ছাদবাগান এখন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছাদে বাগান করলে নিতে হবে বাড়তি যত্ন। মডেল: জারা। ছবি: খালেদ সরকার
ছাদে বাগান করলে নিতে হবে বাড়তি যত্ন। মডেল: জারা। ছবি: খালেদ সরকার

শীতের প্রভাবেই গাছপালা এখন বিবর্ণ। যাঁরা বাগান করতে ভালোবাসেন, ভাবছেন কী করবেন এই সময়ে? বিশেষ করে শহুরে জীবনে—বাগান বলতে যেখানে বাসার ছাদই ভরসা। অন্য সময়ের গাছপালাসহ শীতে অনেকে নানা ধরনের ফুল ও সবজির চাষ করেন। ছাদবাগানের যত্ন তো সব সময়ই নিতে হয়। তবে বিশেষ পরিচর্যা দরকার পড়ে এই শীতে। নিয়মকানুন মেনে যত্ন নিলে শীতেও ছাদের বাগান থাকবে ঝলমলে। কখনো ছোট-বড় টব অথবা নির্দিষ্ট স্থানে মাটি ফেলে ছোট একটু বাগান করা হয়।

এ ব্যাপারে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রভাষক নিপা মোনালিসার মতে, ছাদে বাগান যেমন শোভা বর্ধন করে, তেমনি পরিবেশ ঠিক রাখে। দেখা যায় কোনো বাসার ছাদে যদি একটু বাগান থাকে, তাহলে বাসাটা আলাদাভাবে নজর কাড়ে। তবে এই সময়ে ছাদবাগানের জন্য বিশেষ পরিচর্যা দরকার।

ছাদে প্রায় সব ধরনের গাছ লাগানো যায়। ছোট-বড় বিভিন্ন আকারের গাছ আজকাল দেখা যায়। ফলের ভেতর পেয়ারা, আপেল, লেবু, আম আবার ফুলের ভেতর কসমস, সালভিয়া, ডালিয়া, চন্দ্রমুখী, সূর্যমুখী ইত্যাদি দেখা যায়। শীতকালে পিটুনিয়া, চন্দ্রমল্লিকা, সালভিয়া ইত্যাদি ফুল দেখা যায় বেশি। এ ধরনের ফুলগুলো শুষ্কতার ভেতরেও সতেজ থাকে।

প্রকৃতিবিদ ও লেখক মোকারম হোসেন বলেন, ছাদে বাগান আলাদা রকম সৌন্দর্য বৃদ্ধি করে। মাটির টব অথবা প্লাস্টিকের বোতল অথবা বালতিতে গাছ লাগানো যায়। গাছে পানি দেওয়ার উত্তম সময় ভোরে অথবা সন্ধ্যায়।

আজকাল বিভিন্ন নার্সারিতে বিভিন্ন রকমের গাছের চারা, সার, কীটনাশক ইত্যাদি পাওয়া যায়। কিন্তু শুধু গাছ লাগালেই চলবে না, এগুলোর জন্য বাড়তি যত্ন নেওয়ারও প্রয়োজন রয়েছে।

ছাদবাগানের যত্ন

ছাদে বাগান করার সঙ্গে সঙ্গে এর বাড়তি যত্নেরও প্রয়োজন রয়েছে। ছাদে এমন কোনো গাছ লাগানো উচিত নয়, যেটা ছাদের পরিবেশ নষ্ট করে। টব বাছাই, গাছ বাছাই, নিষ্কাশনব্যবস্থা সবদিকেই খেয়াল রাখতে হবে। এ ছাড়া যে ব্যাপারগুলো অবশ্যই খেয়াল রাখতে হবে—

l ছাদে গাছ লাগানোর ক্ষেত্রে যে বিষয়টা বেশি লক্ষ রাখতে হবে তা হলো, জলছাদ হলে ভালো, যাতে করে ছাদ ড্যামেজ হয়ে না যায়।

l খুব ভোরে অথবা সন্ধ্যায় পানি দিতে হবে। তবে এমন অনেক গাছ আছে যেসব গাছে পানির দরকার নেই।

l সব সময় আগাছা পরিষ্কার করে রাখতে হবে। ছাদে ঝোপজাতীয় গাছ লাগানো উচিত নয়।

l পোকামাকড় যেন না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। পোকামাকড় হলে কৃষি বিভাগের কারও সঙ্গে কথা বলে সেই অনুযায়ী তা দমন করতে হবে।

l সবচেয়ে ভালো হয় টবগুলো একটু উচ্চতায় রেখে অথবা ইটের ওপর রেখে গাছ লাগানো গেলে। বাগান করার ক্ষেত্রে পানিনিষ্কাশনের ব্যবস্থা করাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ।

l স্থায়ী বাগানের জন্য বেড পদ্ধতিতে বাগান করার সুবিধা বেশি।

l মাটি ঘিরে ঢালু করে দিতে হবে পানির জন্য, যেন পাইপ দিয়ে পানি যেতে পারে সহজেই।

l সার প্রয়োগ করতে হবে, তবে খুব বেশি পরিমাণে নয় এবং রাসায়নিক সার প্রয়োগ না করাই ভালো।

l ঝাঁজরি দিয়ে পানি দিলে সহজেই গাছের পাতায় বা ডগায় ধুলো জমলে সেটা পরিষ্কার হয়ে যাবে।

l ঋতু অনুযায়ী গাছ নির্বাচন করতে হবে। টবের ভেতর যেন পানি জমে না থাকে, সেদিকে খেয়াল রাখা জরুরি। তাই টবের নিচে ছিদ্র রাখতে হবে, যাতে সহজে পানি বেরিয়ে যেতে পারে।