ছাড়!
আমার জুতা ছিঁড়ে গেছে। বন্ধুর জুতা ধার করে চলছি। জুতা কিনতে যাব, কিন্তু তা আর হয়ে ওঠে না। আলসেমিতে। একদিন আলসেমি ভেঙে এক বন্ধুকে নিয়ে বের হই জুতা কিনতে। যেখানেই যাই, সাধ আর সাধ্য মেলে না। যেগুলো পছন্দ হয়, সেগুলোর এত দাম যে কিনতে হলে আমার নিজেকে বিক্রি করে কিনতে হবে। বারবার দোকান চেঞ্জ করতে বাধ্য হই। রাস্তায় এক দোকানে ‘৩০% ছাড়!’ লেখা দেখে ইউরেকা, ইউরেকা বলে প্রায় লাফিয়ে দোকানে ঢুকি। দোকানে ক্রেতাদের অনেক ভিড়। বিক্রি চলছে পুরোদমে। অনেক খুঁজেও জুতা পছন্দ হয় না। যেখানে সবাই জুতা কিনছে, সেখানে আমার অনর্থক ঘোরাঘুরি দেখে দোকানি মনে হয় একটু বিরক্তই হয়। নিচতলায় ছাড় চলছে আর ওপরতলায় মূল দাম। জুতা পছন্দ না হওয়ায় ওপরতলায় যাই। ওপরতলা একদম ফাঁকা, কোনো ক্রেতা নেই। খুঁজতে খুঁজতে একটা জুতাতে চোখ আটকে যায়। আরে! এই জুতা তো নিচতলায় দেখে এসেছি। ৩০ শতাংশ ছাড়ে দাম ৭০০ টাকা। এখানে দেখছি মূল দামই লেখা ৭০০ টাকা। কিছুক্ষণ ভাবি। তারপর সব পরিষ্কার হয়। এখানে ছাড় চলছে ক্রেতা আকৃষ্ট করার জন্য, ছাড় দেওয়ার জন্য নয়। বেরিয়ে অন্য গন্তব্যে রওনা দিই। [email protected]