ছাদে রং লাগিয়ে মিলেছে স্বস্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রীষ্মকাল এলেই মীনাবেন ভয় পেতেন। আহমেদাবাদের একটা বস্তিতে তাঁর দুই কক্ষের ছোট বাসা। সেটা এত বেশি গরম হয়ে যেত যে তিনি দিনের কয়েক ঘণ্টা ঘরে টিকতেই পারতেন না, এমনকি সিলিং ফ্যান চালিয়েও।

মাস দুয়েক আগে একটা অলাভজনক প্রতিষ্ঠানের লোকজন এসে মীনাবেনের টিনের ছাদে প্রতিফলক সাদা রং লাগিয়ে দেন। এই সামান্য পরিবর্তনে বেশ কাজ হয়েছে। ঘরে এখন গরম আগের চেয়ে অনেক কম লাগে। ফলে তিনি সারা দিন ঘরে বসে বসে সেলাইয়ের কাজগুলো চালিয়ে যেতে পারেন।

ভারতের পশ্চিমাঞ্চলীয় গুজরাট রাজ্যের আহমেদাবাদে মীনাবেন যেখানে থাকেন, সেখানে মে মাসে বছরের সবচেয়ে বেশি গরম পড়ে। তাপমাত্রা কোনো কোনো দিন ৪৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছায়। মীনাবেনের ভাষ্য, প্রচণ্ড তাপে এ সময় লোকে অসুস্থ হয়ে পড়ে। কিন্তু এ বছর ছাদ রং করিয়ে তিনি বেশ স্বস্তিতে আছেন।

আহমেদাবাদভিত্তিক মহিলা হাউজিং ট্রাস্ট (এমএইচটি) মোট পাঁচটি শহরের ১০০টি বস্তির বাসিন্দাদের ছাদে প্রতিফলক রং দেওয়ার উদ্যোগ নিয়েছে। এতে ঘরের ভেতরের তাপমাত্রা বাইরের তুলনায় কয়েক ডিগ্রি কমে বলে প্রমাণ মিলেছে। এমএইচটির কর্মসূচি ব্যবস্থাপক ভারতী বনসাল বলেন, নারীদের অনেকে নিজেদের ঘরে বসে কঠোর পরিশ্রমের কাজ করেন। কিন্তু আকস্মিক বন্যা বা তীব্র গরমের কারণে তাঁরা অনেক সময় কাজ বন্ধ করে দিতে বাধ্য হন। এসব দীর্ঘমেয়াদি অসুবিধা তাঁদের দারিদ্র্যের পথে ফিরিয়ে নিয়ে যায়।

ভারতে দাবদাহে বহু মানুষের মৃত্যুও হয়ে থাকে। ২০১৫ সালে গরমে দেশটির অন্তত ২ হাজার ৪০০ জন প্রাণ হারায়। আহমেদাবাদে ২০১০ সালে তীব্র দাবদাহে কমপক্ষে এক হাজার মানুষের মৃত্যু হয়।