
ছুটির দিনের অবসর। অনেকেই হয়তো সেই অবসরের কিছুটা সময় কাটান নিজের গড়া শখের ছাদবাগানটায়। পায়চারি করেন, গাছে পানি দেন, যত্ন নেন। বাগানের এক কোনায় পাতা টেবিলঘেরা চেয়ারে বসে চুমুক দিলেন চা কিংবা কফিতে। কিংবা প্রিয় লেখকের বই নিয়ে বসলেন পাশে রাখা দোলনাটায়। মন্দ নয় মোটেও, বরং বেশ হয় তাতে!
তবে হঠাৎ বৃষ্টির তাড়া খেতে পারেন যেকোনো সময়ই। আপনি না হয় তড়িঘড়ি করে বাসায় গিয়ে বাঁচলেন। ছাদবাগানে আসন পেতে বসা আসবাবের কী অবস্থা হবে ভেবে দেখেছেন কি কখনো? কাঠের হলে বৃষ্টির পানি লেগে তাতে শেওলা জন্মাবে; লোহার তৈরি হলে মরিচা পড়বে। ফলাফল—যত দিন টেকার কথা, টিকবে না তত দিন। তাহলে উপায়? এ ব্যাপারে কথা বলেন ঢাকার আগারগাঁওয়ের গ্রিন সেভারস নার্সারির প্রতিষ্ঠাতা আহসান রনি। ঢাকায় অসংখ্য ছাদবাগান তাঁর হাতে গড়া। আহসান জানান, বেছে নিতে পারেন প্লাস্টিক ও স্টেইনলেস স্টিলের তৈরি আসবাব। তা ছাড়া বৃষ্টির ছাট থেকে বাঁচতে ওপরে দিতে পারেন প্যারাসল বা বড় আকারের ছাতা। ছাতাসহ চেয়ার-টেবিল ছাদের সৌন্দর্যও বাড়িয়ে তোলে।
বর্ষায় বাগানে ব্যবহারের উপযোগী তেমনি কিছু প্রয়োজনীয় আসবাবের খোঁজ নেওয়া যাক এবার।

বসার চেয়ার-টুল-টেবিল
ঢাকার পান্থপথ বসুন্ধরা শপিং মলের পাশে অবস্থিত ডিসি ফরেন ফার্নিচারের একজন বিক্রেতা আনোয়ার হোসেন জানান, সব সময় রোদ-বৃষ্টির ধকল সামলে নিতে পারে প্লাস্টিক ও স্টেইনলেস স্টিলের তৈরি আসবাব। সে ক্ষেত্রে নিতে পারেন স্টেইনলেস স্টিল ও চীনা ফাইবার প্লাস্টিকের সমন্বয়ে তৈরি চেয়ার কিংবা টুল। চেয়ারের দাম প্রতিটি ২ হাজার ৭০০ টাকা আর টুলের দাম প্রতিটি ১ হাজার ২০০ টাকা।
এ ছাড়া মান, রং-নকশা ও কারুকাজের ওপর ভিত্তি করে বিভিন্ন দামে বিভিন্ন ব্র্যান্ডের প্লাস্টিকের চেয়ার রয়েছে বাজারে। আরএফএল, পারটেক্স, বেঙ্গল, ক্রোমা, তানিন, তালুকদার, হ্যামকো, পলিকন, সম্রাট এবং চীনা বিভিন্ন ব্র্যান্ডের প্লাস্টিকের আসবাব সেসবের মধ্যে উল্লেখযোগ্য। সে ক্ষেত্রে রিল্যাক্স, স্লিম কিংবা গার্ডেন চেয়ারের দাম পড়বে ৩১০ থেকে ১ হাজার ৩০০ টাকা। আর প্লাস্টিকের টুল পাওয়া যাবে ২৫০ থেকে ৬০০ টাকার মধ্যে।
টেবিলের ক্ষেত্রেও আছে রং ও নকশার বৈচিত্র্য। সে ক্ষেত্রে গোলাকার ও চার কোনা বিভিন্ন ব্র্যান্ডের প্লাস্টিকের টেবিল নিতে পারেন ২ হাজার ৭০০ থেকে ৪ হাজার ৪০০ টাকায়। এ ছাড়া তিন-চারজনের জন্য গ্লাস টেবিল নিতে পারেন পাঁচ থেকে ছয় হাজার টাকায়। আসনসংখ্যার ওপর ভিত্তি করে টেবিলের দাম বাড়তে পারে।
এ ছাড়া চেয়ার-টেবিলকে ওপর থেকে ঢেকে রাখবে এমন প্যারাসল বা বড় আকারের ছাতার দাম পড়বে ৭০০ থেকে ১ হাজার টাকা, পাবেন পুরান ঢাকার চকবাজারে।
দোলনা
লোহার চেয়ে উত্তম হচ্ছে স্টেইনলেস স্টিলের তৈরি দোলনা। দাম পড়বে ১১ হাজার ৫০০ থেকে ১৪ হাজার টাকা। নিতান্তই লোহার তৈরি দোলনা নিতে হলে খেয়াল রাখতে হবে তা যেন সর্বদা রং করা থাকে। লোহার দোলনায় রং মরিচা পড়ার হাত থেকে রক্ষা করবে। আর লোহার তৈরি দোলনা পাবেন পাঁচ থেকে সাত হাজার টাকায়।
যেখানে পাবেন
ঢাকা শহরের নিউমার্কেট, পান্থপথ, গুলশান ডিসিসি মার্কেট, পুরান ঢাকার বাংলাবাজার, নবাবপুর, চকবাজারসহ দেশের প্রায় সকল ছোট-বড় প্লাস্টিকের দোকানে মিলবে এমন সব আসবাব।