েছে। কলেজে পর্যাপ্ত শিক্ষা (একাডেমিক) ভবন নেই। এতে শ্রেণীকক্ষের সংকট দেখা দিয়েছে। পর্যাপ্ত শ্রেণীকক্ষ না থাকায় ছাত্রীরা ঠিকভাবে ক্লাস করতে পারছেন না। তা ছাড়া কলেজের ক্যানটিনটিও অনুন্নত বলে শিক্ষার্থীদের অভিযোগ। কলেজে কোনো স্বীকৃত মিলনায়তন (কমনরুম) নেই। একটি শ্রেণীকক্ষকে মিলনায়তন হিসেবে ব্যবহার করছেন ছাত্রীরা। পর্যাপ্ত শৌচাগার নেই কলেজে। যদি শিক্ষা ভবন বাড়ানো যেত তাহলে শৌচাগারও বাড়ত। কলেজের ছাত্রীনিবাসে পর্যাপ্ত আসন নেই। চারজনের কক্ষে নয়জনকে থাকতে হচ্ছে। বেশ কষ্টে থাকতে হয় ছাত্রীদের। স্নাতকোত্তর বিভাগের ছাত্রী নুসরাত জাহান বলেন, ‘কলেজের শিক্ষক-শিক্ষিকারা বেশ ভালোভাবেই পাঠদান করেন। আমাদের ভালো ফলাফলের পেছনে তাদের অবদানই বেশি। কলেজে শিক্ষার মান বেশ ভালো। কিন্তু তার পাশাপাশি অনেক সমস্যাও আছে। ছাত্রীনিবাসে থাকা খুবই কষ্টকর কারণ সেখানে পর্যাপ্ত থাকার জায়গা নেই। এ সমস্যাগুলো যত তাড়াতাড়ি সমাধান করা হবে আমাদের জন্য ততই ভালো হবে।’সম্মান শেষবর্ষের ছাত্রী জয়া সিংহ বলেন, ‘কলেজে শ্রেণীকক্ষের সংকট প্রকট আকার ধারণ করেছে। একাডেমিক ভবন নির্মাণ করলে এ সমস্যা অনেকটা কমে যেত। কলেজে একটি উন্নতমানের মিলনায়তন ও একটি মানসম্মত ক্যানটিন স্থাপন করা হলে ভালো হতো। তা ছাড়া একটি বড় সভাকক্ষ (অডিটরিয়াম) নির্মাণ করা হলে বেশ সুবিধা হতো।’কলেজের অধ্যক্ষ মো. আবদুল মোনাইম বলেন, ‘কলেজে বর্তমানে আরও দুটি একাডেমিক ভবন নির্মাণ করা হলে শ্রেণীকক্ষের সংকট কমে যেত। কমপক্ষে আরও ৩০টি শ্রেণীকক্ষ দরকার। তা ছাড়া শৌচাগারও বাড়ানো যেত। কলেজে কমপক্ষে এক হাজার আসনের আরও একটি ছাত্রীনিবাস নির্মাণ করা হলে ছাত্রীদের জন্য সুবিধা হতো। তা ছাড়া কলেজে একটি সেমিনার কক্ষ থাকলে ছাত্রীদের জন্য ভালো হতো।’