ছাড়পত্র নেই, পরিবেশবান্ধব হওয়ার অঙ্গীকারে উৎপাদনে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভবিষ্যতে পরিবেশবান্ধব ইটভাটা গড়ে তোলা হবে, প্রশাসনের কাছে এমন অঙ্গীকার দিয়ে ইট উৎপাদন শুরু করেছে খাগড়াছড়ি জেলার ২৯টি ইটভাটা। এই ২৯টি ইটভাটার কোনোটিরই পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেই। আইন অনুযায়ী ইটভাটায় কয়লা ব্যবহার করার কথা থাকলেও বেশ কয়েকটিতে গিয়ে কাঠ পোড়াতে দেখা গেছে। উন্নত প্রযুক্তির উঁচু চিমনি ব্যবহার বাধ্যতামূলক করা হলেও অর্ধেকের বেশি ইটভাটায় এখনো নিষিদ্ধ ড্রাম চিমনি ব্যবহার করা হচ্ছে।
এ ব্যাপারে পরিবেশ অধিদপ্তরের পরিচালক (চট্টগ্রাম অঞ্চল) মো. মাসুদ করিমের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, তিন পার্বত্য জেলায় ইটভাটাগুলোর কোনোটিরই পরিবেশ অধিদপ্তরের কোনো ছাড়পত্র নেই। এ কারণে খাগড়াছড়িসহ এই এলাকার সব ইটভাটা কার্যত অবৈধ।
তবে অবৈধ ইটভাটাগুলোকে জেলা প্রশাসন থেকেই ইট উৎপাদনের অনুমতি দেওয়া হয়েছে। এ প্রসঙ্গে খাগড়াছড়ি জেলা প্রশাসক মুহাম্মদ ওয়াহিদুজ্জামান বলেন, ‘গত ২৩ নভেম্বর জেলার পরিবেশ ও বন উন্নয়ন কমিটির সভায় ইটভাটা–সংক্রান্ত আলোচনায় আগামী বছর পরিবেশবান্ধব ইটভাটা করা হবে মর্মে অঙ্গীকার করেছেন ইটভাটার মালিকেরা। সেই সাপেক্ষে জেলার সামগ্রিক উন্নয়নের কথা বিবেচনা করে এ বছর অনুমতি দেওয়া হয়েছে।’
ইটভাটার মালিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, খাগড়াছড়ির নয়টি উপজেলায় এই মৌসুমে সক্রিয় ইটভাটার সংখ্যা ২৯। এর মধ্যে খাগড়াছড়ি জেলা সদরে রয়েছে পাঁচটি, মাটিরাঙ্গায় নয়টি, রামগড়ে পাঁচটি, দীঘিনালায় তিনটি, মহালছড়িতে তিনটি, গুইমারায় দুটি ও পানছড়িতে দুটি।
সম্প্রতি মহালছড়ি উপজেলার জিরো মাইল এলাকায় একটি ও মাটিরাঙ্গার নতুনপাড়া এলাকায় দুটি ইটভাটা ঘুরে দেখা যায়, সনাতন পদ্ধতির ড্রাম চিমনি ব্যবহার হচ্ছে ভাটাগুলোতে। এ ছাড়া পোড়ানো হচ্ছে কাঠ।
এ ব্যাপারে খাগড়াছড়ি জেলার ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম বলেন, জেলার ১৭টি ইটভাটায় এখনো ড্রাম চিমনি ব্যবহার করা হচ্ছে। শর্ত সাপেক্ষে এই বছরের জন্য প্রশাসনের কাছ থেকে ওই ইটভাটাগুলোতে ইট উৎপাদনের অনুমতি নেওয়া হয়েছে। আগামী বছর থেকে ওই ইটভাটাগুলোতে উন্নত চিমনি স্থাপন করা হবে।
কাঠ পোড়ানো প্রসঙ্গে খাগড়াছড়ির বিভাগীয় বন কর্মকর্তা মমিনুর রশিদ বলেন, ‘আমরা ইতিমধ্যে মাটিরাঙ্গা ও রামগড় উপজেলার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কিছু কাঠ জব্দ করেছি। পর্যায়ক্রমে জেলার সব ইটভাটার বিরুদ্ধে এমন পদক্ষেপ নেওয়া হবে।’
এদিকে ইটভাটার কারণে জেলার পরিবেশ হুমকির মুখে পড়েছে বলে অভিযোগ করেছে খাগড়াছড়ি পরিবেশ সুরক্ষা আন্দোলন। এই সংগঠনের সভাপতি প্রদীপ চৌধুরী বলেন, ‘মাটির ওপরের অংশ হচ্ছে জমির প্রাণ।
বিভিন্ন ফসল উৎপাদন হয় জমির ওপরের উর্বর অংশ থেকে। কিন্তু এখন দেখা যাচ্ছে জমির ওপরের অংশটুকু ইটভাটায় ইট তৈরির জন্য কেটে নেওয়া হচ্ছে। পাশাপাশি পাহাড়ও কাটা হচ্ছে নির্বিচারে। এ ছাড়া ইট তৈরির জ্বালানি হিসেবে ব্যবহার করা হচ্ছে বিভিন্ন প্রজাতির গাছ। ধ্বংস হচ্ছে বন। ফলে পাহাড়ের পরিবেশ বিপন্ন হয়ে পড়ছে। ’