ছাদেই এক টুকরো বাগান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছাদে আনা যাবে সবুজের সমারোহ, দরকার ইচ্ছা ও চেষ্টা। মডেল: ঈশিকা, ছবি: নকশা
ছাদে আনা যাবে সবুজের সমারোহ, দরকার ইচ্ছা ও চেষ্টা। মডেল: ঈশিকা, ছবি: নকশা

শহরের ইট-পাথরের মধ্যে ছুটে চলার বিরাম নেই। দিন শেষে প্রকৃতির একটু কোমল সজীবতা পাওয়ার জন্য মন কেমন করে ওঠে। তাই বলে ফ্ল্যাটবাড়িতে বাগান করা সব সময় সম্ভব নয়; বরং ছাদের ওপরেই করে নেওয়া যেতে পারে একটু সবুজের ছোঁয়া। হ্যাঁ, বলা হচ্ছে ছাদের ওপরে বাগানবিলাসের কথা। কখনো টবে, কখনো বা কিছুটা জায়গায় মাটি ফেলে তৈরি করে ফেলতে পারেন মনের মতো বাগান। তবে কিছুটা বাধানিষেধ তো থাকেই। ছাদ বলে কথা। কিছু নিয়মকানুন মেনে চলাটাই ভালো।
লাইফ টু নেচারের প্রতিষ্ঠাতা এ কে রাশেদুল ইসলাম। বারিধারার সুউচ্চ এক অট্টালিকার চার থেকে ছয়তলা পর্যন্ত চোখে পড়বে শুধুই সবুজের সমারোহ। এ যেন যান্ত্রিক জীবনে স্নিগ্ধতার প্রকাশ। ২ হাজার ৭০০ বর্গফুটজুড়েই রাশেদুল ইসলামের এই সমারোহ। তিনি বলেন, ‘আজকাল অনেকেই ছাদের ওপর কিংবা ব্যালকনি, বারান্দাকে বাগান করার জন্য বেছে নিচ্ছে। এটা কিন্তু খুবই অভিনব একটি উপায়। যেহেতু শহরে দূষণ এমনিতেই বেশি, তাই ছোট্ট এক চিলতে বাগান এনে দিতে পারে সজীবতা।’
কীভাবে করবেন এই বাগান
সবার আগে প্রয়োজন খোলামেলা জায়গা। হোক সেটা ছাদ কিংবা বারান্দা। যাতে সেখানে পর্যাপ্ত সূর্যের আলো এসে পৌঁছায়। এর সঙ্গে মিলিয়ে দরকার আপনার অদম্য ইচ্ছাশক্তি। এই দুইয়ের মিশ্রণে আপনার কংক্রিটের ছাদটাকে রূপ দিতে পারেন সবুজের সমারোহে।
আপনি যদি স্থায়ীভাবে বাগান করতে চান, তাহলে সিমেন্টের টব বেছে নিন। চাইলে প্রয়োজনমতো এ ধরনের টব তৈরি করে নিতে পারেন। তবে এ ক্ষেত্রে রাশেদুল ইসলাম পরামর্শ দেন হাতলযুক্ত লোহার হাফ ব্যারেলের। এর বড় সুবিধা হলো, আপনি চাইলেই এর হাতল ধরে এক জায়গা থেকে অন্য জায়গায় সরিয়ে নিতে পারবেন।
টব পূর্ণ করার সময় মাটি ও সারের সঠিক পরিমাণ ভুলে গেলে কিন্তু চলবে না। সব সময় ৩ ভাগ মাটি আর ৩ ভাগ সার মিশিয়ে নিন। সারের ক্ষেত্রে ২ ভাগ গোবর সার এবং ১ ভাগ পাতা পচা সার দিয়ে মিশ্রণ তৈরি করে নিন। এরপর মিশ্রণটি দিয়ে টবটি পূর্ণ করে ফেলুন।

গাছ বাছাইয়ের ক্ষেত্রে

গাছ বাছাইয়ের ক্ষেত্রে খেয়াল রাখা প্রয়োজন ছাদের আকৃতি। রাশেদুল ইসলাম জানান, এমন বাগান করার ক্ষেত্রে খুব বড় আকৃতির গাছ না লাগানোই ভালো। ফলের গাছ হলে হাইব্রিড গাছ বেছে নিতে পারেন, কেননা এ ধরনের গাছ বেশি বেড়ে ওঠে না। কিন্তু অল্প সময়ের মধ্যেই ফল এসে যায়। পেয়ারা, আপেল, কুল, লেবু, জলপাই, আম্রপালি কিংবা মল্লিকা জাতের আমগাছ লাগাতে পারেন। চাইলে কলমের জলপাই, ডালিম, স্ট্রবেরি কিংবা জামরুলগাছও লাগিয়ে ফেলতে পারেন আপনার শখের বাগানটিতে। আর বাগানটা যদি হয় ফুলের, তাহলে ডায়ানথাস, স্টার ফ্লাওয়ার, কসমস, কলম করা বিভিন্ন ধরনের গোলাপ, গাঁদা, জারবেরা, জবা অথবা বাটারফ্লাই গাছগুলো বেছে নিতে পারেন।

ছাদে কখনোই ঝোপ আকৃতির গাছ লাগাবেন না। কেননা এতে আগাছা জমে বাগানের পরিবেশ নষ্ট হয়ে যেতে পারে।

আজকাল বিভিন্ন বৃক্ষমেলা কিংবা নার্সারিতে বিভিন্ন দেশের গাছের চারা পাওয়া যাচ্ছে। চাইলে আপনি সংগ্রহ করে নিতে পারেন বিভিন্ন রকমের গাছগুলো।

টবের রকমফের

হাতলযুক্ত টব ছাড়াও আপনি পোড়ামাটি কিংবা প্লাস্টিকের টব ব্যবহার করতে পারেন। এ ধরনের টবে একটু রং করিয়ে নিলে আপনার ছাদবাগানটি আরও সুন্দর দেখাবে। এ ছাড়া বড় আকারের ড্রাম মাঝ বরাবর কেটে টব হিসেবে ব্যবহার করা যায়। সাধারণত একটু বড় আকৃতির গাছ কিংবা ফলের গাছের জন্য এ ধরনের ড্রাম সুবিধাজনক। এতে গাছ দ্রুত বেড়ে উঠতে পারে।

স্থায়ী বাগান করতে চাইলে বেড পদ্ধতিই বেশি সুবিধাজনক। বেড হতে হবে চার ফুট দৈর্ঘ্য এবং দুই ফুট উচ্চতার।

চাই নিয়মিত যত্ন

যেহেতু আপনার বাগানটি করা হয়েছে কংক্রিটের তৈরি ছাদের ওপর। সে কারণে চাই নিয়মিত পরিচর্যা। টব বাছাই থেকে শুরু করে সেচ, নিষ্কাশন—সবকিছুই করতে হবে অধিক সচেতনতার সঙ্গে। আর এই পরিচর্যাটুকু করতে হবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। রাশেদুল ইসলামের মতে

* সার প্রয়োগের সময় খেয়াল রাখুন, যাতে গাছের গায়ের সঙ্গে লেগে না থাকে। কেননা এর ফলে গাছ অনেক সময় অপুষ্টিতে মরেও যেতে পারে। ফলের গাছে বর্ষার আগে এবং পরে সার ছিটিয়ে নেওয়া ভালো।

 সার প্রয়োগের ক্ষেত্রে কোনোভাবেই রাসায়নিক সার প্রয়োগ করা যাবে না। ফলের গাছে গৌণ সার দিতে পারেন। এতে সতর্কতা প্রয়োজন।

* গাছ বড় হলে টব নির্দিষ্ট সময়ের মধ্যে পরিবর্তন করতে হবে।

* বছরে অন্তত একবার মাটি পরিবর্তন করতে হবে। নতুন মাটির সঙ্গে জৈব সার মিশিয়ে দিলে ভালো হয়। মাটি কেনার সময় খেয়াল রাখুন গুণাগুণ সম্পর্কে। বাজারে অনেক সময় ফসল তোলার পরবর্তী সময়ের মাটি বিক্রি করা হয়। এ ধরনের মাটি কখনোই গাছের জন্য ভালো হয় না।

* চারা কিংবা কলমের ক্ষেত্রে নার্সারিতে যতটুকু মাটির নিচে রাখা হয়, ঠিক ততটুকুই টবে লাগিয়ে দিতে হবে। তা না হলে গাছ ঠিকমতো বাড়তে পারে না।

* সবজি চাষের ক্ষেত্রে খেয়াল রাখুন, যাতে রোগাক্রান্ত ডাল কিংবা পাতা যাতে ছাদে না পড়ে থাকে।

* পোকা বা যেকোনো রোগের আক্রমণ প্রতিরোধের জন্য নিয়মিত কীটনাশক ব্যবহার করতে হবে।

* সেচব্যবস্থার জন্য ঝাঁঝরি ব্যবহার করতে পারেন। এ ছাড়া প্লাস্টিকের চিকন পাইপ দিয়েও সেচ দিতে পারেন। অতিরিক্ত পানি যাতে জমে না থাকে, তাই নিয়মিত সেচ নিষ্কাশন করুন।

আরও খেয়াল রাখুন

* গাছটি লাগানোর পর খুঁটি দিয়ে বেঁধে দিতে পারেন।

* স্থায়ী বাগানের ক্ষেত্রে ছাদটাকে দুভাগে ভাগ করে নিতে পারেন। এক অংশে কাঠ, লোহার ফ্রেম দিয়ে বেড তৈরি করে নিলেন, আরেক অংশে টব কিংবা ড্রাম।

* যে ধরনের টবই হোক না কেন, টবের নিচে যাতে ছিদ্র থাকে। কেননা এতে অতিরিক্ত পানি জমে থাকতে পারে না।

* সূর্যের আলো এবং ঋতু অনুযায়ী গাছ নির্বাচন করতে হবে।

* এককভাবে শুধু ফল কিংবা সবজির বাগান না করে, সবকিছুর সমন্বয়ে করলে বাগানটি বেশ ভালো দেখাবে।

* টবগুলোর ভেতরে পানি প্রতিরোধক রং করিয়ে নেওয়া। এর ফলে ভেতরে অতিরিক্ত পানি জমে থাকে না।