ছাড়া পেলেও মুক্ত নন ওয়েইওয়েই
গত বছর শান্তিতে নোবেলবিজয়ী লিউ সিয়াওবোর পরই চীনের সবচেয়ে পরিচিত ভিন্নমতাবলম্বী শিল্পী আই ওয়েইওয়েই। ১১ মাস কারাবন্দী থাকার পর সম্প্রতি মুক্তি পেয়েছেন তিনি। কিন্তু তা আসলে সত্যিকার অর্থে মুক্তি নয়। কারণ, ওয়েইওয়েইয়ের মুক্তির শর্ত হলো, সরকারি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া তিনি রাজধানী বেইজিংয়ের বাইরে যেতে পারবেন না। গণমাধ্যমে সাক্ষাৎকার দিতে পারবেন না এক বছর।প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাওয়ের ইউরোপ সফরের আগে মূলত কৌশলগত কারণে ওয়েইওয়েইকে মুক্তি দেওয়া হয়। কারণ সফরকালে তাঁকে এ বিষয়ে নিশ্চিতভাবে প্রশ্নের মুখে পড়তে হতো।জিয়াবাওয়ের সফরের আগে বেশ কয়েক সপ্তাহ ধরে ওয়েইওয়েইয়ের কারাবন্দী থাকার বিষয়টি নিয়ে চীনের ওপর আন্তর্জাতিক মহলের চাপ ছিল। যুক্তরাজ্য ও জার্মানি তাঁর মুক্তির জন্য তদিবর করছিল। লন্ডনে টেট মডার্ন জাদুঘরের সামনে ওয়েইওয়েইয়ের মুক্তির দাবিতে ব্যানার টানানো হয়। সুইজারল্যান্ডের আর্ট মেলায় আগত দর্শনার্থীরা তাঁর মুক্তির দাবি জানান। এসব মিলিয়ে ওয়েইওয়েইয়ের মুক্তি ত্বরান্বিত হয়।লিউ সিয়াওবো বা আই ওয়েইওয়েইয়ের মতো বিখ্যাত না হলেও সাধারণ অনেক ভিন্নমতাবলম্বীও চীনে সরকারি দমন-পীড়নের শিকার। অন্য মতাবলম্বীদের নিয়ে অবশ্য ওয়েইওয়েইয়ের মতো আন্তর্জাতিক পর্যায়ে খবর হয় না। বেশির ভাগ ভিন্ন মতাবলম্বীকে থাকতে হয় অন্ধকার কারাগারে বা গৃহবন্দী হয়ে। কিংবা কোনো হোটেলে বা মানসিক চিকিৎসালয়ে। এই বন্দীদের আইনের আশ্রয় নেওয়ার সুযোগ প্রায় দেওয়াই হয় না। তাঁরা স্বাস্থ্যসেবা পান না, বহির্বিশ্বের সঙ্গে যোগাযোগ করতে পারেন না। এসব কারণে আত্মহত্যার ঘটনাও ঘটে। চীনা কর্তৃপক্ষ এসব করছে ‘উন্নয়ন তথা স্থিতিশীলতার স্বার্থে’।বেসরকারি মানবাধিকার সংগঠন ‘চায়নিজ আর্জেন্ট অ্যাকশন ওয়ার্কিং গ্রুপ’ সরকারি কর্মকর্তাদের ব্যাখ্যাসহ কয়েকজন বন্দীর মৃত্যুর কথা প্রকাশ করেছে। এতে বলা হয়, ‘টয়লেট পেপার হাতে দেওয়ায়’, ‘লুকোচুরি খেলতে গিয়ে’ ও ‘মুখমণ্ডল ধৌত করতে গিয়ে’ কারও কারও মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্ত প্রতিবেদন ও মৃত ব্যক্তিদের স্বজনদের কথা ভিন্ন। একজন বন্দীর ময়নাতদন্ত প্রতিবেদনে দেখা যায়, বুকে ধারালো অস্ত্রের আঘাতে তার মৃত্যু হয়েছে। অথচ কর্তৃপক্ষ বলেছে ‘বুকে ওঠা ফুসকুড়ি আঙুলে চেপে গলানোর পরিণতিতেই মৃত্যু হয়েছে লোকটির’। বিখ্যাত লেখক ছি চংগুয়াই চার বছর ধরে কারাবন্দী ছিলেন। সরকারের দুর্নীতির কথা প্রকাশ করে দেওয়ায় তাঁকে কারাদণ্ড দেওয়া হয়। কারাগারে ছিকে নির্দয়ভাবে পেটানো হতো। নিরাপত্তা কর্মকর্তারা প্রাণনাশের হুমকি দিতেন। গত জুনে তাঁর মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু এর কয়েক সপ্তাহ আগে একই অভিযোগে আবারও সাজা দেওয়া হয় তাঁকে। এখন ছিকে আগামী আট বছর কারাগারে কাটাতে হবে। ১৯৮৯ সালে বেইজিংয়ের তিয়েন আনমেন স্কয়ারে গণতন্ত্রকামীদের ওপর সেনাবাহিনীর গুলিবর্ষণের ঘটনার পর থেকে আর চীনে এ রকম জোরদার রাজনৈতিক দমন-পীড়ন দেখা যায়নি। তবে গত এপ্রিলে কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী এক হাজারের মতো প্রটেস্ট্যান্টকে (যাঁদের মধ্যে ছিলেন কিছু যাজক) গৃহবন্দী করা হয়। ধর্মীয় সমাবেশ ঠেকাতেই তাঁদের বন্দী করা হয়। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের গবেষক ফেলিম কাইন বলেন, ‘চীনে এক দশকের বেশি সময়ের মধ্যে সবচেয়ে খারাপ পরিস্থিতি চলছে এখন। সরকার আইনের সাধারণ নিয়ম-কানুনও না মেনে সাদা পোশাকের গুন্ডাপান্ডাদের দিয়ে এসব করছে।’চীনে কঠোর সরকারি নিয়ন্ত্রণ ও দমন-পীড়ন নতুন কিছু নয়। তবে তিয়েন আনমেন স্কয়ারের ঘটনার পর সরকারের মনোযোগ প্রতিবিপ্লব ঠেকানো থেকে সরে গিয়ে অর্থনৈতিক উন্নয়নের দিকে নিবদ্ধ হয়। এ কারণে সরকার বহির্বিশ্বে ভ্রমণের ওপর থেকে নিষেধাজ্ঞা শিথিল করে। মানবাধিকার রক্ষার আইন শক্তিশালী করা হয়। তবে পরিবর্তনগুলো দুর্বলই রয়ে যায়। কমিউনিস্ট পার্টির চূড়ান্ত লক্ষ্যই থাকে সবার ওপরে। লক্ষ্যটি হচ্ছে অব্যাহতভাবে ক্ষমতায় থাকা। ওয়াশিংটনের সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের বিশ্লেষক চার্লস ফ্রিম্যান বলেন, ‘আপনি যখন প্রকাশ্যে সামনে এসে রাজনৈতিক সংস্কারের কথা বলবেন তখনই সরকারের আসল রূপ বেরিয়ে আসবে।’তিয়েন আনমেন হত্যাযজ্ঞের পর যুক্তরাষ্ট্রে পালিয়ে যাওয়া কমিউনিস্ট পার্টির সাবেক কর্মকর্তা গাও ওয়েনছিয়ান বলেন, ‘ওয়েইওয়েই আসলে মুক্ত নন। বলতে পারেন, ছোট কারাগার থেকে বেরিয়ে বড় কারাগারে ঢুকলেন তিনি। ওয়েইওয়েইয়ের গলায় একটি ছুরি ধরা আছে। সরকারের সমালোচনা করা চালিয়ে গেলে ওই ছুরি গলায় নেমে আসবে।’ যতই অদম্য হোন, সরকারের আচরণ দৃশ্যত ভড়কে দিয়েছে এই শিল্পীকে। গৃহবন্দিত্ব থেকে মুক্তি পাওয়ার পর তিনি সাংবাদিকদের বিশেষ কিছু বলেননি। তাঁর চেহারায় ছিল ক্লান্তি ও ভীতির ছাপ। কারাগারে সরকারের লোকজন দুর্ব্যবহার করেছে কি না—এ প্রশ্নের জবাবে ওয়েইওয়েই বলেছেন, ‘আমি এ ব্যাপারে কিছুই বলতে পারব না, দুঃখিত।’ চীন সরকার এই মুহূর্তে ওয়েইওয়েইর কণ্ঠরোধে সফল হয়েছে মনে হলেও তাঁর আগের কথা এখনো ধ্বনিত হয়। ২০০৯ সালের নভেম্বরে নিউজউইকে এক নিবন্ধে ওয়েইওয়েই লিখেছিলেন, ‘চীনে সরকারের তথ্য না প্রকাশ করার দীর্ঘ ইতিহাস রয়েছে। তাই জনগণের জন্য আসল তথ্য জানা দুরূহ হয়ে দাঁড়ায়।’ সরকারের নিরাপত্তা বাহিনীর হাতে জীবন বিপন্ন করা মারধরের পর লেখা ওই নিবন্ধে তিনি লিখেছিলেন, ‘জনগণের মৌলিক নিরাপত্তা না থাকলে চীনের অর্থনীতি শক্তিশালী হতে থাকলেও কিছু আসে-যায় না।’ মাহফুজার রহমান, নিউজউইক থেকে