ছাদবাগানের যত্নআত্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছোটবেলা থেকেই গাছের নেশা ছিল লায়লা আহমেদের। তবে ঢাকা শহরের ইট, বালি আর কংক্রিটের জীবনে এসেও একটু একটু করে জিইয়ে রাখেন শখটা। শেষে বিয়ের পর ঢাকার মালিবাগের বাড়িতে এসে একটু একটু করে বাগান করতে শুরু করেন ছাদে।তাঁর মতো অনেকেই এখন বারান্দা বা ছাদে বাগান করতে বা এক টুকরো সবুজের স্নিগ্ধতা পেতে ভালোবাসেন। তাই বাড়ছে ছাদবাগানের জনপ্রিয়তা। শুধু প্রিয় ফুলগুলো নয়, আপনার ছাদে নানা ফলদ ও ঔষধি গাছেও ভরে তুলতে পারেন। বসবাস করতে পারেন নিসর্গের সঙ্গে। স্থপতি হাসিবুল হক বলেন, ছাদে বাগান করতে সাধারণত দুটি পদ্ধতি ব্যবহার করা হয়। ছাদে মাটি ভরাট করে আর অন্যটি টবের মাধ্যমে। তবে যে মাধ্যমেই বাগান করেন না কেন, বাড়ি তৈরির সময় বিষয়টি স্থপতির সঙ্গে আলোচনা করে, সেই মতে করা ভালো। এতে ছাদ তৈরিতে সব ধরনের পূর্বপ্রস্তুতি রাখা যায়। মাটি ভরাট করা ছাদে অবশ্যই পানি নিষ্কাশনের ব্যবস্থা থাকতে হবে বলে জানান তিনি।প্রকৃতিবিদ মোকারম হোসেন বলেন, ছাদবাগানে গাছ লাগাতে হবে পরিকল্পনা করে। এর মধ্যে ফলদ গাছ, সবজিসহ ফুলের গাছ থাকতে পারে।তবে যেকোনো গাছ লাগানোর আগে তার পরিচর্যা এবং আবহাওয়া কেমন হলে গাছ কেমন বাড়বে, তা জানা জরুরি। ঢাকার আগারগাঁওয়ের গ্রিন ওয়ার্ল্ড নার্সারির কর্মী সোহরাব হোসেন মনে করেন, ছাদে টবে গাছ লাগালে অবশ্যই টবের আকার গাছের আকার অনুসারে হওয়া উচিত। বড় গাছ ছোট টবে লাগালে এতে এর ফল বা ফুল ঠিকমতো বেড়ে উঠতে পারে না এবং গাছটা মারাও যেতে পারে। কোন ধরনের ফল ছাদে হতে পারে? সোহরাব বলেন, প্রায় সব ফলের গাছ ছাদে হতে পারে। তবে কমলা, কুল, জলপাই, কামরাঙা, মাল্টা, লেবু, জাম্বুরা, আম, চেরি, লিচু, পেয়ারা ইত্যাদি গাছ অনেকে বেশি কিনে থাকেন।লায়লা আহমেদের ছাদের বাগানে কাঁঠাল ছাড়া প্রায় সব ফলের দেখা মিলবে। এ ছাড়া তিনি নানা ধরনের সবজিও চাষ করেন বারো মাস। তিনি বলেন, ‘আসলে বাগানের সবজি যেহেতু নিজেদের হাতের, তাই এর পুষ্টিগুণ নিয়ে ভাবতে হয় না। মৌসুমি সব ফলও আমার বাগানে হয়। তাই সবাই খেতে পারি ইচ্ছামতো। এ ছাড়া শখ করে কিছু বনসাইও তৈরি করছি। তার সংখ্যাও প্রায় শ তিনেক।’শুধু কি গাছ? তাঁর ছাদে আছে মাছও। কই, তেলাপিয়া ইত্যাদি মাছের জন্য ছাদে দুটি হাউসের ব্যবস্থা আছে। পানির ওপর ফুটে আছে কচুরিপানার ফুল। চোখ জুড়ানো স্নিগ্ধতা। জানা গেল, শুধু কাঁঠাল ছাড়া আর সব ধরনের ফলের গাছ আছে এখানে।তবে গাছে পরিচর্যা করতে হয় নিয়মিত। গোড়ায় পানি জমতে দেওয়া উচিত নয় কখনো। এতে করে গাছ সুস্থ, সুন্দরভাবে বেড়ে উঠতে পারে। পরামর্শছাদের গাছগুলো সঠিকভাবে বেড়ে উঠতে মেনে চলতে পারেন স্থপতি ও নার্সারি মালিকের দেওয়া কিছু পরামর্শ। বাড়ি করার সময় বাগান করার পরিকল্পনার কথা মাথায় রাখুন। গাছে পানি সরবরাহ স্বয়ংক্রিয় করতে পানির লাইনের সংযোগ ছাদে প্রতিটি গাছের সঙ্গে রাখা সম্ভব। গাছপোকা থেকে রক্ষার জন্য কীটনাশক ব্যবহার করুন। টবে গাছ লাগালে অন্তত চার-পাঁচ হাত দূরত্ব রাখা উচিত। যে গাছে ছায়া দরকার, তার জন্য ছাউনি দিতে পারেন। বস্তায় মাটি দিয়ে সবজি লাগাতে পারেন। জৈব সার ব্যবহার করা ভালো। গাছে নিয়মিত পানি দিন। তবে খেয়াল রাখুন, পানি যাতে না জমে যায়। ফল ছেঁড়ার সময় গাছে জোরে টান দেওয়া উচিত নয়। এ জন্য কাঁচি ব্যবহার করতে পারেন। ফলধরা গাছের গোড়া শুকনা থাকলে ফল ছোট হয়ে ঝরে যেতে পারে। কীটনাশক দেওয়ার সময় পরিমাণের দিকে খেয়াল রাখা দরকার। বেশি হলে গাছের ক্ষতি হতে পারে। বর্ষা মৌসুমে বৃষ্টির পানি থাকলে আবার পানি দেওয়ার প্রয়োজন নেই।